২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল শান্তি পুরস্কার: শান্তি না রাজনীতি

চিররঞ্জন সরকার চিররঞ্জন সরকার

Published : 16 Oct 2015, 11:00 PM

Updated : 01 Jul 2022, 05:46 PM

তিউনিশিয়ার চারটি নাগরিক সংগঠনকে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল কমিটির মতে, এই চার সংগঠন গণতন্ত্রের জন্য আলোচনায় মধ্যস্থতার মাধ্যমে তিউনেশিয়ায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে।তিউনিসিয়ার নাগরিক সমাজের প্রতিনিধিত্বকারী এই চার সংগঠন হল, তিউনিসিয়ান জেনারেল লেবার ইউনিয়ন (ইউজিআইটি), দ্য তিউনিসিয়ান কনফেডারেশন অব ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড হ্যান্ডিক্রাফটস (ইউটিআইসিএ), তিউনিসিয়ান হিউম্যান রাইটস লিগ (এলটিডিএইচ) এবং তিউনিসিয়ান অর্ডার অব ল'ইয়ারস। ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কার।

২০১০ সালের ১৮ ডিসেম্বর পুলিশের দুর্নীতি ও দুর্ব্যবহারের প্রতিবাদে মোহাম্মদ বোয়াজিজি নামের এক তরুণের আত্মাহুতির মাধ্যমে তিউনিসিয়ায় আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন গণঅভ্যুত্থানের রূপ পায় এবং ২০১১ সালের ১৪ জানুয়ারি দেশটির প্রেসিডেন্ট জিনে আল আবিদিন বেন আলির ২২ বছরের শাসনের অবসান ঘটে।

Image
সেই আন্দোলন গণঅভ্যুত্থানের রূপ পায়

তিউনিসিয়ার জাতীয় ফুলের নামে যুক্তরাষ্ট্রের সাংবাদিক অ্যন্ডি কারভিন এই গণআন্দোলনের নাম দেন, 'জেসমিন বিপ্লব'। পশ্চিমা গণমাধ্যমের কল্যাণে দ্রুত ওই নাম বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। 'জেসমিন বিপ্লবের' পথ ধরে উত্তর আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুরু হয় দীর্ঘদিনের স্বৈরশাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের দাবিতে গণআন্দোলনের ঝড়, যা 'আরব বসন্ত' নাম পায়। তিউনিসিয়ার পর মিশর আর লিবিয়াতেও স্বৈরশাসকের পতন ঘটে।

২০১৩ সালে তিউনিসিয়ায় একের পর এক গুপ্তহত্যা এবং ব্যাপক সামাজিক অসন্তোষের মুখে গণতন্ত্র যখন প্রায় ভেস্তে যাচ্ছিল, তখন এই চার সংগঠন জোটবদ্ধ হয়। নোবেল কমিটি বলছে, তিউনিসিয়া যখন প্রায় গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে, তখন এই সংগঠনগুলো শান্তিপূর্ণ পথে এক বিকল্প রাজনৈতিক প্রক্রিয়ার সূচনা করে। এর ফলেই কয়েক বছরের মধ্যে তিউনিসিয়ায় একটি সাংবিধানিক ব্যবস্থা চালু করা সম্ভব হয়। এসব দেশের প্রায় সবগুলোই এখনও ভুগছে; তাদের গণতন্ত্র ও মৌলিক অধিকারের দাবি এখনও থমকে আছে। তবে নাগরিক সমাজের স্বতঃস্ফূর্ততায় তিউনিসিয়ায় একটি গণতান্ত্রিক পরিবর্তন সম্ভব হয়েছে।

