২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

অবরোধের প্রথম দিন আওয়ামী লীগের ব্যস্ততা মিছিল-অবস্থান কর্মসূচিতে

মঙ্গলবার সকাল নয়টার পর থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 07:01 PM

Updated : 31 Oct 2023, 07:01 PM

নাশকতা ঠেকাতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়সহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং পাড়া মহল্লায় সতর্ক অবস্থান নিয়ে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন পার করলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল নয়টার পর থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়ে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, মহিউদ্দিন আহমেদ মহিসহ মহানগরের নেতাকর্মীদের সেখানে অবরোধের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে।

গত শনিবার সংঘাতের পর রোববার হরতাল করে তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। পরে জামায়াতও অবরোধের কর্মসূচি দেয়। এর পাল্টায় আওয়ামী লীগও মাঠে থাকার ঘোষণা দিয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির অবরোধ কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগ শান্তি সমাবেশ ও সতর্ক পাহারায় থাকবে বলে জানান।

ওই বিজ্ঞপ্তি আবারও গণমাধ্যমে পাঠানো হয় মঙ্গলবার বিকালে, যেখানে বলা হয়, “বিএনপি-জামায়াত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানানো যাচ্ছে।”

দলীয় এই নির্দেশনা মেনে অবরোধের প্রথম দিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেন ক্ষমতাসীন দলটির নেতাকর্মীরা। 

আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে, জনগণের জানমালের রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি, সতর্ক পাহারায় আছি।

“আর থানা-ওয়ার্ডে, পাড়া-মহল্লায় নেতাকর্মীরা সতর্ক অবস্থান নিয়ে পাহারায় আছে।”

মহানগর আওয়ামী লীগের পাশাপাশি মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ থেকে জিপিও জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ মিছিল করে যুবলীগ।

আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. তাজউদ্দিন আহমেদ, জসিম মাতব্বর, প্রচার ও প্রকাশনা সস্পাদক জয়দেব নন্দীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা মিছিলে ছিলেন।

যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী বলেন, “বিএনপি-জামায়াত দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। জনগণের জান মালের রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি, সতর্ক পাহারায় আছি।”

দুপুরে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন গুলিস্তান এলাকায়।

এখানে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

এছাড়া যাত্রাবাড়ী, মাতুয়াইল ও ডেমরা এলাকায় বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে মিছিল হয়েছে।