বাড়িভাড়ার মাৎসন্যায়
''আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব
এক ভাড়াতেই,
সেটা টিকটিকি।
তফাত আমার সঙ্গে এই শুধু,
নেই তার অন্নের অভাব।''
রাজধানীর ১৮ পুরানা পল্টনে তৃতীয় তলায় বাসা আর একই হোল্ডিংয়ে পাশের ভবনের ছয় তলায় বৈদেশিক মুদ্রা সরবরাহ ও যোগানদার ব্যবসায়ী মোহাম্মদ আবদুল লতিফের কার্যালয়। ১১ বছর ধরে এ দুই বাড়িতে ভাড়াটে হিসেবে ব্যবসা পরিচালনাসহ পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। বাড়িভাড়া চুক্তি থাকা অবস্থাতেই বাড়ির মালিক তাকে কোনো যৌক্তিক কারণ ছাড়া বাড়ি ছেড়ে চলে যাওয়ার নোটিশ দেন। ঢাকার বাড়িভাড়া নিয়ন্ত্রকের আদালতে (ঢাকার চতুর্থ সহকারী জজ আদালত) মামলা করার পর বাড়িভাড়া আদালতের মাধ্যমে বাড়ির মালিকের বরাবরে জমা দিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু মালিকের এসবে কিছু আসে-যায় না। বাড়ি ছেড়ে দেওয়ার জন্য মামলার আগেও হুমকি, শারীরিক প্রহার এবং মামলার পরেও একই কাজ করছেন বাড়ির মালিক। উচ্ছেদের মামলা না করে গুণ্ডা-পাণ্ডা লাগিয়ে দিচ্ছেন।
ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতের সহকারী সেরেস্তাদার মোস্তফা কামাল থাকেন পুরানো ঢাকার আরসিন গেট এলাকার সি/২৫ নম্বরের বাসায়। বারবার চাওয়ার পরও বাড়িওয়ালা তাকে কোনো প্রকার ভাড়ার রশিদ দেন না। দফায় দফায় ভাড়া বাড়াতে গেলে তিনি সংশ্লিষ্ট আইনের ব্যাখ্যা শুনান বাড়িওয়ালাকে। বাড়িওয়ালা ব্যাখ্যা শুনে রেগে গিয়ে তাকে সাফ বলে দেন দুই মাসের মধ্যে বাড়ি ছেড়ে দিতে।
মোস্তফা কামাল বলেন, ''আপোষে চুপচাপ বাড়ির মালিকের সব অত্যাচার মেনে নিয়ে লক্ষী, সুবোধ হয়ে ওই বাড়িতে রাতে ঢুকি, সকালে বেরিয়ে যাই। আদালতের কর্মচারী হয়েও, সংশ্লিষ্ট আইন-কানুন জেনেও এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আদালতের দ্বারস্থ হচ্ছি না। কারণ ঝামেলা করলে আমাকে এ বাড়ি ছেড়ে দিতে হবে। আশেপাশে ভাড়াটে হিসেবে ওঠার মতো খালি বাড়িও নেই।''
একদিকে বাড়িভাড়া আইনের অসম্পূর্নতা, অন্যদিকে যতটুকুন আইন আছে তারও প্রয়োগ নেই। যে কারণে রাজধানীর লক্ষ লক্ষ ভাড়াটের ভোগান্তি বেড়েই চলেছে। সীমাহীন ভোগান্তিতে থাকা অতিষ্ঠ অধিকারবঞ্চিত এসব মানুষ কোথায় আশ্রয় পাবেন, কার কাছে কষ্টের কথা জানাবেন তা জানেন না। বাড়ির মালিকদের অন্যায়-অনাচার, অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক পেশীশক্তির কাছে সাধারণ, অসাধারণ, নিম্নআয়ের, মধ্যআয়ের মানুষ দিশেহারা।
কিন্তু কালোটাকার অর্থনীতি আর তার পোষক-রাষ্ট্র এই সব সামন্তীয় মালিককূলের পক্ষে। ইত্যাকার বিষয়দৃষ্টে মনে হয়, সংসদ, সংশ্লিষ্ট মন্ত্রনালয় তাদের তখতে-তৌখ রক্ষার জন্য শুধুমাত্র আপাতদৃষ্টিতে জনগণের পক্ষে মনে হওয়া বিষয়গুলো নিয়ে চিৎকার হৈচৈ করলেও পাঁচটি মৌলিক অধিকারের একটি, বাসস্থান সমস্যা সম্পর্কে কোনো কার্যকর নীতি প্রণয়ন করছে না। দেশে নিম্ন, মধ্য আয়ের মানুষের সরকার থাকলে বাড়িভাড়া নিয়ে এমন মাৎসন্যায় থাকত না।
গণমাধ্যমে লেখা হয়, বামপন্থীদের আন্দোলন হয়, উচ্চ আদালতের দ্বারস্থ হন কেউ কেউ। কিন্তু অবস্থা তথৈবচ থাকে। বাড়িভাড়া নামের পাগলা ঘোড়ার রশি কেউ টেনে ধরে না। বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য, বাড়ি ভাড়া; বাড়তে থাকে মধ্যবিত্তের অস্তিত্ব রক্ষার সংগ্রাম।
আইনজীবী, বিচারপ্রার্থী এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের বিভিন্ন কর্তাব্যক্তির সঙ্গে আলাপে উঠে আসে বাড়িভাড়া-সংক্রান্ত জটিলতার কথা। বাড়িভাড়া আইন প্রণয়নের পর থেকেই তা কখনও জীবন পায়নি। অকার্যকর হয়ে আছে। আইনের প্রয়োগ না থাকায় বাড়িওয়ালা ভাড়াটিয়ার দ্বন্দ্ব এখন একটি নৈমিত্তিক ঘটনা।
তারপর দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, পানি, গ্যাস, বিদ্যুত বিল বেড়ে যাওয়ায় বাড়িওয়ালা কোনো আইনের তোয়াক্কা না করেই বাড়িভাড়া আইনে নির্ধারিত ভাড়ার চেয়ে তিন-চার গুণ বেশি বাড়িয়ে দেন। বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের উপরে অধিপত্য বিস্তারের লক্ষ্যে কোনোরুপ চুক্তি ছাড়াই বছরের পর বছর ভাড়া বৃদ্ধি করে থাকেন।
তাছাড়া অধিকাংশ বাড়ির মালিক ও ভাড়টেই বাড়িভাড়া আইন সম্পর্কে ওয়াকিবহাল নন। বাড়িভাড়া নিয়ন্ত্রণ আদালত সম্পর্কেও অধিকাংশরা কিছুই জানে না, সরকারের এ ব্যাপারে উদ্যোগও নেই। আলাপকালে তাদের অধিকাংশই বাড়িভাড়া আইনটিরও সংস্কার চান।
অনুসন্ধানে জানা যায়, অতীতে বাড়িওয়ালা-ভাড়াটিয়া দ্বন্দ্ব ততটা প্রকট না হলেও বর্তমানে এটি মারাত্মক রকমের নৈরাজ্যিক পরিস্থিতির সৃষ্টি করেছে। এককালে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার সম্পর্ক, স্বত্ব ও ইত্যকার বিষয় সুরাহা করা হত ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইন দিয়ে। সে সময় এ সম্পর্কে এত ব্যাপক ও সুনির্দিষ্ট আইনের উপস্থিতি ছিল না। বাড়ির মালিক ইচ্ছামতো ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারতেন। ক্রমশ সম্পর্কের তিক্ততা ব্যাপক আকার ধারণ করায় এর জন্যে সুনির্দিষ্ট আইন তৈরির প্রয়োজনীয়তা উপলব্ধি হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারত প্রতিরক্ষা আইন প্রণীত হয়। এ আইনের ক্ষমতাবলে ১৯৪২ সালের ২০ ফেব্রুয়ারি বঙ্গীয় বাড়িভাড়া আদেশ জারি হয়। এই আদেশ কোলকাতা ছাড়া সমগ্র বাংলায় প্রচলিত ছিল। এ আইন চলে ১৯৪৬ সাল পর্যন্ত। ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে ভারত প্রতিরক্ষা আইন বিলুপ্ত হলে এর অধীন বঙ্গীয় বাড়িভাড়া আদেশও বাতিল হয়ে যায়।
কিন্তু বাড়িভাড়ার বিষয়ে আইন জরুরি বিধায়, ১৯৪৬ সালেই বাড়ি ভাড়া সম্পর্কে আইন জারি করা হয়। যা ১৯৪৬ সালের ৫ নম্বর আইন নামে পরিচিতি পায়। এ আইন কার্যকর থাকে ১৯৪৭ সাল পর্যন্ত।
এরপর, ১৯৫১ সালে পূর্ব বাংলা বাড়িভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি করা হলেও, তা ১৯৫২ সালে বাতিল হয়ে যায়। ১৯৫৩ সালের ২১ মার্চ আবার পূর্ব বাংলা বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন জারি করা হয়। এর মেয়াদ নির্দিষ্ট হয় ১৯৫৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু নতুন আইন প্রণীত না হওয়ায় এ আইনের মেয়াদ বিভিন্ন সময়ে বাড়ানো হয়।
পরে ১৯৬১ সালে পূর্ব পাকিস্তান বাড়িভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি করা হয়। ১৯৬২ সালে এ আইনের অবসান ঘটে। ১৯৬৩ সালের ১৬ অক্টোবর আবার জারি করা হয় পূর্ব পাকিস্তান বাড়িভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ। স্বাধীনতা-উত্তর বাংলাদেশ আমলেও এ আইন প্রচলিত থাকে। বাড়িওয়ালা-ভাড়াটে সম্পর্কের নানা ক্ষেত্রে কিছু পরিবর্তন এনে বাংলাদেশ সরকার ১৯৮৬ সালের ৭ মার্চ বাড়িভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি করে।
বাড়িভাড়া নিয়ন্ত্রণের সুষ্ঠু সমাধানের জন্য সরকার সর্বশেষ ১৯৯১ সালে আবারও একটি আইন জারি করেন। যা ১৯৯১ সালের ৩ নম্বর আইন হিসাবে পরিচিত হয়। এ আইনের অধীনেই এখন বাড়িভাড়ার সমস্ত সমস্যা ও দ্বন্দ্ব নিরসনের চেষ্টা চালানো হচ্ছে।
এ আইনের অধীন ৭ ধারায় উল্লেখ করা হয়েছে যে, বাড়িভাড়া বৃদ্ধি-সংক্রান্ত বিধিবিধান মানার জন্য, ১০ ধারায় প্রিমিয়াম, সালামী অগ্রিম ভাড়া নেওয়া অবৈধ। ১৩ ধারায় ভাড়া আদায়ের রশিদ দেওয়া বাধ্যতামূলক। ১৫ ধারায় বাড়িভাড়া নিয়ন্ত্রকের ক্ষমতা ও দায়িত্ব, ১৭ ধারায় বাড়িভাড়া আদায়ের জন্য ক্রোক ও পরোয়ানা জারির বিধান, ১৮ ধারায় ভাড়াটে অনুমোদিত ভাড়া দিতে থাকলে তাকে সাধারণত উচ্ছেদের আদেশ দেওয়া যাবে না, ১৯ ধারায় কতিপয় পরিস্থিতিতে বাড়িভাড়া নিয়ন্ত্রকের আদালতে ভাড়াটে কতৃর্ক ভাড়া জমা, ২১ ধারায় ভাড়াটে কর্তৃক বাড়ি মেরামত করার বিধান, ২৩ ধারায় মানসম্মত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের দণ্ড, ২৪ ধারায় ভাড়াটের সুখাধিকার অর্থাৎ আলো বাতাস পাওয়ার অধিকারে বাধা দেওয়ার দণ্ড, ২৬ ধারায় বাড়ির দখল বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে ভাড়াটের দণ্ড, ২৭ ধারায় ভাড়াটেকে ভাড়ার রশিদ না দেওয়ার দণ্ড, ৩০ ধারায় বাড়িভাড়া নিয়ন্ত্রকের আদেশের বিরুদ্ধে আপিল ও রিভিশনের (পুর্নবিবেচনা) নিয়ম, ৩২ ধারায় বাড়ির মালিকের বিনা অনুমতিতে বাড়িতে বিদ্যুত সরবরাহ পাওয়ার অধিকারের কথা বর্ণিত হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, এ আইনের ১৯ ধারায় আদালতের মাধ্যমে ভাড়া পরিশোধের মামলা ছাড়া ঢাকার আদালতে অবশিষ্ট কোনো ধারায় মামলা দায়ের করা হয় না। আর করা হলেও সহকারী জজরা সে আবেদন খারিজ করে দেন।
অধিকাংশ বাড়ির মালিকই এ আইনের ১০ ধারায় বর্ণিত এক মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়ার বিধান মানে না। বিশেষত বাণিজ্যিক এলাকায় বাড়ির মালিকরা লক্ষ কোটি টাকাও সালামি ও অগ্রিম বাবদ ভাড়া আদায় করে থাকেন। যা একশত ভাগ বেআইনি।
আর এত সব সত্ত্বেও যদি কোনো ভাড়াটে যদি ভাড়া দিতে দেরি করেন আর মালিক যদি আদালতে আসেন, তবে আদালত ভাড়াটেকে ১৫ দিনের মধ্যে ভাড়া পরিশোধের নির্দেশ দেন। ভাড়াটে তা পরিশোধে ব্যর্থ হলে সঙ্গে সঙ্গে ভাড়াটেকে খেলাপি ঘোষণা করে তাকে উৎখাতের আদেশ দেওয়া হয়। আদালতগুলো অধিকাংশ ক্ষেত্রেই বাড়ি মালিকের স্বার্থ দেখে থাকেন।
আইন মানুষ তখনই জানে, তখনই মানে, যখন তা কার্যকর হয়। আর প্রয়োজনের তুলনায় আইন যত অপ্রতুল হোক না কেন, তা-ও যদি কার্যকর না হয় তাহলে সমাজে ভয়ঙ্কর রকমের সূদূরপ্রসারী নৈরাজ্যের সৃষ্টি হয়। একটি শক্তিশালী আইন ও বিচার ব্যবস্থাই পারে এসব নৈরাজ্যের অবসান ঘটাতে। তাই দরকার বাড়িভাড়া আইনটির পরিবর্ধন, পরিবর্তন ও সে সঙ্গে প্রায়োগিক বিষয়টি নিশ্চিত করা।
প্রচলিত বাড়িভাড়া আইনটি একটি অসম্পূর্ণ আইন। দেশের বিভিন্ন জেলায় একজন সহকারী জজকে বাড়িভাড়া নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব দেওয়া রয়েছে। এ আইনের ১৯ ধারা অনুযায়ী এ সব আদালতের মাধ্যমে যদি কেউ বাড়িভাড়া পরিশোধ করতে চায় তবে কত দিন এ ব্যাপারে আইনে স্পষ্ট নির্দেশনা নেই। তাছাড়া আদালতের মাধ্যমে যদি কেউ ভাড়া পরিশোধ করতে থাকেন, এ অবস্থায় ভাড়াটেকে যদি উচ্ছেদের জন্য উচ্ছেদের মামলা না করে বলপ্রয়োগের মাধ্যমে জবরদস্তির মাধ্যমে উচ্ছেদের চেষ্টা করা হয়, তবে ভাড়াটে নিষেধাজ্ঞা বা অন্য কোনো প্রতিকার পান না।
১৯৯১ সালে প্রণীত বর্তমান আইনে এ ক্ষেত্রে ভাড়াটে কোথায় যাবেন আইন তাকে কী রকম সুরক্ষা দেবে তার উল্লেখ নেই। তিনি বলেন, এ আইনে ১৫ ধারায় মানসম্মত ভাড়া নির্ধারণের কথা বলা হয়েছে– ধারাটি অত্যন্ত অস্পষ্ট।
এ বিশ্লেষণ লেখার আগে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা গেছে, বাড়িভাড়া-সংক্রান্ত বর্তমান আইন ত্রুটিপূর্ণ। এটি যুগোপযোগী ও গতিশীল নয়। তারা বলেছেন, বাড়িভাড়া নিয়ন্ত্রণে কোনো গার্ডিয়ানশিপ নেই। বাড়িভাড়ার বিষয়টি কোন মন্ত্রণালয় দেখভাল করবে তা সুনির্দিষ্ট নয়। এ বিষয়ে বড় শহরে সিটি করপোরেশন এবং ছোট শহরে মিউনিসিপ্যালিটির কড়া নজরদারি থাকা প্রয়োজন। কেননা সরকারের একটি বড় মাত্রার রাজস্ব আদায় হয় বাড়ির মালিকদের কাছ থেকে।
তাদের মতে, এ-সংক্রান্ত আইন পরিবর্তন হওয়া জরুরি। প্রত্যেক বাড়ি-মালিকের সঙ্গে ভাড়াটের স্পষ্ট ও সুনির্দিষ্ট আইনসম্মত শর্ত সন্নিবেশযুক্ত চুক্তিপত্র থাকা উচিৎ। তাহলে শুধু জনগণ উপকৃত হবে তা নয়, সরকার এবং রাষ্ট্রের স্বার্থও রক্ষিত হবে। কারণ এটি করা হলে সরকারকে রাজস্ব ফাঁকির শিকার হতে হবে না।
বাড়িভাড়া বৃদ্ধির বিষয়ে বলেন, যেহেতু পানি, গ্যাস, বিদ্যুতের দাম বছর বছর বাড়ছে, সে কারণে বাড়িভাড়াও স্বাভাবিকভাবে বাড়বে। কিন্তু কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নিয়মের বাইরে বাড়ানো যাবে না। তারা উদাহরণ দিয়ে বলেন, বছরে দুবার বাড়িভাড়া বাড়ানোর নিয়ম না থাকলেও বিভিন্ন অজুহাতে বাড়ির মালিক তিন চারবারও ভাড়া বাড়িয়ে থাকেন। যেটার নিরসন হওয়া উচিৎ।
বাংলাদেশে উচ্চশিক্ষিতদের মধ্যেও অনেকে অতিপ্রয়োজনীয় আইন এবং তাদের অধিকার সম্পর্কে মোটেও সচেতন নন। বাড়িভাড়া নিয়ন্ত্রক কে আর আইনে কী কী বলা আছে তা আমাদের দেশে অধিকাংশ উচ্চশিক্ষিত লোকই জানেন না। বাড়িভাড়ার বিষয়ে সরাসরি সহকারী জজ আদালত যে নিয়ন্ত্রক হিসেবে রয়েছেন সেটি অন্য পেশার অধিকাংশ লোকজন নন এমনকি আইন পেশাজীবীদেরও অনেকে জানেন না। এমনকি জানেন না সাংসদ, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে উচ্চপদস্থ আমলারাও।
সুতরাং কে বাড়ি ভাড়া আইন কার্যকর করবে? আর কে-ই-বা করবে আইনটির সংস্কার? যারা সংস্কার করবেন তাদের প্রত্যেকেরই ঢাকায় বাড়ি রয়েছে। সুতরাং বেড়ালের গলা শূন্যই থেকে যাচ্ছে। কেউই ঘণ্টা বাঁধতে পারছেন না তাতে।
বিদ্যমান বাড়ি ভাড়া আইন কার্যকর করার বিষয়ে গত বছরের ১৮ মে হাইকোর্টে পীচ ফর বাংলাদেশ এ্যন্ড হিউম্যান রাইটসের পক্ষ থেকে তিনজন আইনজীবী বাদি হয়ে হাইকোর্টে একটি রীট আবেদন করেন। যাদের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ। রীটে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব, প্রধান মন্ত্রীর কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং আইন মন্ত্রনালয়ের সচিব এবং ঢাকা সিটি করপোরেশনের মেয়রকে প্রতিপক্ষ করা করা হয়।
