১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাতার আমিরের জন্য খালেদা জিয়ার আম-লিচু উপহার

বিএনপির চেয়ারপারসনের এই উপহার সোমবার কাতার পাঠানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 06:35 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

কাতারের আমির ও প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে বাংলাদেশের মৌসুমী ফল ল্যাংড়া ও আম্রপালি আম, লিচু পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার স্থানীয় সময় সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় ৩টায়) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী এই উপহারসামগ্রী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুলের কাছে হস্তান্তর করেন।

এনামুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডট্কমকে বলেন, “কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের মৌসুমি ফল পাঠিয়েছেন। এসব উপহারসামগ্রী আমি পৌঁছে দিয়েছি। এটা জাস্ট উপহার।”

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কাতারের সমৃদ্ধি, উন্নয়ন এবং অগ্রগতির পাশাপাশি আমির ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেছেন। লন্ডনে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর বিষয়টিও খালেদা জিয়া কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন।

৮ জানুয়ারি খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান। চার মাস চিকিৎসা শেষে তার পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই ৬ মে দেশে ফেরেন তিনি।

এই উপহারসামগ্রী হস্তান্তরের সময়ে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, মিশন উপ প্রধান ওয়ালিউর রহমান, কাতার বিএনপি শাখার সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু উপস্থিত ছিলেন।

সোমবার বিএনপির চেয়ারপারসনের উপহারসামগ্রী দলের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের ব্যবস্থাপনায় কাতার পাঠানো হয়।

পুরনো খবর:

কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে ফিরছেন খালেদা জিয়া

খালেদা জিয়াকে নিয়ে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স