১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জুলাই সনদ: জামায়াত ও এনসিপির কাছে আমন্ত্রণপত্র নিয়ে বদিউল আলম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 03:29 AM

Updated : 26 Aug 2026, 02:29 PM

বিএনপির পর জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঐকমত্য কমিশনের তরফে আমন্ত্রণপত্রগুলো পৌঁছে দেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

রাতে ঐকমত্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

এদিন রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানান ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।

বৃহস্পতিবার রাতে সাড়ে ৮টায় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসনের হাতে ওই আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

শুক্রবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে চূড়ান্ত হওয়া জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর সই করার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ রাজনৈতিক দলের নেতা ও আমন্ত্রিত অতিথিরা।

বদিউল আলম ও মনির হায়দার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তবে জুলাই সনদে সই করতে যাওয়া অন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের কাছে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে কি না তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।

খালেদা-তারেককে জুলাই সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণ