Published : 24 Jun 2025, 01:16 AM
রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় রূপায়ণ টাওয়ারের সামনের সড়কে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কারও আহত হওয়ার তথ্য নেই পুলিশের কাছে।
সোমবার মাঝ রাতের কিছু আগে সড়কের মাঝখানে যখন এ হাতবোমার বিস্ফোরণ ঘটে তখন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বহুতল ওই ভবনের নিচতলায় দাঁড়িয়ে ছিলেন বলে দলের সদস্যরা বলছেন।
এটিকে আখতারের ওপর হামলাচেষ্টা হিসেবেও দাবি করেছেন দলের সদস্যরা। এর প্রতিবাদে রাত ১২টার দিকে বাংলা মোটর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর ঘটনাস্থলের কাছাকাছি থাকা পুলিশের একটি দল সেখানে গেছে।
”এটা ককটেল, না কি পটকাজাতীয় কিছু তা এখনো নিশ্চিত নয়। আশপাশের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করেছে পুলিশ।”
এনসিপির যুগ্ম সচিব (দপ্তর) সালেহউদ্দীন সিফাত মধ্যরাতে তার ফেইসবুক পাতায় লেখেন, “কিছুক্ষণ আগে এনসিপি অফিসের ভবনের সামনে অজ্ঞাতনামা কেউ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। অফিসের নিচে তখন সদস্য সচিব আখতার হোসেন দাঁড়িয়েছিলেন।
“আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সন্ত্রাসীকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চাওয়া পতিত স্বৈরাচারী সন্ত্রাসীগোষ্ঠী ও এর সকল সন্ত্রাসী অংশীদারদের নিরস্ত্র করতে ব্যর্থ হলে, ম্যাজিস্ট্রেসির দায়িত্বে নিয়োজিত সেনা ও নাগরিকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদেরকে এই ব্যর্থতার দায় নিতে হবে।”
দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহসহ অনেকে এ পোস্ট শেয়ার করেছেন।
দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের অভিযোগ, এনসিপির নিবন্ধন ইস্যুতে দলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। মানুষ অফিসে আসা শুরু করেছেন। সেজন্য ভয় ও আতঙ্ক তৈরির জন্য এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এই হামলার ঘটনায় রাতেই রমনা থানায় একটি মামলা করা হবে বলে জানান আরেক নেতা সালেহ উদ্দিন সিফাত।