১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচন: ভোটের সামগ্রী নিয়ে সংসদে ২০ কর্মকর্তা

“সিইসি ও নির্বাচন কর্তা ভোটের আগেই পৌঁছে যাবেন।”

বিশেষ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 12:17 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

সাড়ে তিন দশকের মাথায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটি আয়োজন করতে সংসদ ভবনে পৌঁছেছেন নির্বাচনি কর্মকর্তারা।

বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে তারা সংসদ ভবনে পৌঁছান। সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ করা হবে।

এর আগে সকালে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের নেতৃত্বে প্রস্তুতিমূলক সভা হয়।

ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, “সচিব মহোদয় আমাদেরকে ব্রিফিং করেছেন। রাষ্ট্রপতি নির্বাচনের সহায়ক কর্মকর্তা ও   রাষ্ট্রপতি নির্বাচনে কীভাবে ভোট গ্রহণ করা হবে, কত সময় মধ্যে শেষ করতে হবে—এমন যেসকল বিষয় আছে তা আলোচনা হয়েছে বৈঠকে।”

তিনি বেলা পৌনে ১২টায় বলেন, “আমরা এখন রওনা হচ্ছি। সিইসি ও নির্বাচন কর্তা ভোটের আগেই পৌঁছে যাবেন। অন্য নির্বাচন কমিশনারও যাবেন।”

এ নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনি কর্তার দায়িত্ব পালন করছেন। তাকে সহায়তা করছেন ইসি সচিবসহ কমিশন সচিবালের ২০ কর্মকর্তা। জাতীয় সংসদ সচিবালয় থেকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সহায়ক কর্মকর্তারা হলেন—ইসি সচিব আখতার আহমেদ, যুগ্মসচিব মঈন উদ্দীন খান, উপসচিব রাশেদুল ইসলাম, পরিচালক সাইফুল ইসলাম, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, উপসচিব মুনীর হোসাইন খান, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম, সিনিয়র সচিবের একান্ত সচিব মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী সচিব এ টি এম শামীম মাহমুদ, সিনিয়র সহকারী সচিব সৈয়দ আফজাল আহাম্মেদ, সিনিয়র সহকারী সচিব রশিদ মিয়া, একান্ত সচিব এ এস এম জাকির হোসেন, একান্ত সচিব এস এম হাবিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী, সিনিয়র সহকারী সচিব শহিদুল ইসলাম, একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাত, একান্ত সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা ও সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান। 

গুরুতর অসুস্থততার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ৬ অগাস্ট সাংবিধানিক সর্বোচ্চ পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ ভোটে রয়েছেন। 

রাষ্ট্রপতি নির্বাচনইসি সচিবসহ ২০ কর্মকর্তা সহায়কের দায়িত্বে