Published : 18 Aug 2026, 07:29 PM
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় ‘নির্বাচনি কর্তা’ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে দাপ্তরিক সহায়তার জন্য ইসি সচিব আখতার আহমেদসহ ২০ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সংসদ কক্ষে দুপুর ২টা থেকে অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করবেন তারা।
মঙ্গলবার সহায়ক কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত অফিস আদেশ জারি করে ইসি সচিবালয়।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, যুগ্মসচিব মঈন উদ্দিন খান, উপ সচিব রাশেদুল ইসলাম, পরিচালক সাইফুল ইসলাম, উপ সচিব মোহাম্মদ মনির হোসেন, উপ সচিব মুনীর হোসাইন খান, সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম, সিনিয়র সচিবের একান্ত সচিব মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী সচিব এ টি এম শামীম মাহমুদ, সিনিয়র সহকারী সচিব সৈয়দ আফজাল আহাম্মেদ, সিনিয়র সহকারী সচিব রশিদ মিয়া, নির্বাচন কমিশনারের একান্ত সচিব এ এস এম জাকির হোসেন, নির্বাচন কমিশনারের একান্ত সচিব এস এম হাবিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী, সিনিয়র সহকারী সচিব শহিদুল ইসলাম, নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জাহান, নির্বাচন কমিশনারের একান্ত সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব আফরোজা আরা এবং সিনিয়র সহকারী সচিব এ এম এম ইকবাল হাসান।
রাষ্ট্রপতি নির্বাচনে মঙ্গলবার বিকালে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হয়েছে। বৈধ প্রার্থী দুই জনের কেউই প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ অগাস্ট দুই জন প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদ।
“ভোটগ্রহণের শুরুতে নির্বাচনি কর্মকর্তা সংসদ কক্ষে সংসদ সদস্যদের স্বাগত জানিয়ে ভোট দেওয়ার পদ্ধতি তুলে ধরবেন। এরপর ভোট হবে, ২টা থেকে বিকাল ৫টা পযন্ত। আমরা সহায়ক কর্মকর্তারা ভোটে নির্বাচনি কর্তাকে সহায়তা করব।”
রাষ্ট্রপতি নির্বাচন: বৈধ দুই প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি