স্বীকৃতি পেল পলকের ফেইসবুক পাতা
টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফেইসবুক পাতা আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে।
শুক্রবার দুপুরে পলকের নামে খোলা https://www.facebook.com/zapalak পেইজকে স্বীকৃতি দেয় ফেইসবুক কর্তৃপক্ষ।
স্বীকৃতির নিদর্শন হিসেবে এখন পাতার প্রোফাইল ছবির সঙ্গে পলকের নামের পাশে ‘নীল টিক চিহ্ন’ দেখা যাচ্ছে, যাতে মাউসের কার্সর রাখলে ‘ভেরিফাইড পেইজ’ লেখা ভেসে উঠছে।
ফেইসবুক পাতার স্বীকৃতিতে বন্ধু, ভক্ত এবং ফেইসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে একটি স্ট্যাটাসও দিয়েছেন তরুণ এই প্রতিমন্ত্রী।
বিগত সংসদ এবং এবারের মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য পলক ১৯৮০ সালের ১৭ মে নাটোরের সিংড়া উপজেলার সিংড়া বাজার এলাকায় জন্মগ্রহণ করেন।
ফয়েজ উদ্দিন আহমেদ ও জমিলা আহমেদের সন্তান পলক পাঁচ ভাই-বোনের সবার ছোট। তাদের ভাই-বোন সবার নামই চোখের প্রতিশব্দ দিয়ে-নয়ন, মণি, আঁখি, দৃষ্টি ও পলক।
এর আগে ১৯৯৯ সালে সিংড়া সরকারি জি এ ডিগ্রি কলেজ থেকে স্নাতক, ১৯৯৭ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯৫ সালে রাজশাহী বোর্ডের অধীনে সিংড়া দমদমা পাইলট স্কুল থেকে এসএসসি পাস করেন।
রাজনীতির পাশাপাশি আইন পেশায় থাকা পলক নিম্ন আদালত পেরিয়ে আইনজীবী হিসেবে হাই কোর্টেও নিবন্ধিত রয়েছেন।
