১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

হাদিকে গুলি: প্রার্থীর নিরাপত্তায় জোর, ভোটের প্রচারে কী হবে?

“জননিরাপত্তার যে সংকট উদ্ভব হয়েছে ৫ অগাস্টের পরে, শুধুমাত্র কথা দিয়ে এই সংকট দূর করা সরকারের পক্ষে সম্ভব না,” বলেন আখতার।

হাদিকে গুলি: প্রার্থীর নিরাপত্তায় জোর, ভোটের প্রচারে কী হবে?
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 01:53 AM

Updated : 26 Aug 2026, 05:18 PM

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আর নিরাপত্তার ঘাটতিসহ নানাভাবে দেখার চেষ্টার মধ্যে চব্বিশের আন্দোলনের সম্মুখ সারির নেতা ও সম্ভাব্য প্রার্থীদের নিরাপদ রাখতে সরকারের তরফে কিছু পরিকল্পনা এসেছে।

ব্যক্তিনির্ভর নিরাপত্তার পরিকল্পনা দেওয়া হলেও নির্বাচনের সময় জনসংযোগ, সমাবেশকেন্দ্রিক নিরাপত্তা নিয়ে পরিকল্পনা এখনো স্পষ্ট করা হয়নি।

ফলে নির্বাচনি পরিবেশ নিয়ে যে শঙ্কা থাকছে, সে কথা উঠে এল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে। 

তারা বলছেন, নির্বাচনকে উৎসব মুখর করতে হলে সামগ্রিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি লুট হওয়া অস্ত্র উদ্ধার ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যেকোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে।”

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন রেখে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। 

পরের দিন শুক্রবার ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় ধরনের ধাক্কা খেলো সরকার।

এর আগে নভেম্বরের প্রথম সপ্তাহে চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে গুলির ঘটনায় একজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হলেও প্রাণে রক্ষা পেয়েছেন প্রার্থী।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস হাদির ওপর হামলার ঘটনাকে বাংলাদেশের অস্তিত্বের প্রতি হুমকি হিসেবে তুলে ধরার পাশাপাশ নির্বাচন বানচালের ষড়ন্ত্রের কথা বলেছেন।

যে কারণে শনিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সঙ্গে বৈঠক করেছেন, যেখানে দলগুলোর নেতারা জুলাই অভ্যুত্থান ‘নস্যাৎচেষ্টার’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন।

নির্বাচন এখনো দুইমাস বাকি, শুরুতেই এই ধাক্কা সামাল দিতে শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা তার কয়েকজন উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত।

এসব সিদ্ধান্তের বেশ কিছু তথ্য ওই রাতেই পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের কাছে থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর জানতে পারে। 

পরের দিন শনিবার সরকারি ছুটি থাকলেও স্বরাষ্ট্র উপদেষ্টা তার মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা ডাকেন, যেটি প্রতি রোববার হওয়ার রেওয়াজ চালু আছে।

এই সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের যে তথ্য দেন, তাতে নির্বাচন ঘিরে সরকার আইনশৃঙ্খলার বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার ইংগিত রয়েছে। কিন্তু সরকারে এই অবস্থানে সম্ভাব্য প্রার্থীরা কতটুকু আশ্বস্ত হতে পারছেন, সেটাই এখন বড় প্রশ্ন।

এদিন ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ষড়যন্ত্র ‘থেমে নেই’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নির্বাচন ‘অতো সহজ হবে না’। 

প্রায় ১৭ বছর ধরে লন্ডনে থাকা তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশ ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনের তফসিলের পর যে ঘটনা ঘটেছে, তাতে প্রতীয়মান হয় যে একটি মহল নির্বাচনি পরিবেশকে বিঘ্নিত করছে।

“আমরা সরকারকে বার বার বলে এসেছে, নির্বাচনি পরিবেশ ঠিক করতে হলে অবশ্যই সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে হবে, প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচার চালাতে পারেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সে নির্দেশ দিতে হবে।”

তিনি বলেন, “এখনো আমরা দৃশ্যমান অগ্রগতি দেখছি না। আশা করি, সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে।”

আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা থেকে যে পরিকল্পনা এসেছে, তাতে সম্ভাব্য প্রার্থী ও সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দেওয়ার কথা বলা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, “জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য ছোট একটি কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটি ‘মূল্যায়ন’ করে ব্যবস্থা নেবে।”

জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নেবেন বলেছেন, যারা জুলাই যোদ্ধা নয়, কিন্তু নির্বাচন করবেন, তাদের নিরাপত্তা কীভাবে দেওয়া হবে, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তাদের ক্ষেত্রেও ব্যবস্থা নেবো এবং তারা যদি ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স চায় আমরা দেবো।”

অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে তিনি বলেছেন, “হাতিয়ার ইস্যুর ক্ষেত্রে শুধু সরকারি কর্মচারিদের হাতিয়ার দেওয়া হতো, এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারাও যদি হাতিয়ার চান তাদেরও লাইসেন্স দেবো আমরা। আর যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের ব্যক্তিগত অস্ত্র যদি জমা থাকে, তাহলে তাদের ফেরত দেবো।”

সম্মুখ সারির জুলাই যোদ্ধা যারা আছেন, তাদের মধ্যে এনসিপির নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা, আবদুল হান্নান মাসউদের নাম প্রথম সারিতে রয়েছে। তারা প্রত্যেকেই নির্বাচনে লড়বেন। 

এরই মধ্যে বিএনপি এবং জামায়াতে ইসলামী তাদের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে। 

অপরদিকে গত বছরের ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত করা হলেও নির্বাচন ঘিরে তারা তৎপরতা দেখা যাচ্ছে। 

তফসিল ঘোষণার পর দলটির নেতাকর্মীদের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করার খবর এসেছে। 

স্বরাষ্ট্র উপদেষ্টার বলেছেন, “ওসমান হাদির উপরে আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপ্রয়াস বলে আমরা মনে করি।”

এই অপপ্রয়াস কে চালাচ্ছে, তা স্পষ্ট না করলেও আওয়ামী লীগের দিকে ইঙ্গিত রয়েছে।

আইজিপি বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে বলেছেন, “এটা ওরাই করেছে, যারা নির্বাচনের ওপর একটা নেতিবাচক প্রভাব তৈরি করতে চায়। যারা চায় যে নির্বাচন না হোক ইত্যাদি ইত্যাদি… এটাকে আমরা ‘সিরিয়াসলি’ দেখছি।”

তিনি বলেছেন, “আমরা সব ধরণের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সবাই মিলে ‘অল আউট’ অভিযানে যাবো। আজকে সারারাতেই সারাদেশেই আমরা অভিযান চালাব।”

আইজিপি ‘অল আউট’ অভিযানের যে কথা বলেছেন, তা পরের দিন স্পষ্ট করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযান শুরু করার ঘোষণা দিয়ে।

প্রার্থী ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত যথেষ্ট কী না? পাশাপাশি হাদির ওপার হামলার মতো ঘটনার আরও কোনো শঙ্কা দেখছেন কী না? এমন প্রশ্নের জবাবে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জননিরাপত্তার যে সংকট উদ্ভব হয়েছে ৫ অগাস্টের পরে, শুধুমাত্র কথা দিয়ে এই সংকট দূর করা সরকারের পক্ষে সম্ভব না।

“তারা নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন, কিন্তু আমরা দেখেছি যে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীরা গ্রেপ্তার হওয়ার পরেও খুব সহজে জামিন পেয়ে বাইরে এসে নাশকতার সুযোগ পাচ্ছে। এখনো একটা বড় সংখ্যক সন্ত্রাসী, তারা বাইরে ঘোরাঘুরি করছে। তাদেরকে গ্রেপ্তারের কোন উদ্যোগ নেই, সন্ত্রাসীদেরকে মাঠে ছেড়ে দিয়ে নিরাপত্তার কথা বলা অবান্তর।”

ওসমান হাদিকে গুলি করার ঘটনায় পুলিশ এই ব্যক্তির ছবি দিয়ে তার বিষয়ে তথ্য চেয়েছে।

ওসমান হাদিকে গুলি করার ঘটনায় পুলিশ এই ব্যক্তির

তিনি বলেন, “এমপি প্রার্থীদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু কারো কাছে শুধু লাইসেন্স করা অস্ত্র থাকলে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। যদি না সামগ্রিকভাবে যারা সন্ত্রাসী এবং যারা চিহ্নিত অপরাধী, তারা যদি সমাজে ঘোরাফেরা করার সুযোগটা পায়, তাদের অপকর্ম চালিয়ে যাওয়ার সুযোগ পায়, গ্রেপ্তারের আওতায় না আসে। তাহলে কোনোভাবেই এই জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।

“আমরা যারা জুলাই যোদ্ধা আছি, যারা এমপি প্রার্থী আছেন, তাদের নিরাপত্তা নিয়ে যেমন আমরা শংকিত, তেমনিভাবে গোটা দেশের আপামর জনসাধারণ, তাদের উপরেও নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বিভিন্ন সময়ে ঘটছে।”