আবেদনটিতে সিটি করপোরেশন নির্ধারিত বাড়ি ভাড়ার তালিকা গেজেট আকারে প্রকাশ ও তার আইনগত বৈধতা দেয়ার বিষয় দাবি করা হয়। এ আবেদনটির রুলের জবাব দিয়েছেন শুধু মাত্র সিটি করপোরেশনের মেয়র (সাবেক)। জবাবে এই প্রতিষ্ঠানটি হাইকোর্টকে জানায় বাড়ি ভাড়া নিয়ন্ত্রনে তারা যথাযথ কর্তৃপক্ষ নয় এবং তাদের নিজেদের আইনে বাড়ি ভাড়ার নিয়ন্ত্রনের ব্যাপারে কোন কিছুই বলা নেই, এ বিষয়ে কোন নীতি নির্ধারনে তাদের কোন ভূমিকা নেই। ওই রীটের রায় কী হয়েছে তা আমি জানতে না পারলেও কাজের কাজ কিছু হয়নি তা এখনকার তত্ত্ব,তথ্য তালাশিতে বুঝতে পারছি।
ঢাকায় জেলা জজ আদালতের অধীন পনেরটি সহকারী জজ আদালত রয়েছে। এর মধ্যে ১০জন সহকারী জজকে বাড়ি ভাড়া নিয়ন্ত্রক হিসাবে বাড়িভাড়া মামলা পরিচালনার ক্ষমতা দেয়া হয়েছে। এ আদালতগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাড়ি ভাড়া মামলা দায়ের হয়েছে ঢাকার প্রথম সহকারী জজ আদালতে। মামলা দায়ের সংক্রান্ত নিবন্ধন বই থেকে জানা গেছে, ২০১১ সালে এ আদালতে এ রকমের মামলা দায়ের হয়েছে ১শ ৬৩ টি। মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি থানা এলাকার মামলা পরিচালনার আঞ্চলিক এখতিয়ার নির্ধারন করে দেয়া হয়েছে এ আদালতেকে। দ্বিতীয় সহকারী জজ আদালতে মামলা হয়েছে ১শ ১১ টি। ক্যান্টনমেন্ট, গুলশান, বাড্ডা, তেজগাঁও এলাকার বাড়ি ভাড়া মামলা হয়েছে এখানে। তৃতীয় সহকারী জজ আদালতে এ বছর বাড়ি ভাড়া সংক্রান্ত মামলা হয়েছে ৮৬টি। কোতয়ালি, কামরাঙ্গীর চর, লালবাগ এলাকার মামলা রয়েছে এখানে। চতুর্থ সহকারী জজ আদালতে মতিঝিল, পল্টন, রমনা, শাহবাগ এলাকার মামলা রয়েছে এখানে। এ বছর বাড়ি ভাড়া সংক্রান্ত ৯৯ টি মামলা দায়ের হয়েছে এ আদালতে। ষষ্ঠ সহকারী জজ আদালতে বছরের শুরু থেকে এ পর্যন্ত বাড়ি ভাড়া মামলা হয়েছে ৪৯টি। যাত্রাবাড়ি, সূত্রাপুর, কদমতলী, গেন্ডারিয়া এলাকার মামলা পরিচালনার এখতিয়ার পেয়েছেন এ আদালতের বিচারক। এ ছাড়া ঢাকায় আরো পাঁচটি সহকারী জজ আদালতে বাড়ি ভাড়া মামলার বিচার হয়।
বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান গুলোর মতামতে বেরিয়ে এসেছে বাড়ির মালিকদের হাতে ভাড়াটেদের নিপীড়নের তুলনায় মামলার এ সংখ্যা খুবই কম। কারন মানুষ একান্ত বাধ্য না হলে পুলিশ এবং আদালতের দরজায় আসেন না। তাই প্রকৃতপক্ষে গণমানুষের প্রকৃত প্রয়োজনে ব্যবহারের জন্য সংস্কার হওয়া উচিৎ। ঢাকায় কতজন বাড়ির মালিক আর কতজন তাদের ভাড়াটে আছেন সে সম্পর্কে সিটি করপোরেশন বা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কাছে কোন সঠিক পরিসংখ্যান নেই। এদের মধ্যে কত জন ভাড়ার চুক্তি করেছেন, কয়জন বাড়ির মালিক ভাড়ার রশিদ দেন , কয়জন আবাসিক বা কয়জন অনাবাসিক ভাড়াটে এর পরিসংখ্যানও নেই। নগর বা শহরের গুরুত্ব, বাড়ির পরিবেশ, এলাকা ভেদে বাড়ির এবং বাড়ির কক্ষের আয়তন ভেদে ভাড়া নির্ধারিত হওয়া উচিৎ । এর জন্য থাকা দরকার বাড়ি ভাড়া নিয়ন্ত্রনে