১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান সরকার পতিত সরকারের ‘ছেঁড়া জুতা পায়ে দিয়ে হাঁটার’ চেষ্টা করছে: সাইফুল হক

“গণঅভ্যুত্থানে যুবারা অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিল, গত এক বছরে তা হতাশায় পর্যবসিত হয়েছে,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 09:47 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

অন্তর্বর্তী সরকার পতিত আওয়ামী লীগ সরকারের ‘ছেঁড়া জুতা পায়ে দিয়ে হাঁটার’ চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, “ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানে তরুণ যুবারা দ্রোহের যে আগুন জ্বেলে দিয়েছিলেন গত ১৪ মাস ধরে সরকার তাতে কেবল পানি ঢেলে চলেছে।  

“তরুণ যুবারা ধারাবাহিকভাবে প্রতারিত হয়ে আসছে।”

শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিপ্লবী যুব সংহতি আয়োজিত জাতীয় যুব কনভেশনে সাইফুল হক বক্তব্য রাখছিলেন বলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তিনি বলেন, “গণঅভ্যুত্থানে যুবারা অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিল, গত এক বছরে তা হতাশায় পর্যবসিত হয়েছে। গত এক বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনার অনেকখানি খেয়ে ফেলেছে।”

অনেকেই তরুণদের ব্যবহার করেন, কিন্তু তাদের অধিকার দিতে চান না মন্তব্য করে সাইফুল হক বলেন, “নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতেই তারা যুবশক্তিকে মবসন্ত্রাসহ নানা অপকর্মে ব্যবহার করে আসছে।”

এই অবস্থার পরিবর্তনে তিনি তরুণ যুবশক্তিকে রাজপথে জেগে থাকার আহ্বান জানান। তিনি আশা করেন, তরুণ যুবারা কোনোভাবেই তাদের প্রতিবাদ প্রতিরোধের আত্মাকে নষ্ট হতে দেবে না।

সরকারকে তাদের জানা অজানা এজেন্ডা গুটিয়ে এনে বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারিতে অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানেই যাবতীয় মনোযোগ কেন্দ্রীভূত করার আহবান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রধান।

সবাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন ঝুঁকিতে পড়লে দেশ অভূতপূর্ব বিপদের মধ্যে নিক্ষিপ্ত হবে।”

জাতীয় যুব কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বাবর চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মীর রেজাউল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশরেকা অদিতি হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কৃষক নেতা আনছার আলী দুলাল, শ্রমিক নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম।

সারা দেশ থেকে আট শতাধিক যুব প্রতিনিধি দিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ‘যুব অধিকার ও ইনসাফ’ প্রতিষ্ঠায় জাতীয় যুব কনভেনশনের ঘোষণা ও দাবিনামা গ্রহণ করা হয়।

উদ্বোধনী অধিবেশনের পর একটি শোভাযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে হাইকোর্ট, তোপখানা রোড, পুরানা পল্টন, বিজয়নগর হয়ে আবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এসে শেষ হয়।