১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছোট ভাইয়ের বাসায় গেলেন খালেদা জিয়া

লন্ডন থেকে ফেরার চার দিন পর দুই পুত্রবধূকে নিয়ে ছোট ভাইয়ের বাসায় গেলেন তিনি।

ছোট ভাইয়ের বাসায় গেলেন খালেদা জিয়া
ছোট ভাই শামীম এস্কান্দার ও সেজ বোন সেলিনা ইসলামের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2025, 12:31 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

এক যুগের বেশি সময় পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোনো নিকট স্বজনের বাসায় বেড়াতে গেলেন।

শনিবার রাত সোয়া ৯টার দিকে দুই পূত্রবধুকে নিয়ে গুলশানে ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় যান তিনি। লন্ডন থেকে ফেরার চার দিন পর বাসা থেকে প্রথম বের হলেন তিনি।

আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২১ নভেম্বর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা গিয়েছিল খালেদা জিয়াকে। সেদিন তিনি সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

মাঝে চিকিৎসার জন্য লন্ডনে চার মাস কাটান তিনি। সেখান থেকে গত ৬ মে ফেরার পর গুলশানে ছোট ভাইয়ের বাসায় গেলেন।

শনিবার রাত সোয়া ৯টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে একটি নীল রঙয়ের একটি গাড়িতে বের হন খালেদা জিয়া। সামনের আসনে বসেন তিনি। গাড়ির দুই দিকের ফ্ল্যাগস্ট্যান্ডের একটিতে বিএনপির পতাকা ছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িটি গুলশানের ৪২ নম্বর সড়কের ২৪/বি বাসায় প্রবেশ করে। সেখানে শামীম এস্কান্দার, তার সহধর্মিনী কানিজ ফাতেমা, আরেক ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের সহধর্মিনী নাসরিন আহমেদসহ পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান।

এসময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়ার সঙ্গে দুই পূত্র বধু জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান রয়েছেন। পরিবারের সদস্যদের নিয়ে একান্তে কিছু সময় কাটাবেন।

আরও পড়ুন-

এক যুগ পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা

এক যুগ পর সেনাকুঞ্জে খালেদাবসলেন ইউনূসের পাশের চেয়ারে