Published : 01 Sep 2025, 11:58 AM
আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।
দেশীয় চিকিৎসার ওপর ‘আস্থা থাকলেও’ নিরাপত্তাজনিত কারণে তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন বলে জানিয়েছেন রাশেদ খান।
সোমবার ফেইসবুকে এক পোস্টে নুরের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন রাশেদ খান।
রাশেদ খান লিখেছেন, "গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে পরবর্তীতে স্থায়ী ড্যামেজের সম্ভাবনা থাকবে। কারণ আঘাত লেগেছে দুই চোখে এবং নাকের হাড় ভেঙে গেছে। এটা সেনসিটিভ স্থান। উন্নত চিকিৎসা ছাড়া বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে।"
নিরাপত্তাজনিত কারণে নূরকে বিদেশে নেওয়া প্রয়োজন জানিয়ে রাশেদ খান লিখেছেন, "বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে। কিন্তু নানা কারণে বাংলাদেশে নুরুল হক নুরের চিকিৎসায় নিরাপত্তা ঝুঁকি আছে। তাকে সুস্থ দেখানোর জন্য অপ্রাণ চেষ্টা করা হবে। কিন্তু কিভাবে মুখে ও মাথায় আঘাত করা হয়েছে, তা দেশবাসী দেখেছেন। এই হামলার পিছনে কোন বড় ধরনের পরিকল্পনা না থাকলে মাথায় ও মুখে আঘাত করার কথা নয়। অনতিবিলম্বে নুরুল হক নুরের নিরাপত্তা বিবেচনায় বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।"
এদিকে নুরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
রোববার তিনি সাংবাদিকদের বলেন, “এখন উনি ভালো আছেন। তবে একটু যেটা হয়, এ ধরনের একটা ট্রমা, এ ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেজন্য উনার কিছু ব্যথার কমপ্লেইন আছে।”
গত শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে গণঅধিকারের নেতাকর্মীরা বক্সকালভার্ট সড়কে তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।
সেখানে নুর গণমাধ্যমের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় সেনা ও পুলিশ সদস্যরা নুর ও তার সহকর্মীদের লাঠিপেটা শুরু করে। হামলায় নুরসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে গণধিকার পরিষদের দাবি।
লাঠিপেটায় আহত নুরুল হককে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নুরের চিকিৎসায় শুক্রবার রাতেই সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
ছয় সদস্যের মেডিকেল বোর্ডে নাক কান গলা বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, নিউরো সার্জন, আইসিইউর প্রধান আছেন।
নুরের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল।