২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট: বোতলের মধ্যে ফুটবল

ফাহাম আব্দুস সালাম

Published : 21 Dec 2011, 10:19 PM

Updated : 01 Jul 2022, 05:52 PM

১৯৯৮ সাল। শিল্পী শাহাবুদ্দিনের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো এলো য়োরোপীয়ান মাস্টারদের চিত্রকলা প্রদর্শনী। চাইল্ডহুড হিরোর সাথে এই প্রদর্শনীতে প্রথমবারের মতো কথা বলতে পেরে আমি উৎসাহে বাকবাকুম, তিনি বললেন, বাসায় এসো। অল্প বয়সের সমস্যা হলো দুঃসাহস আর নির্বুদ্ধিতার মাঝের রেখাটা হয় খুব সরু, অতি উৎসাহের কারণে মিলেমিশে একাকার হয়ে যায় বিপজ্জনক এলাকাটি। ঠিক করলাম প্রিয় শিল্পীকে তার পোট্রেট এঁকে উপহার দিলে খুব যুতসই একটা কাজ হবে। শাহাবুদ্দিন অতি নম্রভাষী মানুষ, বড় শরীরে আটকে যাওয়া এক শিশু। আমার আঁকা পোট্রেটে নিজেকে চিনতে পারলেন কি না জানি না, তবে দুঃসাহস নিবারণের উদ্যোগ না নিয়ে আগুনে ঢাললেন এক গাদা ঘি, আলাপ শুরু করলেন টেকনিক নিয়ে। আঁকিবুঁকির শুরু ক্যাডেট কলেজে শুনতেই একটু নড়েচড়ে বসলেন, তাঁর এক আত্মীয় বিকেএসপিতে ভর্তির সুযোগ পেয়েছে ক্রিকেটের জন্য – জানতে চাইলেন খানিকটা ক্যাডেট কলেজের মতোন শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপি কেমন হবে ছেলেটার জন্য, ক্রিকেটে বাংলাদেশের ভবিষ্যৎ কেমন – এইসব। সবে মাত্র তখন বাংলাদেশ আইসিসি ট্রফি জিতেছে, পুরো দেশের মতো আমিও ক্রিকেটে বাংলাদেশের ভবিষ্যৎ সম্বন্ধে পুরোপুরি নিশ্চিত, উন্নতি ছাড়া আর গত্যন্তর নেই। এক নিঃশ্বাসে বাংলাদেশ ক্রিকেটের পুরো রোডম্যাপ ঝেড়ে দিলাম। কিন্তু তিনি দ্বিধান্বিত; একটি কিশোরের নির্মল উৎসাহে বাধা দেয়া ঘোরতর অন্যায়, আবার বাংলাদেশের ক্রিকেট নিয়েও নিশ্চিত নন। প্রশ্ন করলেন: এই দেশের হাল্কা-পাতলা ছেলেগুলো পারবে উতরে যেতে, ওয়েস্ট ইন্ডিজের দৈত্যদের সাথে পারবে কুলিয়ে উঠতে?

২০০৩ সাল, কুইজ প্রোগ্রাম হরলিক্স জিনিয়াস বাংলাদেশের সেট, চলছে রেকর্ডিং। প্রতি পর্বের শেষে একজন কৃতী মানুষ এসে স্কুলের ছেলেমেয়েদের উৎসাহ দেন, বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার। একটা পর্বে এসেছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক রকিবুল হাসান। তার কিছুদিন আগে শেষ হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্মরণীয়তম টেস্ট, মুলতানে, যেখানে ইনজামামের জীবনের সম্ভবত শ্রেষ্ঠ ইনিংসটার (১৩৮*) কাছে হেরে গেছে বাংলাদেশ দল মাত্র ১ উইকেটে। অতিথিকে উপস্থাপকের একটা দুটো প্রশ্ন করা সমীচীন। তাকে প্রশ্ন করলাম কবে থেকে বাংলাদেশ টেস্টে নিয়মিতভাবে হারাতে পারবে বড় বড় দলগুলোকে? তিনি নিশ্চয়তা দিলেন যে পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশ দল "চাবকাতে" শুরু করবে অন্য সব দলকে। সেই পাঁচ বছর গড়িয়ে আট বছর হয়ে গেলো, চাবুকটা কার পিঠে পড়ছে হরহামেশা, খুলে বলার আর দরকার নেই।

এখন পর্যন্ত বাংলাদেশ টেস্ট খেলেছে মোট ৭১টি (পাকিস্তানের সাথে সাম্প্রতিক টেস্টগুলো বাদ দিয়ে), জিততে পেরেছে মোট তিনবার। একবার জিম্বাবুয়ের বিরুদ্ধে আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুইবার। অন্যদের যাই বলি না কেন, নিজেরা তো জানি, এই তিনটি দলের একটিও পূর্ণ সামর্থ্যের দল ছিলো না। অনস্বীকার্য যে, আমরা এখনও মর্যাদার বিচারে সত্যিকারের কোনো টেস্ট জিততে পারি নি, পূর্ণ সামর্থ্যের কোনো টেস্ট-প্লেয়িং কান্ট্রির বিরুদ্ধে।

এবার আসুন দেখা যাক ৭১ টি টেস্ট পর্যন্ত শ্রীলঙ্কার কী অবস্থা ছিলো? শ্রীলঙ্কার সাথে ক্রিকেটে আমাদের তুলনা চলতেই পারে, কাছাকাছি দেশ, টেস্ট খেলা শুরু করেছে মোটামুটি কাছাকাছি সময়ে, দুটো দেশেরই ক্রিকেট ঐতিহ্য আছে (মুনতাসীর মামুন জানাচ্ছেন যে ১৮৯০ এর দশকে মানিকগঞ্জের গ্রামে ক্রিকেট খেলার ইতিহাস লিপিবদ্ধ আছে), বরঞ্চ ক্রিকেট বিশ্বায়নের বদৌলতে শুরুর দিকে আমরা যে সুযোগ সুবিধা পেয়েছি, ৮০ এবং ৯০ এর দশকের শুরুর দিকে শ্রীলঙ্কা তার কানাকড়িও পায় নি।

শ্রীলঙ্কা তার ৭১ তম টেস্টটি খেলে ১৯৯৭ সালের এপ্রিল মাসে। তখন পর্যন্ত তারা জেতে মোট ৯টি টেস্ট, কোনোটাই হাফপ্যান্ট পরা দলের বিরুদ্ধে না, হারিয়েছে পূর্ণ শক্তির ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়েকে। তার চেয়েও বড় অর্জন, ১৯৯৭ এর মধ্যে তারা পেয়ে গেছে যে কোনো বিচারে অন্তত পাঁচ জন চ্যাম্পিয়ান ক্রিকেটার: রানাতুঙ্গা, ডি সিলভা, জয়সুরিয়া, ভাস ও মুরালিথারান। আর হ্যাঁ, '৯৭ এর মধ্যে তারা একদিনের ক্রিকেটে বিশ্বজয়ীও হয়ে গেছে। ফলাফলের কথা না হয় বাদই দিলাম, এই পাঁচ জনের সাথে এক নিঃশ্বাসে নাম নেয়া যায় এমন টেস্ট ক্রিকেটার কি আমরা একজনও পেয়েছি, সাকিব আল হাসান ছাড়া? টেস্ট ক্রিকেটারদের কথা ভুলে যান, আয়ারল্যান্ডের কেভিন ও'ব্রায়েন, নেদারল্যান্ডসের টেন ডোশেট (ক্রিকেটার হিসেবে তার বেড়ে ওঠা অবশ্য সাউথ আফ্রিকায়) কিংবা কেনিয়ার স্টীভ টিকোলোর মানের ব্যাটসম্যান কি আমরা এখনও পেয়েছি একজন?

এমন তো নয় যে আমরা আগাগোড়াই একটা ভুল স্বপ্ন দেখেছিলাম? দেখেছিলাম বোতলের মধ্যে ফুটবল ঢোকানোর স্বপ্ন!

১২ বছর খুব কম সময় না। এই সময়ে ক্রিকেটে আমাদের যে একেবারেই উন্নতি হয় নি তা না। ফিটনেস, ফিল্ডিং ও স্পিন বোলিং এ অনেক উন্নতি হয়েছে, সীমিত ওভারের ক্রিকেটে আমরা সাফল্য পেয়েছি, তবে সেগুলো বিক্ষিপ্ত। যারা খেলাটা ভালোবাসেন ও বোঝেন তারা জানেন যে আসল খেলাটা টেস্ট, অন্য দুটো বিনোদন – শিশুদের লেখাপড়ায় মনোযোগ বাড়ানোর জন্য আইসক্রিমের গুরুত্ব আছে বৈ কি! আমরা যারা খেলাটি ভালোবাসি, তাদের সহ্য করতে হয় একই প্যাঁচাল, প্রতিটি টেস্ট সিরিজের শেষে: বাংলাদেশে প্রতিভার বিস্ফোরণ হচ্ছে (আমাদের কানে সমস্যা বলে ইন্দ্রিয়গ্রাহ্য করতে পারছি না), অভাব শুধুমাত্র অ্যাপ্লিকেশানের। আর কটা বছর পর সবুর করলে একদম "দ্যাখায়া দিবো"।

