Published : 13 Feb 2026, 06:19 AM
ত্রয়োদশ সংসদ নির্বাচনের কিছু আসনে ভোটের ফল ঘোষণায় ‘গড়িমসি’ করার অভিযোগ তুলে বিষয়টি 'চক্রান্ত' হিসেবে দেখছে জামায়াতে ইসলামী।
এ বিষয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা জানার পর 'প্রয়োজনে' দেশবাসীকে সঙ্গে নিয়ে 'কঠোর আন্দোলনে' যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দলটি।
বৃহস্পতিবার শেষরাতে ফল ঘোষণার সময় জামায়াতের প্রতিনিধিদল নির্বাচন কমিশনে আসেন।
ভোর ৪টার দিকে ইসির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ চাইতে এসে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একটি 'বিশেষ দলকে সুবিধা দিতেই' ফল দিতে 'গরিমসি' করা হচ্ছে।
তিনি বলেন, "বিকাল ৫টা থেকে ভোট গণনা আরম্ভ হয়েছে আমরা দেখেছি। এখন রাত ৪টা বাজে, আশ্চর্য হয়ে লক্ষ্য করছি, নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্বরতরা অস্বাভাবিক বিলম্ব করছেন।"
ঢাকা-১৭ আসনে চার হাজার ৩৯৯ ভোটে জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এ আসন নিয়ে জামায়াত নেতা জুবায়েরের অভিযোগ, ফলাফলের অন্তত আটটি শিটে সই দেওয়ার পরেও নির্বাচনি কর্মকর্তারা 'ভুলের দোহাই দিয়ে পরিবর্তন করেছেন’।
‘ওভাররাইটিংয়ের’ পরে তাদের প্রার্থীর ৫ হাজার ভোট 'কমানো হয়েছে' এবং একটি 'বিশেষ দলের প্রধানকে সুবিধা দিতেই' এমনটি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিশেষ করে ঢাকায় তাদের জোটের কেন্দ্রীয় নেতাদের আসনের ফল দিতে 'গরিমসি করা হচ্ছে' অভিযোগ করে তিনি বলেন, ঢাকা-১৫ আসনে যেখানে জামায়াতের আমির প্রার্থী, সেটির ফল এখনো দেওয়া হয়নি।
"অনেক বড় বড় আসনের তড়িৎ গতিতে রেজাল্ট দেওয়া হয়েছে, কিন্তু এটা এখনো দেওয়া হয় নাই। সেখানে কমপক্ষে ২০ হাজার ভোটে আমরা এগিয়ে আছি।"
তিনি বলেন, "আমরা সারা দেশের আসন পর্যালোচনা করেছি, একই ধরনের চক্রান্তের গন্ধ আমরা পাচ্ছি। ইচ্ছাকৃতভাবে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এটি করা হচ্ছে।
"আমরা ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না। দেশবাসীকে সাথে নিয়ে এ চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তুলব।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা বাধ্য হব, এ ধরনের চক্রান্ত যারা করছে, তাদেরকে আমরা জনগণের মুখোমুখি করব। ইসিকে আমাদের পরবর্তী কঠোর কর্মসূচির বিষয়ে জানাব। তাদের ব্যাখ্যা জানব, এটার ব্যপারে কোনো ছাড় দেব না। প্রয়োজনে কঠোর আন্দোলনে যাব।"