টাঙ্গাইল, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে এক সময়ে বিএনপি ও যুবলীগ সভা ডাকায় টাঙ্গাইলের ভূয়াপুরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
ভূয়াপুর বাসস্ট্যান্ডে শুক্রবার বিকালে উপজেলা বিএনপির পক্ষ থেকে জনসভা আহ্বান করা হলে উপজেলা যুবলীগও একই স্থানে এক সময়ে পাল্টা জনসভার ঘোষণা দেয়।
ভূয়াপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, "সম্ভাব্য গোলযোগ এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আব্দুল ওয়াদুদ ভূয়াপুর বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।"
বিএনপির জনসভায় সাবেক মন্ত্রী আব্দুল মান্নান, আহমেদ আযম খান, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তীর থাকার কা ছিলো। তবে ১৪৪ ধারার কারণে এ জনসভা হতে পারেনি। হয়নি যুবলীগের সভায়।
আগে সমাবেশের ঘোষণা দেওয়ার দাবি করে উপজেলা বিএনপির সভাপতি রমজান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জনসভার জন্য পৌর প্রশাসনের অনুমতি নেওয়া হয়। পুলিশকেও জানানো হয়। কিন্তু এরপর হঠাৎ করে যুবলীগের পাল্টা কর্মসূচি দুঃখজনক।"
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদুল হক মাসুদ বলেন, জেল হত্যার পুনঃতদন্ত ও যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে উপজেলা যুবলীগের পক্ষ থেকে ভূয়াপুর বাসস্ট্যান্ডে জনসভা ডাকা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১২ ঘ.
bdnews24