এ বছর নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নে ২০৫ ব্যক্তি ও ৬৮টি প্রতিষ্ঠানের নাম আসে, যাদের মধ্যে জার্মানির চ্যান্সেলার আঙ্গেলা মের্কেল এবং পোপ ফ্রান্সিসের নামও ছিল। শেষ পর্যন্ত সব আলোচনার বাইরে থেকে তিউনিসিয়ার গণতন্ত্রের সংলাপে ভূমিকা পালনকারী চার সংগঠনের নোবেল পেয়ে যাওয়ার খবর অনেকের জন্যই বিস্ময় নিয়ে এসেছে। এই চার সংগঠনের প্রচেষ্টা বিবদমান দুটি পক্ষকে এক টেবিলে আনার পর প্রাথমিকভাবে রাজপথের উত্তাপ কমে এলেও সেই সংলাপের সাফল্য অনেক আগেই ফিকে হয়ে এসেছে বলে সমালোচকদের ভাষ্য।

যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার সঙ্গে লাগোয়া তিউনিসিয়ার জন্য নিরাপত্তা একটি বড় দুশ্চিন্তার বিষয়। চলতি বছরই দুটি বড় সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে সেখানে। সংলাপের সমঝোতা তিউনিসিয়ায় উগ্রপন্থার উত্থানের পথ খুলে দিয়েছে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ থেকে তিউনিসিয়ার অবস্থান এখনও অনেক দূরে।

তাহলে কেন এই চার নাগরিক সংগঠনকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হল? এর মধ্যেও কি গোপন রাজনীতি নিহিত রয়েছে? রাজনীতিতে নাগরিকদের নাক গলানো আরও উৎসাহিত করতেই কি এই পুরস্কার, এমন প্রশ্ন সামনে চলে আসছে।

নোবেল পুরস্কার কাকে দেওয়া হচ্ছে, কী বিষয়ে অবদানের জন্য দেওয়া হচ্ছে, যে ব্যক্তিকে দেওয়া হচ্ছে তিনি শান্তি পুরস্কারের জন্য উপযুক্ত কিনা, শান্তি প্রতিষ্ঠায় তার কোনো অবদান কাছে কিনা ইত্যাদি বিষয় পাঁচ সদস্যের নোবেল কমিটির পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে দেখার কথা। কিন্তু সেখানে পুরস্কার প্রাপক মনোনয়নে এখন রাজনৈতিক প্রভাব কাজ করছে বলে অভিযোগ উঠেছে।

প্রশ্ন উঠেছে ২০০৯ সালে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান নিয়ে। নোবেল কমিটির প্রাক্তন সচিব গের লুন্ডেস্টাড সম্প্রতি একটি বই লিখে দাবি করেছেন, নোবেল শান্তি পুরস্কারের জন্য ওবামার নাম মনোনয়ন যথাযথ ছিল না। তাঁকে নোবেল পুরস্কার প্রদানের প্রস্তাবে পাঁচ সদস্যের একজন নাকি ক্ষোভে-দুঃখে পদত্যাগও করেছিলেন!

রাজনীতির অস্ত্র হিসেবে শান্তি পুরস্কারের ব্যবহারের এমন অভিযোগ অতীতেও বহু বার উঠেছে। পুরস্কার দিয়ে রাজনীতি করবার পাশাপাশি পুরস্কার না দিয়ে রাজনীতি করবার অভিযোগও কম নয়। খেয়াল করলে দেখা যাবে, ওবামা যে শান্তি পুরস্কার পেয়েছেন, মহাত্মা গান্ধী তা পাননি। একাধিকবার তাঁর নাম সম্ভাব্য পুরস্কার প্রাপকের তালিকায় বিবেচিত হয়েছিল, কিন্তু ওই পর্যন্তই। শেষ পর্যন্ত পুরস্কার দেওয়া হয়নি তাঁকে। যুক্তি হিসেবে বলা হয়েছিল, মহাত্মার 'অহিংস রাজনীতি' তো জাতীয়তাবাদের কৌশল, তা দেশের কাজ; বৃহৎ বিশ্বশান্তি ভাবনার মাপকাঠিতে উত্তীর্ণ নয়। এটা যে যুক্তি নয়, ছল, তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়।

