২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সব যুদ্ধাপরাধীর বিচার করতে হবে: মহিউদ্দিন

এখনও বিচারের বাইরে থাকা সব যুদ্ধাপরাধীকে ধারাবাহিকভাবে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 09:16 PM

Updated : 22 Aug 2022, 07:28 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

রোববার নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয় চত্বরে নগর আওয়ামী লীগ আয়োজিত হরতাল-নৈরাজ্যবিরোধী সমাবেশে বক্তব্যে তিনি এই দাবি করেন।

একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে দলটির ডাকা হরতালের মধ্যে এই সমাবেশ করে চট্টগ্রাম আওয়ামী লীগ।  

মহিউদ্দিন চৌধুরী বলেন, “আমরা দুর্বল নই। একাত্তরের চেয়েও বেশি শক্তি নিয়ে যুদ্ধাপরাধীদের নিশ্চিহ্ন করার জন্য সদা জাগ্রত হতে হবে।

“এখনও অনেক যুদ্ধাপরাধী বিচারের আওতায় আসেনি। তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। তবেই বাংলার মাটি পাপমুক্ত হবে।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মহিউদ্দিন বলেন, “আপনারা প্রস্তুত থাকুন। নৈরাজ্যের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিন। আমরা জনগণের রায়ে পাঁচ বছর ক্ষমতায় আছি। ইনশাল্লাহ জনগণের ভালোবাসায় আগামীতেও জাতীয় অস্তিত্ব রক্ষায় ক্ষমতায় থাকব।”

সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকরের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম সাহসী ভূমিকা পালন করে চলেছেন।

“প্রধানমন্ত্রীর সাথে সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। একে একে চিহ্নিত শীর্ষ যুদ্ধাপরাধীর বিচার ও রায় বাস্তবায়নের মধ্য দিয়ে সমগ্র বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।”

নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে নগর কমিটির সহ-সভাপতি সুনীল সরকার, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, চন্দর ধর, মুক্তিযোদ্ধা অমল মিত্র বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে মীর কাসেম আলীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে বিজয় মিছিল বের করে নগর আওয়ামী লীগ। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

জামায়াত নেতা মীর কাসেম আলীকে একাত্তরে চট্টগ্রামে সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার এই রায়ের পর আগামী বৃহস্পতিবারও হরতাল ডেকেছে জামায়াত। নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে সোমবারও তাদের হরতাল রয়েছে।