১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে: চিফ হুইপ

তিনি বলেন, “দেশের মানুষ আবার প্রত্যক্ষ করবে কীভাবে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন।”

রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে: চিফ হুইপ
চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 07:51 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

৩৫ বছর পর বৃহস্পতিবার জাতীয় সংসদে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় এই নির্বাচনে ভোটগ্রহণ হবে, সে কথা তুলে ধরে তিনি বলেছেন, “দেশের মানুষ আবার প্রত্যক্ষ করবে কীভাবে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন।”

বুধবার বিকালে সংসদ ভবনে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের সভা শেষে এক ব্রিফিংয়ে কথা বলছিলেন চিফ হুইপ।

ভোটের কার্যক্রম সরাসরি সম্প্রচারের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচন শুরুর পাঁচ মিনিট আগে সম্প্রচার শুরু হবে। রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি দেখানো হবে।

এরপর ভোটগ্রহণের কার্যক্রম রেকর্ড করা হবে জানিয়ে নূরুল ইসলাম মনি বলেন, নির্বাচন শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আবার সরাসরি সম্প্রচার শুরু হবে। ফলাফল ঘোষণাও সরাসরি সম্প্রচার করা হবে।

“আপনারা দেখবেন, আগামীকালকে একটা ইতিহাসের মাহেন্দ্রক্ষণ তৈরি হবে, ইতিহাসের গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে।”

জাতীয় সংসদের সভা কক্ষে বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে। সংসদের ৩৪৯ জন সদস্য এই নির্বাচনে ভোটার।

এ নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

সংসদে বিএনপির দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় এবং এমপিদের দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ না থাকায় বিএনপি প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হবে। 

চিফ হুইপ বলেন, “রাষ্ট্রপতির প্রার্থী ডক্টর অলি আহমেদ, আরেকজন হল আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। ভোট হবে। এ দেশের মানুষ ভোট কীভাবে দেয়, সেটা আবার প্রত্যক্ষ করবে দেশের মানুষ। ইনশাল্লাহ আমরা নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে পারব।”

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ‘গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন যাত্রা’ শুরু হবে বলেও মন্তব্য করেন চিফ হুইপ।

তিনি বলেন, “আমরা মনে করি যে জনাব তারেক রহমান আমাদের নেতা। তার নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সংগ্রাম করার পরে যে কাজটা হয়েছে তা হল এই যে, আমরা নির্বাচিত হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে সরকার এসছি। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই, প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই।

“সরকার এবং বিরোধী দল ইনক্লুসিভ হয়ে দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং দেশের অগ্রগতিকে অব্যাহত রাখতে চাই।”

বুধবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা শুরু হয়। ৪টা ৪০ মিনিটে সভা শেষ হয়।

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে চিফ হুইপের সংবাদ ব্রিফিংয়ে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, এবিএম আশরাফ উদ্দিন নিজান, জি কে গউস, সংসদ সদস্য আমিরুল ইসলাম আলিম, খন্দকার আবু আশফাক এবং প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

দুই প্রার্থী থাকায় এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হচ্ছে। সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদে রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল।