Published : 06 Mar 2026, 10:10 PM
রাজধানীতে ইফতার আয়োজনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ইফতার অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি নূরুল ইসলাম বলেন, “আমরা একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিলাম। কিন্তু বাস্তবে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”
তিনি বলেন, “আমরা এমন একটি সময়ে উপস্থিত হয়েছি, যখন নির্বাচনের মাধ্যমে একটি সরকার বাংলাদেশে নেতৃত্ব গ্রহণ করেছে। যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে নির্বাচন নিয়ে বিভিন্ন মহল থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন উঠেছে।”
সরকার গঠনের পর থেকেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
নূরুল ইসলাম বলেন, “ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে। মানুষের ঘরবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। আমরা দেখেছি, বিরোধী মতের ওপর ধারাবাহিকভাবে হামলা করা হচ্ছে।”
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রোজার মাস নিয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীদের প্রতি পরামর্শমূলক বক্তব্য দেন।
ইফতার অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহীম, তা‘মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি মাওলানা জয়নুল আবেদীন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মু. ইকবাল, তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হিফজুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদ বীরবিক্রম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাও উপস্থিত ছিলেন।