১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফিলিস্তিনে আগ্রাসন বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান তারেক রহমানের

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2025, 09:05 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

ফিলিস্তিনের জনগণের ওপর চলমান আগ্রাসন ও নিপীড়ন বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার নিজের ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানোর পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা জানান তিনি।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে ঢুকে হামাসের হামলা ও জিম্মি করার জেরে ফিলিস্তিনের গাজায় আগ্রাসন শুরু করে দেশটি। হামলা চালাচ্ছে পশ্চিম তীরেও। সেখানে বসতি সম্প্রসারণের হুমকির মুখে ফিলিস্তিনের মানুষ।

ফিলিস্তিন ছাড়াও লেবানন, ইয়েমেন, সিরিয়া, ইরান ও কাতারে করেছে ইসরায়েল।

ফেইসবুকে তারেক রহমান লিখেছেন, “বিশ্ব সম্প্রদায় যেন আন্তর্জাতিক বিচার আদালতকে বলে যে, তারা যেন ফিলিস্তিনিদের ভয়াবহ দমন-পীড়নের শিকার হওয়ার এই সময়ে আর দেরি না করে স্পষ্টভাবে ঘোষণা করে, গাজায় ইসরায়েলি সরকার একটি গণহত্যা চালাচ্ছে।”

তিনি বলেন, “সম্প্রতি দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনার খবর মিলেছে, যা ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে কার্যত অসম্ভব করে তুলবে, এটি হৃদয়বিদারক। 

বেনিয়ামিন নেতানিয়াহুর (ইসরায়েলের প্রধানমন্ত্রী) নেতৃত্বে ফিলিস্তিনের জনগণ, তাদের সংস্কৃতি, জমি ও ইতিহাসের ওপর চলমান জাতিবিদ্বেষ ও আক্রমণ ফিলিস্তিনিদের গণহত্যা এবং পরিকল্পিত জাতিগত নিধনের চেয়ে কম কিছু নয়। এটি জঘন্য।”

পোস্টের শুরুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, “বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও নিশ্চিহ্ন করার চেষ্টার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সঙ্গে তা অব্যাহত রেখেছে।”

তিনি লিখেছেন, “মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বহু বাংলাদেশি নাগরিক বসবাস ও কর্মরত আছেন। ইসরায়েলি সরকারের এই দমননীতির ফলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।”