এনসিপির এই নেতা বলেন, “আমরা সপ্তাহ খানেক আগেও খেয়াল করেছি শেখ হাসিনার রায় ঘিরে কথিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাসে আগুন দিয়েছে, তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এই যে বড় ধরনের নাশকতাগুলো তারা করার সুযোগ পাচ্ছে, সেটাকে যদি তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে এসে শাস্তি কার্যকর করা না হয়, তাহলে সামগ্রিকভাবে জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।”

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার বিগত সরকারের সময় দেওয়া অস্ত্রে লাইসেন্স স্থগিত এবং সেসব অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেয়।

এছাড়া আন্দোলনের সময় সারাদেশে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে। এখন পর্যন্ত সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। 

প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে আইজিপি বলেছেন, যাদের ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে, তাদের ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়া হবে। এক্ষেত্রে ২০-৫০ বছর ধরে চলা প্রক্রিয়ায় কথা বলেন তিনি।

এর ব্যাখ্যায় বাহারুল আলম বলেছেন, প্রার্থীদের সঙ্গে সশস্ত্র প্রহরী থাকবে। পাশপাশি প্রার্থীর কী কী ঝুঁকি আছে, আছে গোয়েন্দা সংস্থাগুলো তা নির্ধারণ করে তাকে সতর্ক করে দিয়ে বলবে কোন জায়গায় যাবেন, আর কোন জায়গায় যাবেন না।

কোনো জুলাই যোদ্ধা প্রার্থী হলে, নির্বাচনি প্রচারকালে জনসমাবেশ, সমর্থকদের নিরাপত্তার বিষয়টি কীভাবে নেওয়া হচ্ছে সে বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইজিপির বক্তব্যে আসেনি।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি এলাকায় গেল  বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে গুলিবর্ষণ করা হয়।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি এলাকায় গেল  বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে গুলিবর্ষণ করা হয়।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুলাই চেতনাকে ধ্বংস করার জন্য একটা মহল চেষ্টা করছে। এদেরকে যদি সরকার আইনের আওতায় আনতে না পারে, তাহলে এখানে ব্যক্তিগত অস্ত্র দিয়ে কি হবে? সরকারকে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা জোররদার করতে হবে, আর অপরাধী আইনের আওতায় আনতে হবে।”

অপরাধ দমন না করলে এর সুযোগ অন্যরা নেবে মন্তব্য করে তিনি বলেন, “কিছু কিছু ক্ষেত্রে কার্যকর করতে পারলে ভালো, কিন্তু এটা কোনো কার্যকর সমাধান না, কার্যকর সমাধান হল সরকারের নিরাপত্তা জোরদার করা এবং অপরাধীদেরকে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। এটা বেশি জরুরি। আর এটা নির্বাচনের জন্যও দরকার, নির্বাচনি পরিবেশের জন্য দরকার।” 

জামায়াত নেতা আযাদ বলেন, অপরাধীদের কর্মকাণ্ড যদি চলতে থাকে, তাহলে উৎসমুখর নির্বাচন হবে কীভাবে? তাহলে সরকার প্রতিশ্রুতিও রাখতে পারবে না।

গণসংহিত আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “সরকারকে আগে জবাব দিতে হবে, অব্যাহত হুমকির পরেও তাদের, এই ষড়যন্ত্রকারীদের, এই হত্যাকারীদের, পরিকল্পনাকারীদের আগেই কেন গ্রেপ্তার করা গেল না। আজকে ওসমান হাদির ওপরে এইরকম একটা হামলা সম্ভব হলো এবং তার জীবন এখন সন্ধিক্ষণে। তাকে জীবন দিয়ে প্রমাণ করতে হবে যে এখানে আসলে নিরাপত্তা হুমকির মুখে?”

তিনি বলেন, “সরকারকে আরো ব্যাপক ভিত্তিতে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এটা তো, ব্যক্তিগত নিরাপত্তার জন্য ব্যবস্থা তো আছেই। সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারভাবে করতে হবে। যারা এই সমস্ত চোরাগুপ্তা হামলাসহ নানা ধরনের নাশকতা পরিকল্পনা করছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং দেশের সমস্ত প্রতিষ্ঠানকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে।”

আগের খবর:

তফসিলের পরদিনই ঝরল রক্ত

আততায়ী 'পেশাদার শ্যুটার', হাদির সঙ্গেই ছিলেন?

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, অভ্যুত্থান ‘নস্যাৎচেষ্টার’ বিরুদ্ধে ঐক্যের বার্তা ৩ দলের

হাদির আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা