আসছে এক দফার আন্দোলন, নির্দলীয় সরকারের রূপরেখাও দেব: ফখরুল
“আমরা নিশ্চিত করে বলতে পারি, জনগণের অভ্যুথানে নিরপেক্ষ নির্বাচনের দাবি মানতে বাধ্য হবে। আমরা বলতে চাই, তাদেরকে যেতেই হবে।”
আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে চূড়ান্ত আন্দোলনের যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনকালীন নির্দলীয় সরকার কেমন হবে, তার একটি রূপরেখাও বিএনপি দিতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস বাকি থাকতে রোববার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিজেদের পরবর্তী কর্মপন্থা জানান বিএনপি মহাসচিব।
নির্দলীয় সরকারের অধীনে না হলে দশম সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে রেখেছে বিএনপি। সেই লক্ষ্যে এখন ১০ দফার আন্দোলনে রয়েছে তারা।
এই আন্দোলনের চূড়ান্ত পর্যায় কবে- এক সাংবাদিকের প্রশ্নে ফখরুল বলেন, “আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আন্দোলনে আছি, মূলত একদফার আন্দোলনেই আছি।”
“এটা একেবারে আনুষ্ঠানিকভাবে আসবে। তা খুব শিগগিরই দেখতে পারবেন.. শিগগিরই,” জোর দিয়ে বলেন তিনি।
ঈদের পর আন্দোলন জোরদারের কথা জানিয়ে ফখরুল বলেন, “যারা আমাদের সঙ্গে একসাথে যুগপৎ আন্দোলন করছেন, তাদের সঙ্গে কথা বলছি। তাদের সাথে আলোচনা করে আন্দোলনকে আরও বেগবান করব।”
বিএনপি দাবি করে এলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, বর্তমান সংবিধান অনুযায়ী নির্দলীয় সরকার আনার কোনো সুযোগ নেই। আর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আদালতের রায়েই বাতিল হয়েছে।
আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না- এমন দাবি করে আসা ফখরুল বলেন, “সার্বিক অবস্থার প্রেক্ষিতে আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নিয়ে এসেছি।
“(সংবিধান) সংশোধনীর উপর আলোচনা করছি, পরবর্তীতে সকলের সাথে আলোচনার মাধ্যমে একটা রূপরেখা আসবে বলে আমরা আশা করছি।”
আন্দোলনের রূপরেখা কবে নাগাদ আসছে- প্রশ্ন করা হলে তিনি বলেন, “দেখেন রমজান কিংবা ঈদ বলে কোনো জিনিস নেই। ওটা অন্য ব্যাপার। আন্দোলনের ক্ষেত্রে রমজান বা ঈদ কোনো বিষয় না।
“রূপরেখা বলেন, যা বলেন, সবই আসবে। অস্থির হবেন না। আপনাদের খবর পেলে ভালো হয়, কিন্তু আমাদের তো কৌ্শল আছে। আমরা আমাদের মতো করে যেতে চাই।”
সম্প্রতি অনুষ্ঠিত সিটি নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচনে তো সবসময় একটা প্রতিপক্ষ থাকবে। সেই প্রতিপক্ষই তো নাই। এসব তো ওয়ান সাইডেড, একতরফা। আমরা বলি ওয়াকওভার। এটা নির্বাচন-নির্বাচন খেলা … এই তো।”
ফখরুল ঈদ উদযাপনসহ দলীয় কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার নিজের এলাকা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। এবার ঈদে ঢাকায় থাকছেন না বলে আগেভাগেই সাংবাদিকদের সঙ্গে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাতে গুলশানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘সরকারের হাতে এখনও সময় আছে’
বিএনপির দাবি মেনে নিতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “এখনও সময় আছে, তাদের শুভ বুদ্ধি উদয় হোক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারা একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করা, এর আগে তাদের পদত্যাগ করা।