আমাদের জাতীয় জীবনে বড় অর্জন খুব কম। আশা করি তাই, সামষ্টিক এই ব্যর্থতা কিছুটা হলেও পুষিয়ে দেবে ক্রিকেটাররা। আষ্টেপৃষ্ঠে বাঁধা পরাজয়ের নৈমিত্তিকতা থেকে উত্তরণের স্বপ্ন দেখাবে ক্রিকেটাররা। আশাটা অসঙ্গত নয় কোনোমতেই। ক্রিকেটারদের পেছনে যে খরচ করা হয়, যে সুযোগ তারা পায় সেটাকে অপ্রতুল বলা যাবে না কোনো বিচারেই। দুর্ভাগ্য, আমাদের ক্রিকেটাররা জাতীয় ব্যর্থতার সাথে নিজেদের ব্যর্থতাকে গুলিয়ে ফেলতে একটুও লজ্জিত হন না, তারা জেনে ফেলেছেন যে "সম্মানজনক পরাজয়" বলে একটা গৌরবের বস্তু আছে বাঙালির ভার্নাকুলারে। পরাজয়ের মধ্যেও অনেক "পজিটিভ" জিনিস খুঁজে বের করার গোয়েন্দাগিরিতে প্রত্যেকেই একেকজন শার্লক হোমস।

বাংলাদেশে অনেকের কাছে শুনি যে ক্রিকেটারদের অনেক সমস্যা (মূলত অর্থনীতিক), যে কারণে তারা ঠিক "প্রস্ফুটিত" হতে পারছেন না। অভিজ্ঞজনেরা সম্ভবত হাজারটা কারণের তালিকা বানাতে পারবেন। আশ্চর্য হওয়ার কিছু নেই – চ্যাম্পিয়ানরা পরাজয়ে অপমানিত হয়, জাস্টিফাই করার চেষ্টা করে না, সেটা করে "হারুয়ারা"।

পাঠকরা সম্ভবত সিডনীর গ্রেড ক্রিকেটের কথা শুনেছেন কখনো-সখনো। সিডনীতে মোট ২০টি দল আছে, যেগুলো ঢাকার অঞ্চলভিত্তিক দলগুলোর মতোই। পার্থক্য এখানে যে প্রতিটি দলে ৫টি গ্রেডের দল আছে এবং প্রতিটি গ্রেডে আলাদা করে প্রতিযোগিতা হয়। সাধারণত ২০টি দলের গ্রেড-১ এর খেলোয়াড়দের যে বিশাল পুল সেখান থেকে তৈরি হয় নিউ সাউথ ওয়েলস রাজ্য দল। উল্লেখ্য যে প্রথম গ্রেডের খেলোয়াড়রাই শুধু উপার্জন করেন, তাও সেটা এমন কিছু না, সমবয়সী এলেক্ট্রিশিয়ান কিংবা প্লাম্বারের আয়ের তিন ভাগের এক ভাগ হয়তো। বাকীরা তাহলে কীভাবে জীবিকা উপার্জন করেন? আমি বাংলাদেশী একটা ছেলের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো।