Image
রাজনীতিতে নাগরিকদের নাক গলানো আরও উৎসাহিত করতেই কি এই পুরস্কার

'শান্তির জন্য নোবেল পুরস্কার' বিষয়টি এমনই যে তা নিয়ে তোষণের রাজনীতি প্রায় অনিবার্য। এমনিতে নোবেল প্রদান করা হয় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য। নিজ নিজ ক্ষেত্রে অবদান দেখিয়ে তা অর্জন করতে হয়। অবদানটি প্রত্যক্ষগোচর। পরিমেয়। সাহিত্যের জন্য যিনি নোবেল পুরস্কার পান তাঁকে গ্রন্থ লিখতে হয়। পদার্থবিজ্ঞান কিংবা রসায়নে যাঁরা নোবেল পুরস্কার পান তাদের যুগান্তকারী কোনো তত্ত্ব, সমীকরণ বা আর কিছু আবিষ্কার করতে হয়। অর্থাৎ যে কারণে নোবেল প্রাপ্তি সেই কারণটি স্পষ্ট করতে হয়।

হতেই পারে, কোনো এক বছর যাঁকে বেছে নেওয়া হয়েছে তাঁর তুলনায় অপর কোনো ব্যক্তির কাজ হয়তো যোগ্যতর ছিল। তা নিয়ে বিতর্ক চলতেই পারে। কিন্তু সেই বিতর্ক মূল্যায়নের মাপকাঠি মান্য করেই হয়। মাপকাঠিটি ওখানে বিতর্কের বিষয় নয়। আবার, একটি অসামান্য গ্রন্থ লিখতে চলেছেন বলে কেউ সাহিত্যে নোবেল পেতে পারেন না। আগে তো লিখে দেখাতে হবে। অথচ শান্তির ক্ষেত্রে সবই যেন ভাসা ভাসা। ফলে কেউ শান্তি বজায় রাখতে চান এ কথা ভাবলে ও বললে এবং তিনি তেমন ক্ষমতাশালী হলে নোবেল পুরস্কার পেয়ে যেতে পারেন।

নোবেল শান্তি পুরস্কার যে পশ্চিমের দেশগুলো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, সেটা নতুন কথা নয়। অতীতের বিভিন্ন নোবেল শান্তিবিজয়ীর পূর্ব-জীবন ও পরবর্তী কার্যকলাপের দিকে দৃষ্টিপাত করে সে সত্যই বেরিয়ে আসে। এর বড় প্রমাণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল পুরস্কারপ্রাপ্তি। বিশ্ববাসীকে বলা হয়েছিল যে, চেক প্রজাতন্ত্রের রাজধানীতে দেওয়া ভাষণে বিশ্বকে মারণাস্ত্রমুক্ত করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, সেই পথ ধরে তাঁর এগিয়ে চলা উৎসাহিত করতে নোবেল শান্তি পুরস্কারে তাঁকে ভূষিত করা হলে। শান্তির সেই পুরস্কার পকেটে ভরে নিয়ে পরবর্তী সময়ে তিনি যা করলেন তা হল, বিশ্বজুড়ে হানাহানির মাত্রা আরও কিছুটা বাড়িয়ে দেওয়া।

