অসংলগ্ন কথাবার্তা বলা পাটওয়ারীর ‘অভ্যাস’: স্বরাষ্ট্রমন্ত্রী
“এ সমস্ত বক্তব্যের মধ্য দিয়ে তারা প্রমাণ করছে কারা জড়িত এগুলোর (ককটেল বিস্ফোরণ) মধ্যে।”
‘অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা’ বলা এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘অভ্যাস’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সংবাদ সম্মেলনে মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ও ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পাশাপাশি জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান প্রসঙ্গ আসে। মন্ত্রী এসব বিষয়ে সব প্রশ্নেরই জবাব দেন।
সংবাদ সম্মেলনের শেষদিকে ঢাকায় ঘনঘন ককটেল বিস্ফোরণের বিষয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক।
তিনি বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন—যদি ১১ দলের দাবি মেনে নেওয়া হয়, ককটেল বিস্ফোরণ বন্ধ হয়ে যাবে। এ ধরনের একটা কথা বলেছেন তিনি। রাজনৈতিক দলের সংশ্লিষ্ট থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না… এটা তো এক ধরনের স্বীকারোক্তি। ‘আমিই করছি’ বা ‘আমরা করছি’… এটা যদি অন্য সাধারণ জনগণ হতো, তাকে গ্রেপ্তার করা হতো…”
জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এনসিপি নেতা পাটওয়ারীর নাম না নিয়ে বলেন, “আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তার একটা অভ্যাস। এ বিষয়ে আমার পর্যায় থেকে কোনো মন্তব্য করা সমীচীন মনে করছি না। আপনারা অ্যানালাইসিস করুন।
“যারা বলছে ৯ দলের ৯ দফা মেনে নিলে ককটেল বিস্ফোরণ হবে না। তাতে করে কী বোঝা যায়, দাবি মানার জন্য ককটেল মারা হচ্ছে। আমি মনে হয়—৯ দল বলছি, আগে মনে হয় ১১ দল ছিল। দুই দল বেরিয়ে গেছে। পীর সাহেব, চরমোনাই পীর সাহেবের দল মনে হয় ওখানে নেই।
“আরেকটা খেলাফত মজলিস নামের আরেকটা পার্টি নাই বর্তমানে। সংখ্যা বোধ হয় ৯ এ দাঁড়িয়েছে। দফাও ৯টা। এখন ওই ৯ দফা মেনে নিলেই আর কোনো টুসঠাস হবে না এইতো?”
এটাই তো তার বক্তব্য—প্রশ্ন রেখে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ সমস্ত বক্তব্যের মধ্য দিয়ে তারা প্রমাণ করছে কারা জড়িত এগুলোর মধ্যে। আপনারা বিশ্লেষণ করবেন।
“আমি কোনো ওই লেবেলের লোকের ভারসাম্যহীন এবং অসংলগ্ন কথাবার্তার জবাব দিতে চাই না।”
