০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শেখ ফজলে নূর তাপসকে দুদকে তলব

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 08:03 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার পাঠানো এক নোটিসে তাকে আগামী ৩ নভেম্বর বেলা ১১টায় দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। 

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ অনুসন্ধানে গঠিত তিন সদস্যের অনুসন্ধান দলের প্রধান দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম ওই নোটিস পাঠিয়েছেন। 

ফজলে নূর তাপসের বিরুদ্ধে দুদকের অভিযোগে বলা হয়েছে, “অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ।''

নোটিসে বলা হয়েছে, ''সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত অভিযোগ বিষয়ে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।

“নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।''

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ফজলে নূর তাপসের ফুফু। গণ-আন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাপসকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি আগেই বিদেশে চলে গেছেন বলে আলোচনা আছে। 

ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় যেসব মামলা হয়েছে, তার অনেকগুলোতে তাপস আসামি।