Published : 16 Oct 2025, 10:13 PM
আলোচিত জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।
বৃহস্পতিবার রাতে সাড়ে ৮টায় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসনের হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
অপরদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আমন্ত্রণপত্রটি হাসপাতালে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারের কাছে দেন মনির হায়দার।
শুক্রবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে চূড়ান্ত হওয়া জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর সই করার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ রাজনৈতিক দলের নেতা ও আমন্ত্রিত অতিথিরা।
বিএনপি চেয়ারপারসন বুধবার মধ্যরাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার পর হাসপাতালের বাইরে সাংবাদিকদের সামনে আসেন বদিউল আলম।
তিনি বলেন, আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রধান উপদেষ্টার সালাম পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনও মুহাম্মদ ইউনুসকে সালাম দিয়েছেন এবং জুলাই সনদ সই অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন।
জুলাই সনদের বিষয়ে বিএনপি চেয়ারপারসন কী প্রতিক্রিয়া দেখিয়েছে জানতে চাইলে বদিউল আলম বলেন, “আমাদের সাথে বিস্তৃত কথা হয়নি। আমরাতো যেটা দেখেছি এবং তিনি যতটুকু বলেছেন, তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটাকে স্বাগত জানিয়েছেন।
“এবং তিনি মনে করেন যে এই সনদ বাংলাদেশের জন্য নতুন একটা বিরাট মাইলফলক এবং বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”