আর্থিক হিসাব দিতে দলগুলোকে আরো সময়
বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে রাজনৈতিক দলগুলোকে এক মাস সময় দেয়া হবে বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।
ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ ১৪টি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলকে তাদের বার্ষিক আর্থিক প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিতে হয়। সে অনুযায়ী দলগুলোর ২০১৩ সালের আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেয়ার বাধ্যবাধকতা ছিল।
নির্ধারিত সময়ে প্রধান দলগুলো আর্থিক হিসাব কমিশনে দিতে ব্যর্থ হয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগও তাদের হিসাব দেয়ার জন্য সর্বোচ্চ ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়ে কমিশনে আবেদন করে। এছাড়া বিরোধী দলে থাকা জাতীয় পার্টি ৩০ অগাস্ট এবং গত নির্বাচন বর্জন করা বিএনপি ১৪ অগাস্ট পর্যন্ত সময় চেয়েছে।
নিবন্ধিত ৪০টি দলের মধ্যে ১৪টি দলই সময় বাড়াতে আবেদন করে। বাকিরা নির্ধারিত সময়ে হিসাব বিবরণী জমা দেয়।
সময় বাড়ানো হচ্ছে কি না- জানতে চাইলে মঙ্গলবার জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুল মোবারক সাংবাদিকদের বলেন, “অডিট রিপোর্ট জমা দিতে এবার এক মাস সময় দেয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট দলকে জানিয়ে দেয়া হবে।”
সময় বাড়ানোর আবেদন করা ১৪টি দল হচ্ছে- আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, গণফোরাম, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ন্যাশনাল পিপলস পার্টি ও গণফ্রন্ট।
নির্ধারিত সময়ে অডিট রিপোর্ট জমা দেয়া ২৬টি দল হচ্ছে- জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), ইসলামী ঐক্যজোট, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), খেলাফত মজলিস, বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টি, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয় পার্টি, জাকের পার্টি, জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন।
আদালতের নির্দেশে নিবন্ধন অবৈধ থাকায় এবার হিসাবের তালিকায় নেই জামায়তে ইসলামী।
