তড়িঘড়ি সরকার গঠন ‘ভয়ে-আতঙ্কে’: রিজভী
“জালিয়াতির আবর্তে তাসের ঘরের ওপর সিংহাসন পাতলে এমন নির্ঘুম অনিশ্চয়তা, আতঙ্কে জীবন পতিত হয়”, বলেন রিজভী।
দ্বাদশ সংসদ নির্বাচনের পর চার দিনের মধ্যে সরকারগঠন নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নির্বাচনকে ‘ভুয়া’ মন্তব্য করে তিনি বলেছেন, “শেখ হাসিনার নিশিরাতের সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গেজেট জারি, তড়িঘড়ি শপথ ও নজিরবিহীন দ্রুততায় সরকার গঠনের ঘটনা প্রমাণ করে, এক অজানা ভীতি-আতঙ্ক ঘিরে ধরেছে তাকে।
“সমস্ত কিছু অবৈধ-ভুয়া, আর জালিয়াতির আবর্তে তাসের ঘরের ওপর সিংহাসন পাতলে এমন নির্ঘুম অনিশ্চয়তা আতঙ্কে জীবন পতিত হয়। এই মন্ত্রিসভা নিয়ে আমরা কী বলব? এটা ডামি; এই মন্ত্রিসভা নিয়ে কথা বলতে চাই না।”
গত ২৮ অক্টোবরের সংঘর্ষের পর থেকে টানা ৫৭ দিন বন্ধ থাকা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খোলার পর শুক্রবার প্রথম সংবাদ সম্মেলন আসেন রিজভী।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আবারও অনেকদিন পরে আপনাদের সঙ্গে দেখা হল। আমরা জানি না, আমাদের পরিস্থিতির পরিণাম কী হবে। আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে আছি। আপনারা এর মধ্যেও সহযোগিতা করেছেন, এজন্য আমি কতৃজ্ঞতা প্রকাশ করছি।”
বিএনপিবিহীন দ্বাদশ সংসদ নির্বাচনে ২২২টি আসনে জয় নিয়ে টানা চতুর্থবারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নির্বাচনের চার দিন পর বৃহস্পতিবার বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে।
নির্বাচন ও নতুন সরকারের সমালোচনা করে রিজভী বলেন, “দেশের জনগণ ও গণতান্ত্রিক বিশ্ব এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জনগণ ডামি নির্বাচন বর্জন করে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে। এর সঙ্গে জড়িত প্রক্রিয়া, ব্যক্তি, ফলাফল, শপথ, সংসদ, সরকার সবকিছুই প্রত্যাখ্যাত, অগ্রহণযোগ্য।”
‘থলের বিড়াল বেরুচ্ছে’
এবারের নির্বানে পরাজিত আওয়ামী লীগের প্রার্থীরাই ‘কারচুপি আর ভোট ডাকাতির’ কথা তুলে ধরছে বলে মন্তব্য করেন রিজভী।
তিনি বলেন, “আওয়ামী লীগের পরাজিত নেতারাই শেখ হাসিনাকে অবৈধ ভোটের প্রধানমন্ত্রী উপাধি দিচ্ছেন। এবার যে নির্বাচনের নামে ভোট ডাকাতি হয়েছে, তা নিজেরাই সংবাদ সম্মেলন করে তুলে ধরছেন। সংসদে বিদ্যুৎ বিক্রি করা এক গানের শিল্পী বলেছেন, মৃত মানুষ বিদেশে আছে তাদের ভোটও দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ও দলটির প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেছেন, নির্বাচনে অলৌকিক শক্তি কাজ করায় ভোটে কারচুপি হয়েছে। একচেটিয়া ভোট ডাকাতি হয়েছে।
“বরগুনা-১ আসনের আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেছেন, ভোটের ফল একহাতে তৈরি করা হয়েছে। একজন বলেছেন, গণভবন থেকে ফলাফল এসেছে। পরাজিত কুইন্সপার্টির এক নেতা বলেছেন, শেখ হাসিনা তামাশার নাটক করেছেন।”
রিজভীর ভাষ্য, “কাকে কত টাকা দিয়ে নির্বাচনে নেওয়া হয়েছে তা প্রকাশ্যে হিসাব দিচ্ছেন পরাজিত প্রার্থীরা। থলের বিড়াল সব বেরুচ্ছে আস্তে আস্তে। সব অপকর্মের খবর ফাঁস করছে। এতদিন বাংলাদেশ তথা বিএনপি বলেছে শেখ হাসিনা ভোট ডাকাত; আর এখন আওয়ামী লীগের লোকজনই তা বলছে।”
কারাগারে ‘নির্যাতনের’ অভিযোগ
কারাগারে থাকা বিএনপির অনেক নেতা অসুস্থ বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী তারা গুরুতর অসুস্থ। কিন্তু তারা চিকিৎসা পাচ্ছেন না। এরকম অসংখ্য নেতাকর্মী অসুস্থ। আমাদের সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম; আমি খবর পেয়েছি প্রচণ্ড অসুস্থতায় ভুগছেন কারাগারে। তার উপরে অনেকবার নিপীড়ন নির্যাতন হয়েছে। তাকে ফেলে দিয়ে পায়ের ওপর বুট দিয়ে খোঁচানো হয়েছে। রাষ্ট্রপতি (সাবেক) জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে যাওয়ার সময়ে শটগানের গুলিতে তার পা ঝাঁঝরা…প্রচণ্ড অসুস্থ সে। কিন্তু তার জন্য কোনো ধরনের চিকিৎসা নেই, যন্ত্রণায় কাকতরাচ্ছে।”
“জেলখানা হিটলারের আরেকটি কনসেন্ট্রেশন ক্যাম্প। এই কারাগারে আরেক ভয়াবহ গ্যাস চেম্বারে পরিণত করেছে সরকার।”
বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, তারিকুল ইসলাম তেনজিং, আমিনুল ইসলাম, মহানগর দক্ষিনের নাদিয়া পাঠান পাপন, মতস্যজীবী দলের আব্দুর রহিম, ড্যাবের তৌহিদ আউয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
