১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: চারিদিকে অশনি সংকেত

মরিয়ম সুলতানা

Published : 21 Apr 2020, 03:17 PM

Updated : 01 Jul 2022, 05:36 PM

ছোটবেলা থেকে বইপত্তরে পড়েছি, মানুষ সামাজিক জীব। আসলেই কি তাই? এছাড়া এও কথিত আছে, বিপদে পড়লে মানুষের আসল রূপ দেখা যায়। হয়তো এই কথার সত্যতা প্রমাণ করতেই আজ অভিশাপরূপে করোনাভাইরাসের আবির্ভাব।

মানুষ আজ দ্ব্যর্থহীনভাবে নিজেদের শরীর থেকে সেই সামাজিক জীবের তকমা ঝেড়ে ফেলছে, ধনী-গরীব নির্বিশেষে তীব্রভাবে আঁকড়ে ধরেছে বহুল প্রচলিত প্রবাদ 'চাচা আপন প্রাণ বাঁচা'-কে, নিজেদের অজান্তেই প্রকাশিত হচ্ছে আমাদের ভেতরে সুপ্ত অবস্থায় লুকিয়ে থাকা কদর্যতম রূপ। আজ আমরা মানুষই হয়ে উঠেছি মানুষের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বেশি অসামাজিক। দিনশেষে কেউ যে কারো আপন নয়, বরং মহাশূন্যের মতো একা; এই এক করোনাভাইরাস এসে তা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। আমরা খুব ভাল করেই জানি যে কাল কিংবা পরশু, অন্যান্য মহামারীর মতো ধরিত্রী মাতার বুক থেকে এই করোনাভাইরাসও বিদায় নেবে। শুধু সঙ্গে করে নিয়ে যাবে আমার আপনার মতো অজস্র মানুষের প্রাণ। আর চিরকালের জন্য মানুষের মনোজগতে সিলগালা করে রেখে দিয়ে যাবে এক সঙ্গাতীত আতঙ্কের ছাপ। অন্তত এই প্রজন্মের জন্য এটা এক বিশাল ধাক্কা। কারণ জন্মের পর থেকে এমন অবরুদ্ধ বাংলাদেশ আর ভীত-সন্ত্রস্ত পৃথিবী, চূড়ান্ত পর্যায়ের অমানবিকতা আর মানুষের দু'চোখ ভর্তি অবিশ্বাসের সুর আমরা কোনদিন দেখিনি।

'৯০ এর শেষদিকে আমার জন্ম, স্বভাবতই আমি পঞ্চাশের মন্বন্তর দেখিনি। কিন্তু বই পড়ে জেনেছি যে ১৯৪৩ সালের ঐ দুর্ভিক্ষে দুই বাংলায় চালের ভয়াবহ আকাল দেখা দেয়, দু'মুঠো ভাতের জন্য বাংলার আকাশে-বাতাসে তখন হাহাকার লেগে যায়। পথে-প্রান্তরে লুটিয়ে পড়তে থাকে অভুক্ত মানুষ, ক্ষুধায় প্রিয়জনের মৃত্যুতে এতটুকু আহাজারি রোনাজারি করার শক্তিও অবশিষ্ট ছিল না মানুষের মাঝে। এখানে-ওখানে পড়ে থাকতে দেখা যায় হাড্ডিসার লাশ। শেয়াল, কুকুরে মিলে ছিবড়ে খেয়েছে সেইসব পঁচা, গলিত, অবহেলিত দেহাবশেষ। এই লাশের আনুমানিক সংখ্যাটা হলো ৩০ লক্ষ। কোনো কোনো সূত্র আবার বলে ৩০ না, ৫০ লক্ষ। সত্যি বলতে একটা বয়স পর্যন্ত এ সবকিছুকেই আমার রূপকথা বলে মনে হতো। কিন্তু পরবর্তীতে আমি শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা বিভিন্ন দুর্ভিক্ষের ছবি দেখেছি, কাক এবং মানুষ শুধু্মাত্র এক মুঠো খাবারের জন্য পারস্পরিক দূরত্ব ঘুচিয়ে এক কাতারে নেমে এসেছে। দেখেছি মৃত্যুপথযাত্রী বৃদ্ধার দু'হাতে শূন্য থালা, শত প্রতিকূলতার মাঝেও তার দু'চোখ জুড়ে আরেকটু ক্ষণ বেঁচে থাকার কি সুতীব্র আকুলতা! বড় হয়ে আমি সত্যজিৎ রায়ের 'অশনি সংকেত' দেখেছি। উপলব্ধি করেছি, ঠিক কেন আসলে 'ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র চিবিয়ে খাবো' কথাটার জন্ম। কিন্তু দুর্ভিক্ষ কিংবা মহামারী সেই ভয়ংকর রূপ যে আমি আমার জীবদ্দশায় দেখে যাব, এ আমি কোনদিন আমার দুঃস্বপ্নেও ভাবিনি।

ইতিহাস বলে, আমার যুদ্ধবিধ্বস্ত স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ একবার দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিল যা এখন আমাদের কাছে '৭৪ এর দুর্ভিক্ষ নামে পরিচিত। '৭৪-এর সেই দুর্ভিক্ষ ১৯৭৪ সালের মার্চ মাসে শুরু হয়, শেষ হয় ঐ বছরেরই ডিসেম্বর মাসে। মাত্র ১০ মাস ছিল এর স্থায়িত্বকাল। কিন্তু এই ১০ মাসেই সরকারি হিসেব অনুযায়ী ২৭,০০০ মানুষ মৃত্যুবরণ করে, কেবল দু'বেলা দু'মুঠো ভাত না পেয়ে। আর বেসরকারি হিসেবে অনুমানিক ১,০০,০০০ থেকে ৪,৫০,০০০ জন মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মৃত্যুবরণ করে। বলা হয়ে থাকে, এই দুর্ভিক্ষ স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ। কিন্তু আমি হলফ করে বলতে পারি, সেই দুর্ভিক্ষে আমার দেশ মাতা আজকের মতো এতটা নিষ্ঠুরতা আর পাশবিকতার সম্মুখীন হয়নি। এই উনবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা আজ নিজেদেরকে আধুনিক, সভ্য মানুষ হিসেবে পরিচয় দিচ্ছি ঠিক-ই। কিন্তু আমাদের অন্তরাত্মা জানে যে প্রয়োজনে আমরা ঠিক কতটা বর্বর আর বন্য হতে পারি।

ক্ষমা করো, মা

উদাহরণ হিসেবে প্রথমেই বলতে হয় গত ১৪ এপ্রিলের কথা। নতুন বছরের প্রথম দিন। দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে তখন, আমি ফেইসবুকের হোমপেইজ স্ক্রল করছি। হঠাৎ প্রথম আলো'র একটা শিরোনামে চোখ আটকে গেলো। "করোনা সন্দেহে মাকে সখীপুরের বনে ফেলে গেলেন সন্তানেরা।"

কি নির্মম! পুরো খবরটা পড়ার পর আমার শিরদাঁড়া বেয়ে যেন ঠাণ্ডা কিছু নেমে গেলো, হু হু করে কেঁদে উঠলো আমার বুকের ভেতরটা। কেবল-ই মনে হল, এও সম্ভব? এ কোথায় বসবাস করছি আমরা? এটা কি মানুষের পৃথিবী? না চাইতেও তখন আমার মনে পড়ে গেল নচিকেতা চক্রবর্তী'র সেই বিখ্যাত গান-

একশো বছর বাঁচতে চাই এখন আমার ষাট, পঁচিশ বছর পরে খোকার হবে ঊনষাট।

আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা-আমি দু'জনেতে থাকবো পাশাপাশি।

সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি, খোকা আর বৃদ্ধাশ্রম!

অবশ্য ঐ বৃদ্ধা মায়ের কপাল একপ্রকার ভালই বলতে হবে। বৃদ্ধাশ্রমে ঠাঁই না হয়ে তার ঠাঁই হয়েছে এক বনে, প্রকৃতি মাতার কোলে যেখান থেকে তার কান্নার শব্দ অনুসরণ করে রাতের অন্ধকারে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করেছিল। কিন্তু বৃদ্ধাশ্রমে ঠাঁই হলে হয়তো দেখা যেতো যে স্পেনের মতো ঘটনা ঘটছে আমাদের এখানেও। সন্তানরা তো দেখলোই না, উল্টো বৃদ্ধাশ্রমে বৃদ্ধদেরকে ফেলে রেখে করোনার ভয়ে পালিয়ে যাচ্ছে আশ্রমের কর্মীরা।

হারিয়ে যাচ্ছে সামাজিক সৌজন্যতাবোধ

আজকাল আমার প্রায়-ই মনে হয়, "হায়রে মানুষ রঙিন ফানুশ, দম ফুরাইলে ঠুশ!"  গানটা যেন বর্তমান পরিস্থিতির জন্যই তৈরি। গোটা পৃথিবীতে এখন লাশের বন্যা বইছে। সামান্য এক অজানা, অদৃশ্য, অস্পৃশ্য ভাইরাসের কারণে। পিছিয়ে নেই প্রিয় স্বদেশও। আইইডিসিআরের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯২ জন এবং মৃতের সংখ্যা ১০। সবমিলিয়ে দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪৮ এবং মৃত্যুবরণ করেছেন ১০১ জন। এ এমন-ই এক দুঃসময়, যখন সবাই সবার দিকে অবিশ্বাস এবং সন্দেহ ভরা দৃষ্টিতে তাকাচ্ছে। আর মৃত্যুভয় তাড়া করে বেড়াচ্ছে সকলকে।

এদিকে গত ২৬ মার্চ থেকে সকল প্রকার পরিবহন ব্যবস্থা বন্ধ, কারণ দুয়ারে দুয়ারে ওঁৎ পেতে আছে করোনাভাইরাসের করাল থাবা। অথচ এতকিছুর মাঝেও সব বাঁধাকে তোয়াক্কা করে শহরগুলিতে আটকা পড়া মানুষেরা নিজ নিজ গ্রামে চলে আসার চেষ্টা করছে। কেউ আসছে মালবাহী ট্রাকে করে, কেউ আসছে তরমুজের ট্রলারে চড়ে। আর এদের মাঝে কেউ করোনাভাইরাস আক্রান্ত হয়ে থাকলে সংক্রমণ ঘটাচ্ছে আরও অসংখ্য মানুষের মাঝে। অপরদিকে একদল লোক করোনার উপসর্গ গোপন করে যাচ্ছে হাসপাতালে। শনাক্ত হওয়ার পর লকডাউন করা হচ্ছে গোটা একটা ইউনিট কিংবা হাসপাতল। করোনাভাইরাস ধরা পড়লে পাছে তাদেরকে যদি জনবিচ্ছিন্ন করে রাখা হয়! এই ভয়ে। এখানেই থেমে নেই। আইসোলেশনে থাকা রোগী পালিয়ে আসছে হাসপাতাল থেকে, কেউ কেউ আবার দিচ্ছে আত্মহত্যার হুমকি। কি অস্থির সময়, না?

কিন্তু আমার কথা হলো, এই মানুষগুলি এমন লাগামহীন পাগলামি কেন করছে? কেবলই অজ্ঞতার জন্য নাকি অন্যকিছু? এক্ষেত্রে আমার মনে হয়, এসবের জন্য একটা বৃহৎ সংখ্যক মানুষের "মরলে বাপ দাদার ভিটেয় গিয়ে মরবো" বা "সাড়ে তিন হাত মাটি তো পাব" জাতীয় মনোভাব অনেকাংশে দায়ী। কারণ মানুষ এখন বুঝে গেছে, একবার করোনায় ছুঁলে কোনো মানুষ আর তাদেরকে ছুঁবে না। আর করোনাভাইরাস আক্রান্তের খবর ছড়ানোর পর মরে গেলে স্থান হবে না বাপ দাদা'র ভিটেতেও, আপত্তি তুলবে স্বয়ং গ্রামবাসী।

নয়তো আমরা কেউ কি কোনোদিন ভেবেছি যে এমন একদিন আসবে যখন অসুস্থ হলে কিংবা মরে গেলে স্বজন স্পর্শ করবে না স্বজনকে, প্রতিবেশী আসবে না সহমর্মিতা জানাতে! গহীন জঙ্গলে মাকে ফেলে যাবে প্রাণাধিক প্রিয় সন্তান! মৃত সন্তানের লাশ নিয়ে বসে থাকবে মা, চিৎকার করে ডাকবে কিন্তু সৎকারের জন্য এগিয়ে আসবে না কেউ! বাবাকে বহন করতে হবে সন্তানের লাশ! এমনকি করোনায় মৃত ব্যক্তির লাশ গ্রহণে অস্বীকৃতি জানাবে তার পরিবার! ভাবিনি। এই অতিথি পরায়ণ জাতি এখন কারোর স্বাভাবিক মৃত্যুতেও লাশ দাফন-কাফন এবং জানাজা পড়ানোর জন্য এগিয়ে আসছে না আর। কালেভদ্রে যদি জানাজা পড়ানোর জন্য কাউকে খুঁজেও পাওয়া যায়, কেউ শামিল হচ্ছে না সেই জানাজায়। দাফন কাফনের জন্য এখন গ্রামবাসী বা প্রতিবেশীর পরিবর্তে এগিয়ে আসতে হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে। মসজিদগুলোতেও এখন আর মৃত্যুর সংবাদ প্রচার করা হচ্ছে না। তবে সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, করোনা আক্রান্ত মৃত ব্যক্তির লাশ বহন করবার জন্যে খাটিয়াটুকু পর্যন্ত দিচ্ছে না কর্তৃপক্ষ।

আমাদের এখন সতর্ক থাকতে হবে, তাই বলে এভাবে? ভাবলেও ক্লান্ত লাগে। তখন আমি নিজেকে বোঝাই, সবকিছু ভেঙ্গে পড়ার এইতো সময়।

এ যেন চুরি, খুনোখুনি আর ধর্ষণের মৌসুম!