সুনির্দিষ্ট ও শক্তিশালী আইন। তিনি তার পেশাগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বাড়িওয়ালা-ভাড়াটের দ্বন্দ্ব হরহামেশাই চুরি , ডাকাতি এমনকি নারী নির্যাতন মামলায় পর্যন্ত গড়ায়। এ দ্বন্দ্বের প্রধান একটি কারন হলো তাদের মধ্যে সুষ্পষ্ট ও আইন সম্মত কোন চুক্তিপত্র না থাকা। আবার চুক্তিপত্র থাকলেও দেখা যায় তা ত্রুটিপূর্ন। সেখানে এমন কিছু শর্ত রয়েছে যা মোটেও আইনসম্মত নয়।
সংসদে বাড়ি ভাড়া নিয়ে উচ্চবাচ্য যে একেবারেই হয় না তা নয়। তবে তা দিয়ে জনগনের কোন উপকার হয় না। এ বিষয়ে সিটি কর্পোরেশনেরও কোন সুনির্দিষ্ট , বাস্তবোপযোগী ভূমিকা নেই। বাড়ি ভাড়া চার গুন হারে প্রতিবছর বাড়ানো হচ্ছে। গত ১৪ বছরে হোল্ডিং ট্যাক্্র বাড়ানো না হলেও এ নগরীতে বাড়ির মালিকরা ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে যাচ্ছেন। তাই সকল পদ্ধতি ও আইনের পরিবর্তন হওয়া জরুরি। মজার বিষয় বাড়ি ভাড়ার বিষয় নিয়ন্ত্রনে ঢাকা সিটি করপোরেশনের কোন আইনে এ বিষয়ে উল্লেখ করা নেই।
আমাদের আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সকল বিষয়েই বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রেসক্রিপশন দিয়ে থাকেন। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি বাড়ি মালিক ও ভাড়াটেদের দ্বন্দ্ব সুরাহায় বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। আসলে আমাদের দেশে সত্যি সত্যিই যদি বিকল্প বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি থাকতো । বিষয়টিকে কাচের ঘরে আটকে না রেখে ময়দানে নিয়ে আসা যেত, তবে বাড়ি ভাড়ার বিষয়টি ওই ভাবে নিষ্পত্তি করা গেলে এত অনাচার এত অত্যাচার থাকতো না।
ঢাকা সিটি করপোরেশনের ওয়েবসাইট দেখা যায় ঢাকা মহানগরকে ঢাকা সিটি করপোরেশন ১০ টি রাজস্ব অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের ছক করে প্রধান রাস্তার পাশে কাঠামোর প্রতি বর্গফুটের সম্ভাব্য ভাড়া, গলির তিনশ ফুটের মধ্যে অবস্থিত কাঠামোর প্রতি বর্গফুটের মাসিক ভাড়া, গলির তিনশ ফুটের বাইরে অবস্থিত কাঠামোর প্রতি বর্গফুটের মাসিক ভাড়া নির্ধারন করেছে। ছকের নীচে ফুট নোটে বলা হযেছে,ভবন নির্মানের সময়কাল,কাঠামো, নির্মান শৈলী, অবস্থান ও পজেশন হস্তান্তরের শর্তের ভিন্নতার কারনে ভাড়ার তারতম্য ঘটে।
এইসব ছক, ডাটা , তথ্য আর নির্দেশনা সব কিছুকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাক্ষস গোত্রের মুৎসুদ্দী বাড়িওয়ালারা ভাড়াটে কূলকে নির্যাতন আর নিপীড়ন চালিয়ে এক অরাজক মাৎসন্যায়ের রাজ্য প্রতিষ্ঠা করেছে।
প্রকাশ বিশ্বাস: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আদালত প্রতিবেদক।
