আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: গুম, খুনের বিচার চেয়ে সমাবেশ করবে জামায়াত জোট
“কোনো দলের বিরুদ্ধে না, আমাদের প্রোগ্রাম বিচারের দাবিতে, ফ্যাসিবাদের উত্থানের প্রতিবাদে।”
কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানীতে সমাবেশ ডেকেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
রাজধানীর বিজয়নগরে এই কর্মসূচি হবে মঙ্গলবার বিকাল ৫ টায়। এতে বিরোধী দলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ জোটের অন্যান্য শীর্ষনেতারা উপস্থিত থাকবেন।
সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে এক প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচির কথা জানিয়েছেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান বলেন, “আমাদের কর্মসূচি কোনো দলের বিরুদ্ধে নয়, আমাদের কর্মসূচি ফ্যাসিস্ট আমলে সংঘটিত গুম, খুন, হত্যাকাণ্ডের বিচারের দাবিতে।
‘মূল দাবি ফ্যাসিবাদি আমলের যেসব গুম, খুন, গণহত্যা হয়েছে সেগুলোর বিচারের দাবিতে এই সমাবেশ হবে।”
বিচার প্রক্রিয়ায় ‘শিথিলতার’ কারণে ‘ফ্যাসিবাদের উত্থান’ হচ্ছে অভিযোগ করে হামিদুর রহমান আযাদ বলেন, “ফ্যাসিবাদের উত্থানে যদি সরকার সমর্থন দেয় তাহলে জনগণ কিন্তু মানবে না।”
পরে আরেক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, “নিষিদ্ধ যাদের কার্যক্রম আছে, তারা যদি কার্যক্রম করতে চায় এই দায়িত্ব সরকারের-- আমাদের প্রোগ্রাম কোনো দলের বিরুদ্ধে না, আমাদের প্রোগ্রাম বিচারের দাবিতে, ফ্যাসিবাদের উত্থানের প্রতিবাদে।”
জামায়াত-জোটের এই সমন্বয়ক বলেন, মঙ্গলবারের কর্মসূচির পর আগামী ৪ জুলাই সারা দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে করবে ১১ দলীয় ঐক্য।
ব্রিফিংয়ের আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়।
বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ আরও কয়েকজন ছিলেন।
হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, আগামী ২৫ জুন লিয়াজোঁ কমিটি বসবে এবং জুলাই-আগস্ট আন্দোলনের দুই বছর উপলক্ষ্যে ছত্রিশ দিনের কর্মসূচি জানানো হবে।
ব্রিফিংয়ে জামায়াতের সাবেক এই এমপি জানিয়েছেন, সোমবার রাতে জোটের শীর্ষনেতারা বৈঠক করেন।
মগবাজারের আলফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত শীর্ষনেতাদের বৈঠকে আগামী দিনের কর্মসূচি, স্থানীয় সরকার নির্বাচনসহ চলমান বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার দুপুরে জোটের অন্যতম একজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা নিয়মমাফিক রাজপথে ও সংসদে সক্রিয় থাকবে। রাজপথে কর্মসূচিগুলোয় ‘জনদুর্ভোগ’ এড়ানো যায় কিভাবে, সে চিন্তাও নেতাদের মধ্যে চলছে।
তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের কর্মসূচি নির্ধারণের আগে শীর্ষনেতাদের আবার বৈঠক হবে। সেই বৈঠকের পরই লিয়াঁজো কমিটি নতুন করে সব জানাবে।”