“এই সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে কোনোমতেই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে না। সেজন্য আমাদের বক্তব্য পরিষ্কার, এই সরকারকে পদত্যাগ করতে হবে, সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে কনসেনসাসের ভিত্তিতে নিরপেক্ষ সরকার, যেটা আমরা নির্বাচনকালীন সময়ের সরকার বলছি, সেটা করতে হবে।”
দেশের বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আগেকার দিনগুলোতে কি উৎসবের মতো পোস্টার-টোস্টার দিয়ে সকাল বেলা রান্না-বান্না করে ভোট দেওয়ার জন্য মানুষ প্রস্তুতি নিত। আর এখন ভোটের আশে-পাশে কেউ নাই।
“কারণ কী? এখানে ভোট দিয়ে লাভ নাই, ভোট দিলে উল্টো দিকে চলে যায়। এই এক কঠিন অবস্থা। এই একটা অবস্থার মধ্যে আমরা কী করে আশা করতে পারি যে, এখানে এই সরকার থাকবে আর সেখানে সুষ্ঠু ভোট হবে।”
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে বিদেশিদের ‘চাপ’র বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, “তার মানে হচ্ছে যে, সরকার নেই। সেন্ট মার্টিন না দিলে যদি আপনার ক্ষমতায় না থাকা হয়, তাহলে তো নাই। বলেছেন যে, উনি দেবেন না। তাহলে উনি নাই। আবার উনি গ্যাস বিক্রি না করলে থাকা যাবে না। তাহলে উনি নাই। মানেটা তো সেটাই দাঁড়ায়।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ধরে তিনি আরও বলেন, “আসলে এই বক্তব্যটা উনার (প্রধানমন্ত্রী) নিজের, উনার, উনার দলের। আমাদের তো সেটা না।
“এমন এক পর্যায় চলে গেছে যে, সমগ্র দেশের মানুষ না আন্তর্জাতিক গণতান্ত্রিক বিশ্ব বলতে বাধ্য হচ্ছে যে, তোমার এখানে মানবাধিকার নেই, তোমার এখানে গণতন্ত্র নেই। আমরা মনে করি যে, দেয়ার ইজ দ্য ট্রুথ।”
এই প্রসঙ্গে দেশের সাংবাদিকদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “ওদেরটা (বিদেশি) আপনারা বেশি শোনেন আরকি। আমরা গত ১২ বছর ধরে বলছি, চিৎকার করছি, আমাদের ৬শ মানুষ গুম হয়ে গেল, সম্প্রতি রাস্তায় ১৭ জন নেতা-কর্মী গুলি খেয়ে মারা গেল। তখন কিন্তু সেটাকে আপনারা গুরুত্ব দেন না।
“যতক্ষণ পর্যন্ত গার্ডিয়ানে লেখা না হবে, স্টেটসম্যানে না লেখা হবে, বিবিসি-ভয়েস অব আমেরিকায় না বলা হবে, ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করতে চান না। তবে আরেকটা কারণ হচ্ছে আপনারা (বাংলাদেশের সংবাদ মাধ্যম) এমন একটা যাঁতাকলে পড়েছেন, যেটা বাস্তবতা, আপনারা সব কথা বলতে পারেন না, লিখতে পারেন না, দেখাতে পারেন না।”
ডিজিটাল নিরাপত্তা আইনসহ নিবর্তনমূলক নানা আইনের সমালোচনাও করেন তিনি।
সরকারের দমননীতির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “এত কিছুর পরও তাদের (সরকার) কোনো পরিবর্তন হয় নাই। গতকালই লাকসামে আমাদের কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের বাড়িতে রাত্রি ১০টায় ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ ৪/৫ শতাধিক নেতা-কর্মী সশস্ত্র অবস্থায় হামলা চালিয়ে বাড়িঘর ভেঙে দিয়েছে, সব কিছু লুটপাট করেছে।