জহিরুল ইসলাম অলক অস্ট্রেলিয়ায় এসেছে পড়ালেখা করার জন্য, আন্ডারগ্র্যাড লেভেলে। কিন্তু তার ঝোঁকটা ক্রিকেটে। খেলা শুরু করে Bankstown দলে, যে দল থেকে বেরিয়ে এসেছিলো স্টীভ ও মার্ক ওয়াহ ও জেফ থম্পসনের মতো ক্রিকেটাররা। শুরুতে সে নীচের গ্রেডে থাকলেও এখন খেলছে গ্রেড-২ তে। এ বছরটা তার জন্য "মেক অর ব্রেক ইয়ার", ভালো করতেই হবে। ভালো করলে আগামী বছর চলে যাবে কুইন্সল্যান্ডে, সেখানে প্রথম গ্রেডে ঢোকার প্রতিযোগিতাটা নিউ সাউথ ওয়েলসের মতো এতোটা তীব্র না। এই ছেলেটার জীবন থেকে অনেক কিছু শেখার আছে। মধ্যবিত্ত ঘরের ছেলেটি প্রবাসে টুইশান এবং লিভিং দুটোই নিজে উপার্জন করে। উপরন্তু আছে পড়ালেখার চাপ। ছাত্রদের জন্য উপার্জনের দিন শনি আর রবিবার (এই দিন দুটোতে ঘন্টাপ্রতি পারিশ্রমিকের দরটা বেশী)। কিন্তু সেই দিন দুটোতেই হয় খেলা (মূলত রবিবার)। আরো আছে সপ্তাহে অন্তত দুই দিনের প্র্যাকটিস। চার ঘন্টার একেকটা ট্রেনিং সেশান মিলিটারি ট্রেনিং সেশান থেকে কোনো অংশে কম না। খেলাধুলার সরঞ্জামও কিন্তু খুব শস্তা না, প্রতি মৌসুমে যে একটা ম্যাচ ব্যাট কিনতে হয় সেগুলোর দাম সেল থেকে কিনলেও তিন-চারশো ডলারের কম না। কঠোর পরিশ্রম তো বটেই, খেলায় ভালো করার জন্য সে তার খাদ্যাভ্যাস পর্যন্ত বদলে ফেলেছে। অলক কিন্তু একটা ডলারও পায় না Bankstown দল থেকে, উপরন্তু ছাত্রদের জন্য বেঁধে দেয়া ২০ ঘন্টার কঠিন পরিশ্রমের মধ্য থেকে যে সামান্য হয়, সেখান থেকেই খরচ করতে হয় ক্রিকেটের জন্য। বাংলাদেশে যারা প্রথম বিভাগ ক্রিকেট খেলেছে তারাও বলেছেন, এই ছেলেটি অনায়াসে ঢাকার যেকোনো শ্রেষ্ঠ দলে খেলার সামর্থ্য রাখে।

শুধু অলক কেন, অস্ট্রেলিয়ানদের জন্যেও জীবিকা নির্বাহ করা খুবই কঠিন, এই পর্যায়ে। ম্যাকগ্রা শুরুর দিকে এক বছর ট্রেলারে থেকে জীবন কাটিয়েছিলেন, ক্রিকেটে ভালো করার জন্য। মনে রাখবেন, টাকাটা আসে প্রথম গ্রেডে কিংবা রাজ্য দলে খেললে, এর আগে কিন্তু পুরোটাই লেবার অফ লাভ । অলকের আর্থিক অবস্থা নিয়ে কখনো কোনো অনুযোগ শুনি নি, বড় স্কোর করতে না পারার অনুযোগটি শুনি প্রত্যেক কথোপকথনের প্রথম দশ মিনিটের মধ্যে। মতি নন্দীর হাতে পড়লে অলকের জীবনটা হয়ে উঠতে পারতো শ্রেষ্ঠ একটা ক্রীড়া-উপন্যাস।

আমার সত্যিই সন্দেহ হয় বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের এ রকম কমিটমেন্ট আছে কি না? ক্ষমা করবেন, একটু নির্মম শোনাতে পারে, কিন্তু আমার মনে হয় অধিকাংশেরই হায়াবোধ খুব নগণ্য। যে কোনো পেশায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের একই ভুল বারবার করার সম্ভাব্য কারণ শুধুমাত্র দুটি: হয় তিনি এ কাজের জন্য যোগ্য নন বা যথেষ্ট প্রতিভা নেই, নয় তো তিনি নির্লজ্জ। বাংলাদেশে যেহেতু প্রতিভার বন্যা বয়ে যাচ্ছে বলে নির্ভরযোগ্য খবর পেয়েছি পত্রিকায়, দ্বিতীয় কারণটিকেই শনাক্ত করতে আমি আগ্রহী।

