১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামায়াত নিয়ে বক্তব্যে ফখরুলের ‘আসল চেহারা’ দেখছেন কাদের

ফখরুল বলেছিলেন, জামায়াতের রাজনীতি ‘বিজ্ঞানসম্মত’।  কাদের বলেন, “ঐতিহাসিকভাবেই বিএনপির সঙ্গে স্বাধীনতাবিরোধী এই অপশক্তির গভীর আঁতাত ও সম্পর্ক রয়েছে।”

জামায়াত নিয়ে বক্তব্যে ফখরুলের ‘আসল চেহারা’ দেখছেন কাদের
২০১৭ সালে সাত বছর আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে মুখোমুখি ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 02:55 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

জামায়াতের ভূয়সী প্রশংসা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ‘আসল চেহারা’ প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ নেতা বলেন, “মির্জা ফখরুল ইসলামের বক্তব্যে এ কথা আবারও প্রমাণিত হয়েছে, যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন, স্বাধীনতাবিরোধী জামায়াতসহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে।”

কাদের বলেন, “মির্জা ফখরুলের বক্তব্যে প্রগতিশীলতার মুখোশের আড়ালে লুকিয়ে রাখা তার ‘আসল চেহারা’ উন্মোচিত হয়েছে। একইসঙ্গে তার বক্তব্যে উগ্র-সাম্প্রদায়িক অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার দুরভিসন্ধি প্রকাশিত হয়েছে।”

আগের দিন রাজধানীতে এক আলোচনায় ফখরুল বলেছিলেন, “আমি জামায়াতে ইসলামের রাজনীতি সমর্থন করি না। কিন্তু জামায়াতে ইসলামীর যে কৌশল, তাদের রাজনৈতিক যে প্রক্রিয়াটা তা অত্যন্ত বিজ্ঞানসম্মত, ঠিক কমিউনিস্ট পার্টির মত অনেকটাই…খেয়াল করে দেখবেন।”

এর ব্যাখ্যা দিয়ে বিএনপি নেতা বলেন, ‘‘তাদের স্টাডি সেল আছে… তাদের যে ছাত্র শিবির আছে তাদের প্রত্যেকটার সেল আছে।

‘‘তাদের লেখাপড়া করতে হয়, বই পড়তে হয়, সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয়। সেটার জন্য তারা নিজেরা পড়ে, তারা পত্রিকা প্রকাশ করে। এগুলোর চর্চা যদি না থাকে… জ্ঞানের চর্চা ছাড়া, জ্ঞান ছাড়া আপনি কখনও সাফল্য অর্জন করতে পারবেন না।”

ওবায়দুল কাদের বলেন, “জামায়াত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। জামায়াতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধ পরিপন্থি। রাজনীতির এই ধারা বারবার দেশবিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে।

“একজন দেশপ্রেমিক নাগরিক কখনই ৩০ লাখ শহীদের রক্তের অক্ষরে রচিত পবিত্র সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনাবিরোধী এই রাজনীতিকে স্বীকৃতি দিতে পারে না। যাদের রাজনীতি দেশের ভিত্তিমূলে আঘাত হানে তাদের কৌশল কখনও বিজ্ঞানসম্মত বা যৌক্তিক হতে পারে না।”

‘সামরিক স্বৈরাচার’ জিয়াউর রহমান এ দেশে স্বাধীনতাবিরোধী উগ্র-সাম্প্রদায়িক অপশক্তির রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল বলেও মন্তব্য করেন কাদের। তিনি বলেন, “ঐতিহাসিকভাবেই বিএনপির সঙ্গে স্বাধীনতাবিরোধী এই অপশক্তির গভীর আঁতাত ও সম্পর্ক রয়েছে। যে কারণে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা তাদের প্রতি এক ধরনের দায়বদ্ধতা অনুভব করে এবং সর্বদা পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে।

“স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির রাজনীতির সামাজিক বৈধতা ও স্বীকৃতি প্রতিষ্ঠায় বিএনপি বরাবরই প্রচেষ্টা চালিয়ে আসছে। বিএনপির রাজনীতি এই চক্রেই আবর্তিত। তারা স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে।”

আরও পড়ুন

সমর্থন করেন না, তবে জামায়াতকে প্রশংসায় ভাসালেন ফখরুল