১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিটি ও জেলায় প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক ধারাবাহিকতায় ‘আঘাত’: জামায়াত

এভাবে প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক চর্চার ‘পরিপন্থি’, বলেছে বিরোধী দল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 07:58 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

সিটি করপোরেশন ও জেলা প্রশাসক নিয়োগকে ‘অগ্রহণযোগ্য’ বলে তুলে ধরে জামায়াতে ইসলামী বলেছে, এর মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে ‘সুবিধা নেওয়ার প্রেক্ষাপট’ তৈরি হয়েছে। 

সংসদের বিরোধী দল জামায়াত বলছে, এভাবে প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক ধারাবাহিকতার ওপর ‘আঘাত’। 

মঙ্গলবার রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারের দুইটি প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ নিয়ে জামায়াতে ইসলামীর অবস্থান তুলে ধরেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার দলীয় লোকদের ১১টি সিটি করপোরেশন ও ৪২টি জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ এবং সাত বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত।

গেল ২৩ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন বিএনপি নেতাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার।

তাদের মধ্যে কয়েকজন গত সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছে। কয়েকজন দলের মনোনয়ন চেয়েও পাননি।

এসব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ৪ মার্চ হাই কোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী, তারা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে এসব সিটি করপোরেশনে মেয়র নির্বাচনের নির্দেশনা চেয়েছেন।

তার ১০ দিন পর ১৪ মার্চ আরও সিটি করপোরেশনে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বিএনপি সরকার।

পরদিন ৪২ জেলায় পরিষদে নতুন প্রশাসক হিসেবে দলীয় লোকদের নিয়োগ দিয়েছে সরকার।

২০২৪ সালের ৮ অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯ অগাস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক বসানো হয়। পরে আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনে বিজয়ী বিএনপির শাহাদাত হোসেন সেখানে দায়িত্ব নেন। 

একই দিন তিন পার্বত্য জেলা বাদে সব জেলা পরিষদে প্রশাসক বসানো হয়েছিল। এর মধ্যে যেসব জেলায় বিভাগীয় শহর পড়েছে, সেখানে প্রশাসকের দায়িত্ব পান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)। বাকিগুলোতে জেলা প্রশাসকরা সেই দায়িত্ব পান। 

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হালিম বলেছেন, সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সাম্প্রতিক সিদ্ধান্তের মাধ্যমে সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া ‘উপেক্ষা’ করেছে, যা ‘অনভিপ্রেত’।

স্বাভাবিক নিয়মে স্থানীয় সরকার নির্বাচন হবে, জনগণের এমন প্রত্যাশা থাকার কথাও বলেন তিনি।

প্রশাসক নিয়োগে দলীয় বিবেচনার প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে তুলে ধরে বিরোধী দলের এই নেতা বলেন, “জাতীয় নির্বাচনে পরাজিত প্রার্থী ও দলের সুবিধাবঞ্চিত ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা জনমতের প্রতিফলন নয়।

“সরকারের এ ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক ধারাবাহিকতার ওপর আঘাত হেনেছে ও জুলাইয়ের স্পিরিটকে ব্যাহত করেছে।”

সরকার এই সিদ্ধান্তকে দীর্ঘদিনের ‘ফ্যাসিবাদ’ বিরোধী আন্দোলন-সংগ্রামের চেতনার পরিপন্থি বলেও মন্তব্য করেন তিনি।

জেলা পরিষদে প্রশাসক নিয়োগে দলীয় বিবেচনা প্রাধান্য পাওয়ার বিষয়টি তুলে ধরে আবদুল হালিম বলেন, “এর ফলে স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং স্থানীয় নির্বাচনে সুবিধা নেওয়ার প্রেক্ষাপট তৈরি করেছে, যা অগ্রহণযোগ্য।”

তিনি বলেন, “স্থানীয় সরকার ব্যবস্থা সচল রাখতে হলে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিনিধিদের নির্বাচিত হওয়া জরুরি। দলীয় সুবিধা অর্জনের লক্ষ্যে প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক চর্চার পরিপন্থি।”

বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) পরিবর্তনের ক্ষেত্রে যোগ্যতার পরিবর্তে দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়ায় ‘জনমনে প্রশ্ন’ তৈরি হয়েছে। 

এমনকি জাতীয় নির্বাচনে সরকারি দলের মনোনয়নপ্রত্যাশীকে ভিসি নিয়োগ করা হয়েছে দাবি করে তিনি বলেন, “এগুলো জুলাই বিপ্লবের স্লোগান ‘কোঠা না মেধা’-কে ধারণ করে না।”

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে পরিবর্তন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আবদুল হালিম।

তিনি বলেন, “দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।”

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনের প্রসঙ্গ টেনে বিরোধী দলের এই নেতা বলেন, “এ ধরনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু সরকার একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করে অতীতের নিয়মকে পদদলিত করেছে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান।

আগের খবর:

৬ সিটি করপোরেশনের প্রশাসক পদে বিএনপি নেতারা

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতারা 

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যইউজিসিতে নতুন চেয়ারম্যান