১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর: সালাহউদ্দিন

“শনিবার নির্বাচনের অফিসগুলো খোলা থাকবে, সেদিনই ভোটার হওয়া এনআইডি কার্ডসহ যা কিছু আছে তা তিনি ২৭ তারিখে করবেন।"

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর: সালাহউদ্দিন
তারেক রহমান. ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 07:50 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

দীর্ঘ সতের বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে আসার পর আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “২৫ তারিখে দেশে আসবেন এরপর তিনি (তারেক রহমান) ২৭ ডিসেম্বর ভোটার হবেন।”

সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।

সিইসির সঙ্গে সালাহউদ্দিন বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও দলটির নির্বাচন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া।

বৈঠকে ইসি আব্দুর রহমানেল মাছউদ ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। 

সালাহউদ্দিন বলেন, মনোনয়ন পত্রের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে নিয়ে প্রধান নির্বাচন কমিশনানের সঙ্গে আলোচনা হয়েছে। 

তিনি বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকার। আমরা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু চাই। আমরা আশা করি নির্বাচনের পরিবেশ ও পরিস্থিতির ক্রম উন্নতি হবে।"

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার তালিকাভুক্ত হয়েছেন, কেবল তারাই আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।

তবে এরপরও যে কোনো ব্যক্তিকে নিবন্ধন করে ভোট দেওয়ার বা প্রার্থী হওয়ার সুযোগ ইসি দিতে পারে বলে সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন। 

২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মত ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। তারেক রহমান তখন ছিলেন কারাগারে। ২০০৮ সালে কারামুক্তির পর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর আর দেশে না ফেরায় এনআইডিও পাননি। তবে চব্বিশের অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার স্ত্রী জুবাইদা রহমানে দেশে এসে ভোটার হয়েছেন।

তারেক যে পাসপোর্ট নিয়ে লন্ডনে গিয়েছিলেন, তার মেয়াদ শেষে আওয়ামী লীগ আমলে আর নবায়ন করা হয়নি। তিনি ব্রিটেন রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলেও শোনা গিয়েছিল, যদিও বিএনপির পক্ষ থেকে কখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।   

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে যেদিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হল, সেদিনই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেককে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর গত সাত বছর ধরে লন্ডন থেকে ভিডিও কলেই তিনি দল চালাচ্ছেন। 

এরপর ৫ অগাস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি সাজা মওকুফ করে খালেদা জিয়াকে পুরোপুরি মুক্তি দেন। পরে উচ্চ আদালতও তাকে দুর্নীতির অভিযোগ থেকে খালাস দেয়। আওয়ামী লীগের আমলে দেওয়া বিভিন্ন রায়ে তারেকেরও সাজা হয়েছিল। সেসব মামলায় তারেকও খালাস পান। তাতে তার দেশে ফেরার ক্ষেত্র প্রস্তুত হয়।

এর মধ্যে বিএনপি ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করে। সেখানে জানানো হয়, বগুড়া-৬ আসনে প্রথমবারের মত ভোট করবেন তিনি। 

ওই ঘোষণার পর তারেকের দেশে ফেরার সম্ভাবনা জোরালো হয়। এর মধ্যে গত ১২ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে আসবেন।

দেশে ফেরার প্রস্তুতিতে এক দিনেই লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে ট্রাভেল পাস পেয়ে গেছেন তারেক রহমান।

বৈঠকে আরও যা বলেছে বিএনপি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ সময় রয়েছে ২৯ ডিসেম্বর। জমার সময় মনোনয়নপত্রের সঙ্গে হলফনামাসহ একগুচ্ছ প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য দিতে হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ অনুচ্ছেদে শুধু মামলার বিষয়ে তথ্য দেওয়ার কথা বলা রয়েছে। যে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা থেকে থাকলে আগে সেটার তথ্য দেওয়া, এখানে জামিননামার আদেশের কোনো সার্টিফাইড কপি দিতে হবে এরকম কোনো বিধান নেই।

তিনি বলেন, গত ‘ফ্যাসিবাদী’ আমলে বিএনপির মনোনয়ন পাওয়া অধিকাংশ প্রার্থীর বিরুদ্ধে ‘গায়েবি মামলা’ রয়েছে। সাধারণ জনগণের বিরুদ্ধে ও সাংবাদিকদের বিরুদ্ধেও কয়েকশ করে ‘গায়েবি মামলা’ রয়েছে। সেই মামলাগুলোর হদিসই এখনও করা যায়নি অনেকগুলো মামলার।

“সেইজন্য আমরা বলেছি যাতে মনোনয়নপত্রে ফৌজদারি মামলার তালিকা অর্থাৎ আরপিও অনুসারে তথ্যটাই যথেষ্ট; সার্টিফাইড কপি এগুলো যেন না চাওয়া হয়।”

তিনি বলেন, অভিযুক্তের ক্ষেত্রে মনোনয়নপত্রে তথ্য চাওয়া হয়েছে। কখনও ফৌজদারি মামলায় অভিযুক্ত হলে ‘হ্যাঁ’/ ‘না’ বলে দেওয়া হচ্ছে। যে সমস্ত মামলায় অভিযুক্ত ‘ফ্রেমিং অব দি চার্জ বাই দি কোর্ট’ এই শব্দটা আছে, যে আদালত কর্তৃক অভিযোগ গঠনের ক্ষেত্রে অর্থে সেটা যেন গণ্য করা হয়। তাছাড়া হাজার হাজার মামলায় কে-কার বিরুদ্ধে এফআইআর দিল, কে কার বিরুদ্ধে ‘কমপ্লেইন কেস’ করলো এগুলো সব চলে আসবে।

সালাহউদ্দিন বলেন, “উনারা (ইসি) এটা পরীক্ষা করে দেখছেন; এটা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবেন।”

প্রার্থী অথবা এজেন্টের অর্থ ব্যয়ের ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিষয়ে সালাহউদ্দিন বলেন, “আমরা বলেছি যে প্রথমে একজন প্রার্থী নির্বাচনি চিফ এজেন্ট অথবা এজেন্ট নিয়োগের বিষয়টি আসবে যখন মার্কাটা দেওয়া হবে, সেটা জানুয়ারির ২০ তারিখ, ২১ তারিখের দিকে। তার আগ পর্যন্ততো প্রার্থীর নিজেকেই ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে হবে। 

“সেজন্য আমরা বলেছি প্রথমে প্রার্থী অথবা নির্বাচন এজেন্ট, এটা খুবই সিম্পল কারেকশন, এটা উনারা করবেন।”

মনোনয়নপত্র জমার শেষ দিন ২৯ ডিসেম্বর হওয়ায় খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

 পুরনো খবর

'তারেক ভোট করতে পারবেন যদি ইসি চায়'