১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘পরিচালনা পর্ষদের মাধ্যমে’ শিক্ষক নিয়োগ: ইসলামী আন্দোলনের প্রতিবাদ

“পূর্বের ইতিহাস থেকে দেখা গেছে, ম্যানেজিং কমিটির মাধ্যমে যত নিয়োগ হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই ঘুষের আদান প্রদান প্রমাণিত হয়েছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 04:29 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শিক্ষক- প্রভাষক নিয়োগের ক্ষমতা সরকার এ প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের হাতে দিয়ে দিচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে দলটির নেতারা পরিচালনা পর্ষদের মাধ্যমে শিক্ষক নিয়োগের ‘উদ্যোগের’ প্রতিবাদ জানান।

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ মানববন্ধনে বলেন, “বেসরকারি শিক্ষক নিয়োগ এনটিআরসিএ থেকে সরিয়ে ম্যানেজিং কমিটির হাতে ন্যস্ত করার কারণে মেধাবী চাকরী প্রত্যাশীরা অধিকার থেকে বঞ্চিত হবে। পূর্বের ইতিহাস থেকে দেখা গেছে, ম্যানেজিং কমিটির মাধ্যমে যত নিয়োগ হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই ঘুষের আদান প্রদান প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, “একজন শিক্ষক, যিনি নৈতিকতা শিক্ষা দেবেন; তিনি নিজেই অনৈতিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করা মানেই ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করা। সরকার দলীয় লোকজনকে অনৈতিক সুবিধা দেওয়া কোন সভ্য দেশের চরিত্র হতে পারে না। 

“মূলত দেশব্যাপী বিএনপিকরণের অন্যতম এজেন্ডা হচ্ছে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ ক্ষমতা প্রদান করা।”

দলের নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, “জুলাই অভ্যুত্থান পরবর্তীতে শিক্ষক নিয়োগে ফ্যাসিবাদী আচরণ দেশপ্রেমিক জনগণ বরদাস্ত করবে না। পাশাপাশি, স্বাধীনতার ৫০ বছরেও ঢাকাকে বসবাস অযোগ্য শহর হিসাবে দেখা সচেতন নাগরিক হিসেবে আমাদেরকে ব্যথিত করে।

“আগামী সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলুল করীম মারুফ ভাইকে নির্বাচিত করলে আমরা পাঁচ বছরের মধ্যে স্মার্ট নগরী হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ।”

অন্যদের মধ্যে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, নগর জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ইমরান হোসাইন নূর, নগর আইএবির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক আকন, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাহবুবুর রহমান এবং সদস্য মাওলানা মাসুদুর রহমান মানববন্ধনে বক্তব্য দেন।

বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শিক্ষক- প্রভাষক নিয়োগ দিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ। এ ক্ষমতা আবারও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার আলোচনা শুরু হয়েছে। 

এ ক্ষমতা পর্ষদের হাতে আবারও ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রাথমিক বা নীতিগত সিদ্ধান্ত এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মন্ত্রীর প্রশাসনিক অনুমোদনের পর সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। 

তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।