“একদিকে নেতা-কর্মীদের উপর ওরা হামলা করছে। আরেকদিকে আমাদের দলের পটেনশিয়াল ক্যানডিডেটদের তুলে নিয়ে যাওয়া, ভয় দেখানোর কাজ করছে। শুধু তাই নয়, যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাদেরকে বাধ্য করছে সেখান থেকে রিজাইন করতে।”
তিনি বলেন, “আপনি কীভাবে আশা করেন যে এখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এখানে নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হবে না। আমরা নিশ্চিত করে বলতে পারি, জনগণের অভ্যুথানে নিরপেক্ষ নির্বাচনের দাবি মানতে বাধ্য হবে। আমরা বলতে চাই, তাদেরকে যেতেই হবে। একটা কেয়ারটেকারের ব্যবস্থা করে ক্ষমতা ছেড়ে দিতেই হবে।”
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া
মির্জা ফখরুল বলেন, “গতকাল উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আওয়ামী লীগ না থাকলে না কি দেশের উন্নতি হয় না। কোথায় উন্নতি? একটু দেখেন। উড়াল সড়ক, টানেল… আজকে কাঁচা মরিচের দাম তিনশ টাকা পার হয়ে গেছে।
“আপনি দেখেন ট্রাফিক কনট্রোল হয় না, জিনিসপত্রের দাম কমানোর ব্যবস্থা নাই, আপনার জীবনের কোনো নিরাপত্তা নাই। ঢাকা শহরের বেশিভাগ গাড়ির মালিক হচ্ছে অন্য ধরনের মানুষরা, যারা আইন নিয়ন্ত্রণ করে, তারাই না কি এই গাড়িগুলোর মালিক বেশিরভাগ ক্ষেত্রে।”
রিজার্ভের অর্থ খরচ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, সিপিডি এরা বিভিন্ন সময়ে রিপোর্ট করেছে, সেখানে পরিষ্কার দেখা গেছে যে, আসলে রিজার্ভের টাকাটা যেটা করেছে … সেটা হচ্ছে যে ইম্পোর্ট কস্ট দেখিয়ে বেশি করে ওয়ার ইনভেয়স করে টাকা বের করে নিয়ে চলে গেছে।
“আর রিজার্ভের টাকা থেকে লোন (আইডিএফ) দেওয়া হয়েছে। সেটা রিজার্ভের টাকা থেকে খরচ করতে পারে না। এভাবে তারা (সরকার) রিজার্ভ থেকে টাকা বের করে নিয়ে নিজেরাই পাচার করেছে।”
মির্জা ফখরুল বলেন, “অর্থনীতি ভালো এই ধরনের মিথ্যাচার তো তারা ক্রমাগত করে চলেছে। মানুষকে বোকা বানিয়ে ভুল বুঝিয়ে বলা যে, অর্থনীতি খুব শক্ত আছে, ভালো আছে, সবল আছে। দেশের অর্থনীতিবিদদের সাথে কথা বলেন, তারা সবাই বলবেন, দেশে অর্থনৈতিক সংকট চলছে।
“আপনি আমদানি করতে পারছেন না, ব্যাংক থেকে টাকা পাচার হয়ে চলে গেছে। জনগণের যে ন্যূনতম পণ্য সামগ্রী চাল-ডাল-তেল .. সেইগুলোর মূল্য কমিয়ে আনার জন্য কোনো কার্যকর কাজ করতে পারছেন না। ইনফ্লাশন কমানোর জন্য কোনো কার্যকর পদক্ষেপ নাই।”
ব্যাংকে পরিচালক হিসেবে টানা ১২ বছর থাকার সুযোগ দেওয়া নিয়ে তিনি বলেন, “কার ইঙ্গিতে, কার হুকুমে এটা হল? এই দেশ কীভাবে চলে, আমরা জানি না। সরকারি দলের পক্ষ থেকে প্রস্তাবই করা হয় নাই। হঠাৎ করে দেখলাম একজন সদস্য বললেন, সরকার মেনে নিল।
“যে কারণে আমরা দেখতে পাচ্ছি, এই সরকারের সাধারণ জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই। তাদের দায়বদ্ধতা শুধু যারা লুট করছে, বিদেশে অর্থ-বিত্ত তৈরি করছে, তাদের কাছে।”
সুইস ব্যাংক থেকে বাংলাদেশের একাউন্টধারীদের অর্থ তুলে নেওয়ার প্রসঙ্গ ধরে ফখরুল বলেন, “টাকা-পয়সা যাদের বেশি আছে, তারা টাকা কোথায় রাখছে, কেউ জানে না। এরা আবার এখন সুইস ব্যাংক থেকে সব টাকা বের করে এনেছে? এসব টাকা কোথায় যাচ্ছে, তা আমরা জানি না। এটা সত্য যে সুইস ব্যাংকের টাকা বেরিয়ে আসছে।”
