২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম না আইভি- সিদ্ধান্ত মঙ্গলবার

আওয়ামী লীগের সমর্থনের বিষয়ে সমর্থর ঘোষণার আগে আগে নির্বাচনী আচরণবিধি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 07:18 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে শামীম ওসমান এবং সেলিনা হায়াত আইভির মধ্যে মেয়র পদে কে আওয়ামী লীগের সমর্থন পাবেন- তা জানানো হবে মঙ্গলবার। তবে তার আগে নির্বাচনী আচরণবিধি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ। রোববার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, আমরা আলাদাভাবে দুই জনের সঙ্গে কথা বলেছি। "তাদের সঙ্গে আলাদা বৈঠক হয়েছে। এলকায় তাদের সম্পর্কে নেতাকর্মীদের মতামতও নিয়েছি। দুজনেই অত্যন্ত জনপ্রিয়। শেষ পর্যন্ত দল কাকে সমর্থন দেবে তা এখনই বলা যাচ্ছে না।" এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়ার আগে নির্বাচনী আচরণবিধি 'ভালোভাবে' পর্যবেক্ষণ করা হবে জানিয়ে হানিফ বলেন, "১২ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। তার আগের দিনই এর সুরাহা করা হবে।" সমর্থনের বিষয়ে ফয়সালা করতে রোববার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর বাসায় শামীম ও আইভির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গুলশানে সাজেদা চৌধুরীর সরকারি বাসভবনে এ বৈঠক চলে। সাজেদা চৌধুরী ছাড়াও সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এতে অংশ নেন। প্রথমে তারা বসেন সাবেক সাংসদ শামীম ওসমানের সঙ্গে। পরে সেলিনা হায়াত আইভির সঙ্গে কথা বলেন। বৈঠকের বিষয়ে জানতে চাইলে শামীম ওসমান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে কথা বলতে মানা আছে। ওখানে তো আমি একা ছিলাম। উনি পরে গিয়েছিলেন।" পরে কারওয়ান বাজারের টিসিবি ভবনে ওই বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহাবুবুল আলম হানিফ। এর আগে ২ অক্টোবর নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী দুই পরিবারের সদস্য শামীম ও আইভিকে নিয়ে গণভবনে বসেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেদিন কোনো সমঝোতা হয়নি। শনিবারও এ বিষয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। ৩০ অক্টোবর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আইভি এবং সাবেক সংসদ সদস্য শামীম দলের সমর্থন প্রত্যাশী। দুজনই ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এনসিসি নির্বাচনে মেয়র পদের জন্য জমা পড়া ৮ জনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আগামী ১২ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ক্ষমতাসীন দলের দুজন প্রার্থী হলে ওই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকারের জয়ের সম্ভবনা বাড়বে বলে বিরোধী দলের নেতা-কর্মীরা ধারণা করছেন। ২০০১ সালের নির্বাচনের পরই শামীম ওসমান দেশের বাইরে চলে যান। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফেরেন তিনি। প্রার্থীতার ক্ষেত্রে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাংসদ সারাহ বেগম কবরীর সমর্থন পাচ্ছেন আইভি। অন্যদিকে নারায়াণগঞ্জ-৫ আসনের মহাজোট শরীক জাতীয় পার্টির নাসিম ওসমানের সমর্থন রয়েছে তার ভাই শামীম ওসমানের প্রতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমএইচসি/জেকে/১৪৪৭ ঘ.