Published : 13 Jan 2024, 09:11 PM
দুস্থ ও ভাসমান শীতার্ত মানুষের মধ্যে দেশব্যাপী কম্বল বিতরণ শুরু করেছে যুবলীগ।
শনিবার বনানী মডেল স্কুল মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, “যুবলীগ গণমানুষের সংগঠন। আমাদের রাজনীতি আপনাদের জন্য। যুবলীগ শুধু ভোটের সময় আপনাদের কাছে ভোট চাইতে আসে না, ভোটের পরেও আমরা আপনাদের কাছে ছুটে আসি।”
দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের কষ্ট হচ্ছে জানিয়ে তিনি বলেন, “বর্তমান সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ এই দ্রব্যমূল্য আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা।”
অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, “আমরা বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ শীতবস্ত্র বিতরণ বা ত্রাণ দেওয়ার লোক পাবে না, প্রতিটি মানুষ শিক্ষা-দীক্ষায় স্বয়ংসম্পন্ন হবে।
“কোনো শিক্ষিত মানুষ বেকার থাকবে না, অলস বসে থাকবে না, মানুষ কাজ করে খাবে, সবারই কর্মসংস্থানের ব্যবস্থা হবে। প্রতিষ্ঠিত হবে ক্ষুধা-দারিদ্র মুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ।”
যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. হাবিবুর রহমান পবন, মৃনাল কান্তি জোদ্দার, মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দীও এ সময় বক্তব্য রাখেন।