আরও একটা মজার ব্যাপার লক্ষ্য করা যায় বাংলাদেশে। কোনো ক্ষেত্রে যদি আপনার প্রতিভা থাকে তাহলে সেটা বাস্তবায়িত না হলেই মনে হয় ভালো, অন্তত খ্যাতির প্রশ্নে, কেননা বাস্তবায়িত হলে আপনি হবেন সমালোচিত কিন্তু না হলে আপনি পরিণত হবেন কাল্ট ফিগারে। ছোটো বেলায় দেখেছি ক্যাডেট কলেজে যিনি "ফার্স্ট স্ট্যান্ড" করেছেন তিনি আলোচিত নন, কেননা "ফার্স্ট স্ট্যান্ড" একজনকে করতেই হয়। কিন্তু অমুক ভাই দারুণ ব্রিলিয়ান্ট; সবার হিরো তিনি, যিনি মনোযোগী নন, কিন্তু হলে সবার "খবর" ছিলো। একটু বড় হয়ে আবিষ্কার করলাম যে পুরো দেশ জানে যে অধ্যাপক আব্দুর রাজ্জাকের মতোন কৃতবিদ্য মানুষ এই দেশে আর একজনও নেই। তার সবচেয়ে বড় নিদর্শন তিনি কী করেছেন তা না, বরং তিনি কী করেন নি সেটাই সমাজে আলোচনার মুখ্য বিষয়। হ্যারল্ড লাস্কির তত্ত্বাবধানে পিএইচডি শুরু করে শেষ না করাটাই যেন তাঁর খ্যাতির মুকুটের সবচেয়ে দামী পাথর।

বাঙালির খ্যাতিবিচারের এই গূঢ় রহস্যটা অনুধাবন করে ফেলেছেন আমাদের ক্রিকেটাররাও। আমার ছেলেবেলা কেটেছে ওল্ড ডিওএইচএসে। '৯০ সালেও ওখানে প্রায় পুরো বছর ক্রিকেট খেলা হতো। সেখানকার অনেকেই পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেটে কর্তাব্যক্তি হয়েছেন, জাতীয় দলেও খেলেছেন অন্তত একজন। তাদের সাথে কথা হলেই শুনতাম যে অমুকের মতো ট্যালেন্টেড ক্রিকেটার গোটা দেশে তো বটেই, হয় তো উপমহাদেশেও আর একটি নেই। কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো "জেনুইন" কারণে "প্রস্ফুটিত" হতে পারছেন না। জয়ী না হতে পারার মাঝে ট্র্যাজিক হিরোর যে অক্ষমতা, দুঃখজনকভাবে সেটাই আমরা উদযাপন করি, করি বন্দনা। নইলে আশরাফুল, যার কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা করার যোগ্যতা ও মানসিকতা নেই তাকে বারবার সুযোগ দিয়ে কী প্রমাণ করি?

এখানেই মনে হয় সবচেয়ে বড় সমস্যা: আমাদের ক্রিকেটারদের মানসিকতা। ১৫ কোটি মানুষের দেশে প্রতিভার অভাব হওয়ার কথা না, সেটা পরিসংখ্যানই বলে। অন্তত গত এক দশক জুড়ে ভালো খেলোয়াড়রা যে সুযোগ পেয়েছে সেটাকে ইন্টারন্যাশনাল লেভেলে ভালো করার জন্য অপর্যাপ্ত বলা যাবে না কোনোমতেই। শ্রীলঙ্কা যে শুরুর দিকে এ সুযোগ পায় নি সেটা নিশ্চিতভাবে বলা চলে। একসময় পুষ্টিকর খাদ্যের ব্যয়ভার চালানোর অক্ষমতার যে অভিযোগ শোনা যেত, সেটাও এখন আর ধোপে টিকবে না, ক্রিকেটাররা যথেষ্ট উপার্জন করেন। স্পিনার আর ব্যাটসম্যানদের টেকনিকে যে বিশাল ঘাটতি আছে তাও না, কেননা কোনো কোনোদিন একেকজন সত্যিই ভালো খেলেন। লর্ডসে তামিম ইকবালের সেঞ্চুরিটা নিশ্ছিদ্র না হলেও ছিলো সাবলীল, কিন্তু এই ছেলেটিই এখন যেভাবে খেলছে, বিশ্বাস করতে কষ্ট হয় যে তার কোনো ক্ষুধা আছে, যেন যা কিছু পাওয়ার ছিলো তার পুরোটাই পাওয়া হয়ে গেছে। সাকিব আল হাসান ছাড়া কাউকে দেখলে মনে হয় না যে এরা আন্তর্জাতিক ক্রিকেটকে own করে, সবাই অপেক্ষা করছে একটা ভালো ইনিংসের কিংবা দুর্দান্ত বোলিংয়ের যেটা হয়ে গেলে অন্তত কিছুদিন নিরাপদে থাকা যাবে।

