১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউটিএল’র আত্মপ্রকাশ

“এ সংগঠনের উদ্দেশ্য হলো রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 07:26 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ‘মর্যাদা রক্ষায়’ ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। 

শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন করে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়।

কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক আতাউর রহমান বিশ্বাসকে আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক বিলাল হোসাইন সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।

লিখিত বক্তব্যে বিলাল হোসাইন বলেন, “২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের পরের প্রেক্ষাপটে প্রয়োজন হয়ে পড়েছে একটি  পেশাদার শিক্ষক সংগঠনের, যা শিক্ষকদের মর্যাদা রক্ষা, অ্যাকাডেমিক সততা, নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ ও গবেষণায় উৎকর্ষ সাধন এবং গঠনমূলক সম্পৃক্ততা ও নীতিনির্ধারণের মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম। 

“ইউটিএল এ প্রয়োজন থেকেই জন্ম নেওয়া শিক্ষকদের একটি জাতীয় প্ল্যাটফর্ম। এর অন্যতম উদ্দেশ্য হলো রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়া।”

তিনি বলেন, সংগঠনের মিশন হবে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষক সংগঠন গড়ে তোলা; শিক্ষকদের অ্যাকাডেমিক, পেশাগত স্বার্থরক্ষা ও উন্নয়ন; শিক্ষা ও জাতীয় নীতিনির্ধারণে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখা; অ্যাকাডেমিয়াকে মুক্ত, নৈতিক ও গঠনমূলক জ্ঞানচর্চার ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করা; সর্বোপরি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস তৈরিতে প্রয়োজনীয় ভূমিকা রাখা।