১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বদিউল আলমের বক্তব্য প্রত্যাখান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

“যে দলটি বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে কলঙ্কিত করেছে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন-আকাঙ্ক্ষার বিরুদ্ধাচারণ।”

বদিউল আলমের বক্তব্য প্রত্যাখান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2024, 01:07 AM

Updated : 26 Aug 2026, 11:09 AM

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার সফল আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটি বলেছে, “নির্বাচনসহ যে কোন রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে।”

আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা দেখছেন না বলে বদিউল আলম মজুমদারের মন্তব্যের কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এ বিষয়ে সংগঠনের অবস্থান তুলে ধরেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংগঠনের ফেইসবুকে মুখপাত্রের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী। এছাড়াও গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে জড়িত ছিল।”

“সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহীদের প্রাণ এবং ত্রিশ হাজারের অধিক মানুষের অঙ্গহানি করেছে কুখ্যাত আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিগত তিনটি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে। যে দলটি বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে কলঙ্কিত করেছে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন-আকাঙ্ক্ষার বিরুদ্ধাচারণ।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে। নির্বাচনসহ যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে।” 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। পাশাপাশি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুদার।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো রকম বাধা দেওয়া হচ্ছে না। কিংবা কোনো রকম বাধার সৃষ্টি করা হচ্ছে না।

সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক, তেমন সুপারিশ করার কথা বলেন তিনি।

আরো পড়ুন

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেখছি নাবদিউল