আন্তর্জাতিক অঙ্গনে বহুদিন ধরেই বলাবলি হচ্ছে যে বাংলাদেশকে টেস্ট স্টেটাস দেয়াটা উচিত হয় নি। যারা একটু ভদ্রতা বজায় রাখেন, তারা বলেন, এতো তাড়াতাড়ি দেয়াটা ঠিক হন নি। নিজেকে একবার সততার সাথে জিজ্ঞেস করুন তো, দর্শকদের অপরিসীম ভালোবাসা আর উন্মাদনা ছাড়া এই দেশের ক্রিকেটের কি আদৌ কিছু গর্ব করার মতোন আছে? সেদিন এক ধারাভাষ্যকারকে বলতে শুনলাম বাংলাদেশের ক্রিকেট ডেভেলাপমেন্টে এতো টাকা না ঢেলে আইসিসির উচিৎ আয়ারল্যান্ডের পেছনে মনোযোগ দেয়া। সন্দেহ নেই যে এই বক্তব্যে রাজনীতির গন্ধ পাওয়া যায় কিন্তু বক্তব্যটাকে যে খণ্ডন করবেন, এমন কোনো উদাহরণও তো আমাদের ক্রিকেটাররা সৃষ্টি করতে পারেন নি। বড় দলের কথা বাদ দিন, আয়ারল্যান্ডের নিজের মাটিতে কি বাংলাদেশ তাদের পাঁচ দিনের ক্রিকেটে হারানোর সামর্থ্য রাখে? আমাদের মতো দর্শকদের নীরবে এই অপমান সহ্য করা ছাড়া উপায় নেই। কিছুদিন আগে এক আড্ডায় এক আর্জেন্টিনিয়ান স্কলার (যে ক্রিকেটে এক দলে কতজন খেলে তাও হয়তো জানে না) গবেষণায় ভাগ্যের গুরুত্ব কী সেটা খোলাসা করে বোঝাতে গিয়ে বলে বসলো, "নিজের দিনে বাংলাদেশও ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারাতে পারে, কিন্তু সেই ভাগ্য দিয়ে তো আর প্রতিদিন কাজ হবে না"। সবাই বললো, হক কথা; আমি বললাম, আজ কাজের চাপ খুব বেশী, এখন উঠি।

এর থেকে কি কোনো পরিত্রাণ আছে? এক যুগ ধরে আশা করেছি, স্বপ্ন দেখেছি যে আমরা পারবো, অবশ্যই পারবো; কিন্তু এখন মনে হয় আমাদের দলটা কখনোই চ্যাম্পিয়ান ক্রিকেটারদের দল হবে না। এই বাস্তবতাটা মেনে নেয়াটাই মনে হয় ভালো। হ্যাঁ, কালেভদ্রে অসাধারণ ব্যক্তিগত পারফরমেন্স আমরা দেখবো, সাকিব আল হাসানের মতো দু-একজন গিফটেড ক্রিকেটারও হয়তো কখনো-সখনো পাবো। কিন্তু দলগতভাবে ভালো করার জন্য চ্যাম্পিয়ানদের যে মেন্টালিটি থাকা আবশ্যক সেটা হওয়ার হলে ১২ বছরে লক্ষণ দেখা দিতো।

কিছুদিন আগে এক বাংলাদেশী দৈনিক পত্রিকার সম্পাদক ক্যানবেরার এক আলোচনা সভায় বাংলাদেশী ক্রিকেটের শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে বললেন যে বাংলাদেশী ক্রিকেটাররা দেশবাসীকে যে আনন্দ দিয়েছে তা কি পৃথিবীর অন্য কোনো দল তার নিজের দেশের মানুষকে দিতে পেরেছে? সে বিচারে কি আমাদের দল সফল নয়? নিশ্চয়ই আনন্দ মাপার একটা যন্ত্র ছিলো ভদ্রলোকের পকেটে, তাই তার এই অবিচল বিশ্বাস। আরও নিশ্চিত হলাম যে "হারুয়াদের" মেন্টালিটি শুধু ক্রিকেটার কেন, পত্রিকার সম্পাদক পর্যন্ত সংক্রমিত হয়েছে। পাঠকরা যদি অনুমতি দেন তাহলে এই মানসিকতাটাকে প্রশ্রয় দেয়ার পরামর্শ দেবো, এতে দুঃখ-কষ্ট কম পাওয়া যাবে। জয়-পরাজয় নয়, অংশগ্রহণই বড় কথা–এই মূলমন্ত্রে নিজেদের দীক্ষিত করে আসুন আমরা আনন্দে মাতোয়ারা হয়ে উঠি।

ফাহাম আব্দুস সালাম: বিজ্ঞান-গবেষক ও লেখক।