২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘লেভেল প্লেইং ফিল্ডের’ সন্ধানে

মুজতবা হাকিম প্লেটো

Published : 19 Nov 2014, 08:55 PM

Updated : 01 Jul 2022, 05:51 PM

'লেভেল প্লেইং ফিল্ড' কথাটি বেশ চাউর হয়েছে। সমান সুযোগের ভিত্তিতে নির্বাচনের দাবিতে সোচ্চার হতে আজকাল শুধু বিরোধী দলই নয় কথিত সুশীল সমাজকেও দেখা যাচ্ছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে সুশীলরা সোচ্চার হলেও বিভিন্ন আঙ্গিক থেকে নির্বাচনকে আরও কত সম সুযোগসম্পন্ন ও স্বচ্ছ প্রতিযোগিতামূলক করা যায় তা নিয়ে তেমন হৈচৈ তাদের করতে দেখা যাচ্ছে না।

বর্তমান নির্বাচন ব্যবস্থায় বহু ক্ষেত্রেই 'লেভেল প্লেইং ফিল্ড' বজায় থাকে না। যেমন নির্বাচনী ব্যয়। এ নিয়ে শোভা বর্ধনের জন্য কিছু আলোচনা হয় বটে তবে তা কার্যকর কিছু নয়।

বিপদজনক হচ্ছে এই 'লেভেল প্লেইং ফিল্ড' প্রপঞ্চটি নিয়ে হৈচৈ এর মধ্যে দুরভিসন্ধিও রয়েছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারগুলোর কার্যকলাপ থেকে পাঠক এ বিষয়ে পরিষ্কার ধারণা এরই মধ্যে পেয়েছেন। নির্দলীয় উপদেষ্টা নিয়ে ওয়ান ইলেভেনের আগে দলগুলো যা করেছে তাতে আর বিতর্ক করে প্রমাণ করা লাগে না যে নির্দলীয় উপদেষ্টাই শেষ কথা নয়। ক্ষমতায় থাকলে নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণ করা যদি সম্ভব হয় তবে তা নির্দলীয় সরকারও করতে পারে। ৯১ থেকে সব কটি নির্বাচনেও পরাজিতরা ভোট কারচুপির অভিযোগ এনেছে। দেশী-বিদেশী নির্বাচন পর্যবেক্ষকদের সনদের তোড়ে যা চাপা পড়ে গেছে। আর এইসব পর্যবেক্ষকরা যে কোনো না কোনো স্বার্থে সংশ্লিষ্ট তা নিয়েও তর্ক অবান্তর।

গণতন্ত্রে ধরেই নেওয়া হয় সর্বাধিক জনগণ যাকে শাসক হিসেবে চায় সেই ক্ষমতা গ্রহণ করবে। কিন্তু বাংলাদেশের বর্তমান নির্বাচন পদ্ধতি তার কতটা পূরণ করতে পারছে? একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় যিনি সবচেয়ে বেশি ভোট পান তাকেই বিজয়ী ঘোষণা করা হয়। তিন বা ততধিক প্রার্থীর মধ্যে ভোট ভাগ হওয়ায় ৫০ শতাংশের কম ভোট পেয়েও নির্বাচিত হচ্ছেন অনেকে।

শুধু তাই নয়, জয় নিশ্চিত করতে বিচিত্র সব জোট গঠন অনিবার্য উঠেছে। এতে ছোট বড় সব রাজনৈতিক দলেরই মতাদর্শের আভরণটি খসে পড়ছে। ফুটবল দলের সঙ্গে রাজনৈতিক দলের তফাৎটা অস্পষ্ট হয়ে যাচ্ছে। এমন কী জোটগত রাজনীতি করতে গিয়ে স্বাতন্ত্রও হারাচ্ছে দলগুলো। জনমানসে দলগুলোর মতাদর্শহীন হয়ে পড়া দীর্ঘ মেয়াদে দলগুলোর জন্য অথবা রাষ্ট্রের জন্য কতটা ফলদায়ক?

জোটের প্রান্তিক দলগুলোর প্রভাব বড় দলগুলোর কার্যকলাপে ফুঁটে উঠছে। জিনিসের দাম নির্ধারণে উপযোগ তত্ত্বে প্রান্তিকের প্রভাবের সঙ্গে কী এর তুলনা চলে? কলার সংখ্যা বাড়লে উপযোগ কমবে দামও কমবে। তেমন একটা প্রভাব রাজনীতিতেও যেন দেখা যাচ্ছে। রসিকতামূলক সাইটে দেখছি বিএনপিকে 'বৃহত্তর জামায়াতের বিএনপি শাখা' বলে আখ্যায়িত করে। জামায়াতের আধিপত্য সাধারণভাবে দৃশ্যমান হয়ে ওঠায় এমন রসিকতার জন্ম হচ্ছে অনুমান করি। এতে বিপদজনক দিকটি হচ্ছে বিএনপির ৩৩% শতাংশ ভোটারের ওপর জামায়াতের ৮% শতাংশ ভোটারের প্রভুত্ব কায়েম হওয়া। এটি গণতন্ত্র-সম্মত বা 'লেভেল প্লেইং' হচ্ছে কি? এতে কি বর্তমান নির্বাচন কাঠামোর কোনো দায় আছে?

পঞ্চাশের দশকের যুক্তফ্রন্টেও ভূইফোঁড় দলের সমস্যা নিয়ে বঙ্গবন্ধু আত্মজীবনীতে লিখেছেন। ভোট না থাকলেও নীতি নির্ধারণে যে ছোট দলগুলো বড় দলের ওপর ছড়ি ঘোরাতে কসুর করে না সে কাহিনী আছে ওতে। ফলে খর্ব হয়ে পড়ে প্রধানগুলোর অধিকার ও স্বাধীনতা।

বর্তমান নির্বাচন ব্যবস্থায় জনগণের বঞ্চনার আরও বড় বিষয়টি উত্থাপনের আগে বিগত নির্বাচনের ফলাফল তুলে ধরছি। এসব নির্বাচনেও কমবেশি প্রশাসনিক হস্তক্ষেপ, কারচুপি, সম্মিলিত ভোট, দলীয় কোন্দলে বিদ্রোহী ও 'ড্যামি' প্রার্থীর ভোট ভাগাভাগির অভিযোগ থাকায় দলগুলোর প্রকৃত জনসমর্থনের চিত্র পুরোপুরি পাওয়া যাবে না।

১৯৭০ সালে আওয়ামী লীগ জাতীয় পরিষদ নির্বাচনে ১৬২ আসনে ১,২৩,৩৮,৯২১টি (৭৪.৯%) ও ১৬০টি আসন এবং প্রাদেশিক পরিষদ নির্বাচনে ৩০০ আসনে ৮৯% ভোট ও ২৮৮টি আসন পায়।

জামায়াতে ইসলামি ১৯৭০ সালে জাতীয় পরিষদ নির্বাচনে ৭০টি আসনে ৯,৯১,৯০৮টি (৬%) ভোট পেলেও আসন পায়নি। তবে প্রাদেশিক পরিষদ নির্বাচনে দলটি ৩% ভোটসহ একটি আসন পায়।


'৯১ থেকে প্রধান নির্বাচনগুলোর ফলাফলে আওয়ামী লীগ ও বিএনপির প্রাপ্ত ভোটের পার্থক্যের তুলনায় প্রাপ্ত আসনের ব্যবধান অনেক বেশি। বর্তমান নির্বাচন ব্যবস্থার এটি সবচেয়ে বড় ত্রুটি। ৪০.৮৬% ভোট পেয়ে বিএনপি ১৯৩টি আসন আর ৪০.২১% ভোট পেয়ে ৬২টি আসন পায় আওয়ামী লীগ। ফলে জনগণের মতামতের প্রকৃত প্রতিফলন সংসদে ঘটছে না। দেশ শাসনে 'লেভেল প্লেইং ফিল্ড' এখানে কোথায়?

আরও মজার ব্যাপার হচ্ছে, কোনো কোনো বিভাগে কোনো দলের প্রাপ্ত ভোটের সংখ্যা বেশি হলেও আসন সংখ্যা কম। এটি দেশের ক্ষেত্রেও ঘটে যেতে পারে। আর এমনটি কখনো হলে প্রকৃত সংখ্যালঘিষ্ঠরা দেশ শাসন করবে! 'এক ব্যক্তি এক ভোট' এই নীতি প্রতিষ্ঠা করতে এদেশে অনেক সংগ্রাম করতে হয়েছে। প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়নে আরও পথ পাড়ি বাকি রয়েছে তা বোধগম্য। তাই সংবিধান সংশোধনসহ মূল বিধান রদবদলে সংসদের আসন সংখ্যা ছাড়াও দলীয় ভোটের হিসেব আমলে নেওয়ার বিধান করা জরুরি। দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও এটি আবশ্যক; গত নির্বাচনগুলোয় দু'পক্ষের আসন সংখ্যায় নাটকীয় উত্থানপতন ঘটতে দেখা গেলেও মোট প্রাপ্ত ভোট মোটামুটি স্থিতিশীল।

২০০৮ সাল ছাড়া বিগত নির্বাচনগুলোয় ৫০% এর বেশি ভোট পেয়ে নির্বাচিত সাংসদের সংখ্যা অত্যন্ত কম। ২০০৮ এ এর ব্যতিক্রম হলেও ৩৬ জন ৫০% শতাংশের কম ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। আর বরাবরের মতো ৪০ শতাংশের কম ভোট পেয়েও কয়েকজনকে সাংসদ হতে দেখা গেছে। এতে জনগণ অধিকার বঞ্চিত হয় না কি? টাকা দিয়ে ভোট কেনাসহ অন্য সব অনৈতিক পন্থার মতোই জনগণকে কৌশলে সাময়িক বিভাজিত করে সংখ্যালঘিষ্ঠের শাসন কায়েমও নীতিগতভাবে গর্হিত। তাই এর বিরুদ্ধেও ব্যবস্থা থাকা প্রয়োজন। আর তা অনেকটাই সম্ভব দু'দফা নির্বাচন ব্যবস্থায়।

প্রথম দফায় কোনো আসনে কেউ ৫০% ভোট না পেলে সে আসনে পুনরায় নির্বাচন হবে। আর তাতে প্রার্থী হবেন প্রথম দফা নির্বাচনে বেশি ভোট পাওয়া প্রথম দুই প্রতিদ্বন্দ্বী। এ ধরনের নির্বাচন অনেক দেশেই চালু আছে। এতে বড় দলগুলোর ওপর প্রান্তিক দলগুলোর আধিপত্য কমার পাশাপশি বেশিরভাগ আসনে শরিক দলের বদলে ভোটারদের সঙ্গে প্রাথীরা সরাসরি সম্পর্ক স্থাপনের সুযোগ পাবে। জোটগত রাজনীতির কারণে দলগুলোর ভেঙে পড়া মতাদর্শ সমুন্নত রাখার সম্ভাবনা বাড়বে; ভোট ভাগ করার নোংরা রাজনীতিও অনেকাংশে অকার্যকর হয়ে পড়বে। এছাড়া 'ভোট নষ্টের' কুসংস্কার আর ঘৃণিত প্রার্থীর আতঙ্কে 'ঠেকানোর রাজনীতি' মুক্ত হয়ে ভোটাররা অন্তত প্রথম দফায় তাদের সর্বাধিক পছন্দের প্রার্থীকে ভোট দেবার সাহস পাবে।

বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে সংখ্যালঘিষ্ঠের আধিপত্য চলছে। রাজনৈতিক জোটে ছোট দলগুলোর আধিপত্য মানে জনগণের ওপর লঘিষ্ঠের আধিপত্য কায়েমই। তেমনই জনবিচ্ছিন্ন কতিপয় সুশীলকে নিয়ে নির্দলীয় তত্ত্ববধায়ক সরকার গঠন মানে জনগণের ওপর কতিপয়ের আধিপত্য প্রতিষ্ঠার পথ করে দেওয়া। তাই বড় দলগুলোর উচিৎ এমন এক পন্থা অবলম্বন করা যাতে সংখ্যালঘিষ্ঠের আধিপত্য খর্ব করে জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়।

মুজতবা হাকিম প্লেটো:সাংবাদিক।