Published : 17 Oct 2025, 09:02 AM
‘জামায়াতপন্থি শিক্ষকদের’ সংগঠন হিসেবে পরিচিত ইউনিভার্সিটি টিচার্স লিংক’র (ইউটিএল) ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে নাম দেখে আপত্তি তুলেছেন শিক্ষালয়টির ‘বিএনপিপন্থি’ শিক্ষকদের সংগঠন সাদা দলের কয়েকজন সদস্য।
বিভ্ন্নি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আড়াই মাস আগে আত্মপ্রকাশ করা ইউটিএল বৃহস্পতিবারই তাদের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের’ ২৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।
সেই কমিটিতে নাম দেখে আপত্তি তোলা শিক্ষকরা বলছেন, তাদেরকে ‘অবগত না করেই’ কমিটিতে নাম দেওয়া হয়েছে।
এ অভিযোগ অস্বীকার ইউটিএল বলছে, নাম থাকা সবাই কমিটির বিষয়ে ‘অবগত’, তবে তাদের কাছ থেকে লিখিত নেওয়া হয়নি।
আপত্তি জানানো শিক্ষকদের মধ্যে রয়েছেন— সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা বেগম, সহযোগী অধ্যাপক মাহবুব কায়সার, সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিউটের অধ্যাপক নুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক সাইদুর রহমান।
তাদের মধ্যে দুজন সাদা দলের আহ্বায়ক বরাবর চিঠি দিয়ে স্পষ্ট করেছেন নিজের অবস্থান। একজন আপত্তির কথা জানিয়ে ইউটিএলের কেন্দ্রীয় আহ্বায়ককে চিঠি দিয়েছেন। আরেকজন চিঠি না দিলেও মুখ খুলেছেন নিজের আপত্তি নিয়ে।
সাদা দলের কাছে লেখা চিঠিতে অধ্যাপক সালমা বেগম লিখেছেন, “আমি হঠাৎ একটা তালিকায় লক্ষ্য করলাম, আমার নাম আছে— অথচ আমি এ ব্যাপারে কিছু জানি না। তাই এ ব্যাপারে আপনার সহযোগিতা দরকার। আমার অনুমতি ছাড়া কাজটা ঠিক হয়নি।”
যোগাযোগ করা হলে অধ্যাপক সালমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে না জানিয়ে একটা দলে আমার নাম রাখা হয়েছে। সেটা আমি আমার দলকে জানিয়েছি।”
অধ্যাপক নুরুল ইসলাম সাদা দলের আহ্বায়ক বরাবর লিখেছেন, “আমি হঠাৎ একটি তালিকায় দেখলাম যে, ইউটিএল নামক এক সংগঠনের আহ্বায়ক সদস্য। আমি এ ব্যাপারে অবহিত নই। তাই আপনার সহযোগিতা কামনা করছি।”
আপত্তির কথা জানিয়ে ইউটিএলের কেন্দ্রীয় আহ্বায়ক বরাবর চিঠি দিয়েছেন সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিউটের শিক্ষক সাইদুর রহমান।
তিনি লিখেছেন, “আজ ইউটিএল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কমিটি দেখলাম। উক্ত কমিটিতে আমার নাম অন্তর্ভুক্তির বিষয়ে আমি পূর্বে অবগত নয়।”
কমিটি থেকে নাম বাদ দেওয়ার জন্য চিঠিতে অনুরোধ জানিয়েছেন সাইদুর।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহবুব কায়সার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ইউটিএলের সাথে সম্পৃক্ত না। তারা কেন আমার নাম দিয়েছে, আমি জানি না।”
এ চারজনসহ আরও কয়েকজন ইউটিএলের কমিটিতে নাম থাকা নিয়ে আপত্তি তুলেছেন বলে জানিয়েছেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাছে সাদা দলের কয়েকজন মেম্বার চিঠি দিয়ে জানিয়েছেন— তাদেরকে না জানিয়ে তাদের নাম কমিটিতে রাখা হয়েছে।
“এছাড়া আমাদের অন্যান্য সদস্যদেরও অনেকে ফোন করে জানাচ্ছে এরকম অনেকের নাম তারা না জানিয়ে ব্যবহার করছে। এখন তারা অভিযোগ করছে। আমরা এ বিষয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব।”
এদিন বিকালে ইউটিএলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে কমিটি ঘোষণা করা হয়েছে, তাতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক যুবায়ের মুহাম্মদ এহসানুল হককে। আর সদস্য সচিব করা হয়েছে গণিত বিভাগের অধ্যাপক মোতালেব হোসেনকে।
না জানিয়ে কমিটিতে অন্তর্ভুক্তির অভিযোগের বিষয়ে অধ্যাপক যুবায়ের মুহাম্মদ এহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি তো জানি না, আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক তাদের যুক্ত করেছেন। আপনি তার সাথে কথা বলেন।”
ইউটিএলের কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়কের দায়িত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা অভিযোগ করেছে, তারা কমিটির বিষয়ে অবগত আছে। তবে আমরা কোনো লিখিত নিইনি আরকি। সাদা দল আর ইউটিএলের বিষয়টি আলাদা।”
গত ২৭ জুলাই আত্মপ্রকাশ করা ইউটিএল অরাজনৈতিক ‘পেশাদার’ সংগঠন হিসেবে দাবি করলেও সংগঠনটিকে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে। সংগঠনটির সদস্যরা জামায়াতপন্থি বলে ক্যাম্পাসে চাউর রয়েছে।