বারাক ওবামার কথা বাদ দিয়ে শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া অন্যদের দিকে দৃষ্টিপাত করলেও রাজনীতির ফায়দা লুটে নেওয়ার হিসাবটাও সহজে চোখে পড়ে। গেল বছর নোবেল শান্তি পুরস্কারেও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের পাঠান বংশোদ্ভূত বালিকা কিংবা ভারতের এক এনজিওকর্মী কতটা অবদান রাখতে পারছেন, তা সবাই জানেন। মালালার বেলায় পরিষ্কার যে আভাস ইতোমধ্যে পাওয়া যাচ্ছে তা হলে, ওকে এখন বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে পশ্চিমের মানবাধিকার আর সমঅধিকারের বার্তা পৌঁছে দেওয়ার কাজে। সম্ভবত এটাই ছিল নোবেল শান্তি পুরস্কারের জন্য সেই বালিকাকে বাছাই করে নেওয়ার উদ্দেশ্য। একা ওকে পুরস্কার দেওয়া হলে ব্যাপারটা গোলমেলে ঠেকতে পারে বলেই হয়তো ভারতের সত্যার্থীর ভাগ্য খুলে যায়। উপমহাদেশে বিবদমান পরিস্থিতিতে তাঁরা দুজনে মিলে কীভাবে কতটুকু শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা পালন করছেন, তা বলাই বাহুল্য।

একই কথা গ্রামীণ ব্যাকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসের ক্ষেত্রেও প্রযোজ্য। শান্তিতে নোবেল বিজয়ী এই ব্যক্তিকে জাতীয় জীবনের চরম সংকটকালেও কোনো রকম ভূমিকা পালন করতে দেখা যায়নি।

অথচ নোবেল শান্তি পুরস্কার প্রবর্তনের পেছনের উদ্দেশ্য ছিল, বিশ্বজুড়ে হানাহানি আর সংঘাত বন্ধে সত্যিকার অর্থে যাঁরা অবদান রেখেছেন বা রাখছেন, তাদের পুরস্কৃত করার মধ্য দিয়ে শান্তির সম্ভাবনার ধারণা এগিয়ে নেওয়া। ফলে অশান্তি সৃষ্টির পেছনে সামষ্টিক যে কাঠামো সব সময় কাজে লাগানো হয়, সেই সামরিক বাহিনীর বিলুপ্তিতে সহায়ক পদক্ষেপ গ্রহণের কাজও পুরস্কৃত করার বিষয়টি আলফ্রেড নোবেল তাঁর রেখে যাওয়া দলিলে উল্লেখ করেছিলেন।

Image
সম্ভবত এটাই ছিল নোবেল শান্তি পুরস্কারের জন্য সেই বালিকাকে বাছাই করে নেওয়ার উদ্দেশ্য

আমরা জানি, সারা বিশ্বে এখন পর্যন্ত সে রকম কিছুর জন্য কাউকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি। এবার যদিও নোবেল শান্তি পুরস্কার কমিটির সামনে সেই সুযোগ উপস্থিত হয়েছিল, কিন্তু সেটা আবারও হাতছাড়া হল!

তবে উপায়? উপায় একটি, কেবল একটি।। ঢাকিসুদ্ধ বিসর্জন। শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়ারই প্রয়োজন নেই। এত দিন নিতান্ত ভুল করে দেওয়া হয়েছে। শান্তির নামে বহু অশান্তি ও তোষামোদের রাজনীতি তো হল, এ বার এই পুরস্কারটি তুলে দেওয়া হোক। অন্য বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া সঙ্গত কি না, তা অন্য বিবেচনার বিষয়। যেমন, গণিত, দর্শন বা চিত্রকলা। তেমন সম্প্রসারণের নিজস্ব যুক্তি আছে। কিন্তু শান্তি পুরস্কার আর নয়। শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাইলে তার জন্য অন্য পুরস্কার দানের বন্দোবস্ত করা হোক। ওবামাও তা চালু করতে পারেন। কিন্তু তার জন্য নোবেল পুরস্কারের চরিত্র নষ্ট করবার প্রয়োজন আছে বলে মনে হয় না।

এই অবস্থানের যুক্তিটি সহজ ও স্পষ্ট। প্রত্যেকটি পুরস্কারের স্বধর্ম আছে। নোবেল পুরস্কারের স্বধর্ম বিষয়গত উৎকর্ষের স্বীকৃতির আদর্শে চালিত। তার কাঠামোয় শান্তি-অশান্তির স্থান নেই। বিষয়টি বিশ্ববিবেককে ভেবে দেখতে হবে।