শুনেছি, সংকটের সময় মানুষের স্বাভাবিক বোধবুদ্ধি লোপ পায়। কিন্তু ন্যূনতম বিবেকবোধ এবং মানবতাও যে বিলুপ্ত হয়ে যায়, সেটা আমার বোধগম্য ছিল না। করোনাভাইরাসের ভয়ে গোটা বিশ্ব যখন আতঙ্কগ্রস্ত, আমাদের দেশের  কোনো কোনো নেতাকর্মী তখন চুরির চাল কোথায় লুকাবে, সেই চিন্তায় ব্যতিব্যস্ত। যখন তারা দেখল, অবস্থা বেগতিক, বাঁচার কোনো রাস্তা নেই; তখন তারা দিগ্বিদিকশূন্য হয়ে বস্তা বস্তা চুরি করা চাল ফেলে দিয়েছেন জলের তলদেশে, কেউ কেউ রেখেছেন পাতালে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত দুই সপ্তাহে সারাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩ হাজার বস্তা চুরি হওয়া ত্রাণের চাল উদ্ধার করেছে আইনশৃ্ঙ্খলা বাহিনী। এদিকে আবার গত ১৬ এপ্রিল জানা গেল যে দেশে কেবল চাল চোরই নয়, দেখা মিলেছে তেল চোরেরও। অথচ দেশের আনাচে-কানাচে অসংখ্য মানুষ আজ কর্মহীন। কাজ হারিয়ে ভাত জোগাড় করতে না পেরে আত্মহত্যা করছে ৩০ বছরের তাগড়া জোয়ান। প্রায় অভুক্ত অবস্থায় আধপেটা খেয়ে কায়ক্লেশে দিন যাপন করছে অসংখ্য মানুষ। কারোর কারোর নেই সামান্য জাউভাত খাওয়ারও সম্বল। যেখানে আশংকাজনক ভাবে বাড়ছে মৃতদের তালিকা, সেখানে এরা চুরি করতে উদ্যত হয় কী করে! একবারের জন্যও এদের হাঁত কাঁপে না! গলা দিয়ে নামে ঐ খাবার? আমি অবাক হয়ে ভাবি। কিন্তু ভেবে কূল কিনারা করতে পারি না।

তবে সবচেয়ে লোমহর্ষক ব্যাপার হলো, চোরের মায়ের বড় গলা  প্রবাদের মান রাখতে আজকাল এরা সকলে মিলে উঠে পড়ে লেগেছেন। কারণ সর্বপ্রথম এরা ত্রাণের চাল সাধারণের হাতে হাতে পৌঁছে না দিয়ে নিজেরা মজুদ করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। দ্বিতীয়ত, ত্রাণ না পেয়ে কেউ মুখ খুললে তারও বারোটা বাজিয়ে দিচ্ছেন। এই গত শনিবারের ঘটনা। স্থানীয়ভাবে ত্রাণ না পেয়ে সরকারি হটলাইন ৩৩৩-এ ফোন দিয়ে নিজের এবং প্রতিবেশীদের জন্য সহায়তা চেয়েছিলেন নাটোরের এক বৃদ্ধ। কিন্তু তারপর ভাতের বদলে তার কপালে জুটেছে লাঠির বাড়ি। চেয়ারম্যান নিজে ঐ বয়োবৃদ্ধ কৃষককে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে চৌকিদারের লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা করেছেন। অথচ এই নেতা কর্মীদেরকে নিজেদের অর্থায়নে কাউকে চাল, তেল বিতরণ করতে বলা হয়নি। বলা হয়নি ডাক্তার, পুলিশ, সাংবাদিকদের মতো জীবন বাজি রাখার মতো কোনো কাজ করতে। শুধু বলা হয়েছিল, আমার আপনার বাবা-মায়ের রক্ত পানি করা ট্যাক্সের টাকায় কেনা চালগুলি যেন মানুষের হাতে পৌঁছে দেয়। কিন্তু তা তো দিলোই না, উপরন্তু তারা নিজেদের আখের গুছিয়েছেন, দরিদ্রের ওপর কষাঘাত করেছেন, কেউ কেউ আবার ত্রাণ দেয়ার নামে মত্ত হয়েছেন ধর্ষলীলায়। বাদ যাচ্ছে না ১০ বছরের ছোট্ট কন্যা শিশুও।

সুতরাং, যা বলছিলাম। প্রয়োজনে যে আমরা বাস্তবিকার্থেই কল্পনাতীত রকমের বর্বর আর বন্য হতে এতটুকু পরিমাণ কুণ্ঠাবোধ করি না, এই করোনাভাইরাস সংকট তার মোক্ষম উদাহরণ। তবু স্বপ্ন দেখি, একদিন পৃথিবী সত্যিই করোনাভাইরাস মুক্ত হবে। মানুষ মানুষের পাশে দাঁড়াবে। গড়ে তুলবে এক মানবিক পৃথিবী।