১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আজাদ মসজিদে তৌফীক নাওয়াজের জানাজা, প্রিজন ভ্যান থেকে নেমে শেষবার স্বামীকে দেখলেন দীপু মনি

স্বামীর জানাজা ও দাফন শেষে সন্ধ্যা ৬টার মধ্যে দীপু মনিকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 07:42 PM

Updated : 16 Sep 2026, 12:58 PM

আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজের জানাজা হয়েছে গুলশানের আজাদ মসজিদে।

বৃহস্পতিবার বাদ জোহর যখন জানাজার নামাজ চলছিল, প্যারোলে মুক্তি পাওয়া দীপু মনি ছিলেন মসজিদের সামনের প্রাঙ্গণে প্রিজন ভ্যানে। 

জানাজা শেষে ভ্যান থেকে নেমে শেষবারের মত স্বামীকে দেখেন তিনি। এ সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। 

জানাজার নামাজ পরিচালনা করেন মসজিদের প্রধান ইমাম মাওলানা আবদুর রহিম। এরপর তৌফীক নাওয়াজের ছোটভাই তাইমুর নাওয়াজ ধর্মীয় রীতি অনুযায়ী পরিবারের পক্ষ থেকে কথা বলেন। 

পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি তৌফীক নাওয়াজের বন্ধু, সহকর্মী এবং তার এক সময়ের সহপাঠীরাও জানাজায় অংশ নেন। আইনজীবী মহসীন রশিদ, মনিরুল আলম, সৈয়দ আশরাফুল হকও ছিলেন তাদের মধ্যে।  

জানাজায় আওয়ামী লীগের তুলনামূলক কম পরিচিত নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।

শেষ দেখার পর বেলা ২টার আগে আগে দীপু মনিকে আবার প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার স্বামীর দাফন হবে। 

স্বামীর শেষকৃত্যে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি। জানাজা ও দাফন শেষে সন্ধ্যা ৬টার মধ্যে তাকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।

এদিন সকাল ৬টা ১৫ মিনিটে দীপু মনিকে মুন্সীগঞ্জ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কঠোর পুলিশি পাহারায় ঢাকায় নিয়ে আসা হয়। সকাল সোয়া ৮টায় তিনি কলাবাগানের বাসায় পৌঁছান।

প্রয়াত তৌফীক নেওয়াজের মরদেহও সকালে কলাবাগানের বাসায় নেওয়া হয়। বাসার নিচে গ্যারেজে ফ্রিজার ভ্যানে রাখা হয় তার মরদেহ।

গাড়ির পাশেই ফ্লোরে কাপড় পেতে স্থানীয় বশির উদ্দিন রোড মসজিদের মুয়াজ্জিনসহ পাঁচজনকে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়।

পুলিশকে ওই বাড়ি ঘিরে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। ওই বাড়িতে যারা যাচ্ছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ।

বেলা ১১টার কিছু আগে চাঁদপুর থেকে আসা দীপু মনির একজন আত্মীয়র সঙ্গে বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের কথা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী বলেন, দীপু মনি খুব ভেঙে পড়েছেন। মানসিকভাবে তিনি খুব বিপর্যস্ত। কিছু খেতে চাচ্ছেন না।

দীপু মনিকে সান্ত্বনা দিতে এসেছিলেন চাঁদপুর আওয়ামী লীগের জাকিয়া সুলতানা শেফালী। তিনি বলেন, “উনি ভালো নেই। এ সময় তার কী অবস্থা, সেটা তো বোঝা যায়।"

জাকিয়া সুলতানা জানান, তার সঙ্গে আরো কয়েকজন কর্মী দীপু মনির সঙ্গে দেখা করেছেন।

বেলা সোয়া ১২টার পর দীপু মনিকে প্রিজন ভ্যানে তোলা হয়। তার মিনিট দশেক আগে তৌফীক নাওয়াজের মরদেহ নিয়ে ফ্রিজার ভ্যান রওয়ানা করে গুলশানের দিকে। 

আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনি চব্বিশের আন্দোলনের পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে আটক আছেন।

তার স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) মারা যান।

৭৬ বছর বছর বয়সি তৌফীক নাওয়াজ দীর্ঘ দিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেছিলেন। সর্বশেষ গত ২৭ মে হুইল চেয়ারে করে কারাবন্দি স্ত্রীকে দেখতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পুরনো খবর-

স্বামীর লাশ ফ্রিজার ভ্যানেপেছনে প্রিজন ভ্যানে দীপু মনি

স্বামীর মৃত্যুপ্যারোলে মুক্তি পেয়ে ঢাকার বাসায় দীপু মনি

স্বামীর মৃত্যু১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন