শ্রমজীবী নারী বাড়ছে, কিন্তু পারিশ্রমিক বাড়ছে না
এই লেখাটি যখন লিখছি, তখন বন্ধু রেহনুমা আহমদের ই-মেইলে জানতে পারলাম যে গার্মেণ্ট শ্রমিক নেত্রী মোশরেফা মিশু দীর্ঘদিন কারাভোগ ও রিমান্ডের নির্যাতনের পর মুক্ত হয়েছেন। এটা নিঃসন্দেহে একটি সুখবর এবং দেশ-বিদেশের অনেক দাবী-দাওয়ার ফল।
মে দিবসে নারী শ্রমিকের অধিকার নিয়ে কিছু লিখতে গিয়ে ভাবলাম দেখি জাতীয় নারী উন্নয়ন নীতি নিয়ে এতো যে কান্ডকারখানা হচ্ছে, (একদল বলছে, বাস্তবায়ন করতে হবে, অন্যদল বলছে বাতিল করতে হবে); তার মধ্যে শ্রমজীবী নারী বা নারী শ্রমিকের অধিকার কতোখানি রক্ষা হয়েছে। মনে হচ্ছে দেশে এখন রাজনৈতিক কোন সমস্যাই নাই। শুধু নারীদের সম্পত্তি দেয়া না দেয়াটাই যেন সবচেয়ে বড় সমস্যা। নারী শ্রমিক নেত্রীদেরও রাজপথে এই নারী উন্নয়ন নীতির পক্ষে মানব বন্ধন করতে দেখা যাচ্ছে। তাহলে কি তাঁরা এই নারী নীতিতে শ্রমজীবী নারীদের জন্যে কথা যা আছে তাতে সন্তুষ্ট?
জাতীয় নারী উন্নয়ন নীতিতে মোট তিনটি ভাগের ৪৯টি উপ-শিরোনামের মধ্যে নারী শ্রমিকের অধিকার সংক্রান্ত আলাদা কোন শিরোনাম নেই। নারী শ্রমিকের অধিকার বলে কোন বাক্য নেই নীতির কোথাও। তবুও খোঁজার চেষ্টা করলাম। কেউ দেখে থাকলে জানাবেন। দ্বিতীয় বিভাগে ২৩ ধারার শিরোনামঃ জাতীয় অর্থনীতির সকল কর্মকাণ্ডে নারীর সক্রিয় ও সমঅধিকার নিশ্চিতকরণ। এর অধীনে ২৩.৭, ২৩.১০ এবং ২৩.১১ উপ ধারায় যা আছে তাই নিয়ে কিছু আলোচনা করবো। পাঠকের সুবিধার জন্য বলছি ২৩.৭ ধারায় আছে, নারী-পুরুষ সম মজুরী, শ্রম বাজারে নারীর বর্ধিত অংশগ্রহণ ও কর্মস্থলে সমসুযোগ ও নিরাপত্তা নিশ্চিত এবং চাকরী ক্ষেত্রে বৈ্ষম্য দূর করা। এই ধারায় বোঝার উপায় নেই যে বর্তমানে যারা অসম- মজুরীর শিকার, কর্মস্থলে নিরাপত্তাহীনতা ও বৈষম্য যা রয়েছে তা দূর করার কী ব্যবস্থা নেয়া হবে? বিষয়টি মোটেও পরিষ্কার নয়। শ্রমিকের ধরণ নিয়েও স্পষ্ট কোন বক্তব্য না থাকায় বিভ্রান্তি আছে। নারীরা এখন নানা ধরণের কাজে, অধিকাংশ ক্ষেত্রেই যেখানে কম মজুরী দিতে হয়, কাজের ঘণ্টার কোন হিসাব নাই, যেখানে স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি সেখানেই নারী শ্রমিক এবং শিশু শ্রমিকের নিয়োগ দিতে দেখা যায়। উদাহরণ হিশেবে বলি, এই নীতি দিয়ে কি বিড়ি শ্রমিক কারখানায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছেন এমন নারী শ্রমিকদের রক্ষার কোন পথ আছে? পুরুষরা মুলতঃ সিগারেট-বিড়ি খায়, কিন্তু নারী শ্রমিক, বিশেষ করে কম বয়সী বা সহজ কথায় বললে শিশু শ্রমিকদের বিড়ি কারখানায় নিয়োগ দেয়া হয় কারণ তাঁদের আঙ্গুল নরম। বিড়ির কাজে এই ছোট নরম হাতের খুব প্রয়োজন। কিছু মালিক এই সময় দুই একটা কিশোরীকে বিয়ে করে বউ বানিয়ে ভাতে-পেটে কাজ করিয়ে নেয়। বিড়ি শিল্পের বিরুদ্ধে কিছু বললে এঁদের কর্মসংস্থান যাবে বলে এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা ভীষণ আপত্তি তোলেন। কিন্তু তাদের স্বাস্থ্য নিরাপত্তা দেয়ার কোন ব্যবস্থাই গ্রহন করা হয় না। তেমনি চিংড়ী শিল্পে কিংবা রপ্তানীমুখী মৎস শিল্পের নারী শ্রমিকের কাজের ধরণ যে কত কঠিন এবং কত শোষণমূলক তা হয়তো ঢাকায় বসে অনেকের পক্ষে কল্পনা করাও অসম্ভব। এমন উদাহরণ আরো অনেক রয়েছে।
সাধারণতঃ মে দিবসে আমরা গার্মেণ্ট শ্রমিকদের সমস্যা নিয়ে আলোচনা করি; তাঁদের সমস্যা চোখে পড়ার মতো। মালিক পক্ষ যেন ধরেই নিয়েছে তাদের ব্যাপারে কিছু না করলেও চলবে, কারণ বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা শ্রমিকরা নয়, তাঁরাই আনছেন। কাজেই তাদের আবার ৫,০০০ টাকার ন্যূনতম মজুরী দিতে হবে কেন? তাদের কর্মপরিবেশ, স্বাস্থ্য সেবা ও নিরাপত্তার কথা ২০০৬ সালের বাংলাদেশ শ্রম আইনে থাকা সত্ত্বেও বেশির ভাগ পোশাক শিল্পে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই। যদি নারী উন্নয়ন নীতির ২৩.৭ ধারা অনুযায়ী শ্রমিকদের নিরাপত্তা দেয়া সম্ভব হয় তাহলে বুঝবো এই নীতি নারী শ্রমিকদের কাজে লাগছে। কিন্তু সেটা পাবার জন্য খুব আশাবাদী হতে পারছি না। নীতিতে কোথাও কর্মস্থলে দুর্ঘটনার উল্লেখ নাই, অথচ পোশাক কারখানায় আগুনের ঘটনা প্রায় লেগেই আছে। গেটে তালা লাগানো থাকে, কারণ মালিকের বদ্ধ্বমূল ধারণা এরা কাপড় চুরি করে নিয়ে যাবে। কাপড় আগুনে পুড়ে যাক ক্ষতি নাই, কিন্তু শ্রমিককে তাই বলে বিশ্বাস করা যাবে না! ভীত সন্ত্রস্ত শ্রমিকরা বের হতে না পেরে পুড়ে মরে, অনেকেই বহুতল কারখানার ভবন থেকে লাফ দিতে গিয়ে জীবন বাঁচালেও পঙ্গুত্ব বরন করে নিতে হয়। তারপর আর কেউ তাদের খোঁজ রাখে না। নারী উন্নয়ন নীতির মাধ্যমে কি এই নারীদের সহায়ক কর্মসুচী পাবো?
কৃষি ও গার্হস্থ্য শ্রমসহ সকল নারী শ্রমের সঠিক প্রতিফলন ও মুল্যায়ন নিশ্চিত করার কথা আছে ২৩.১০ ধারায়। ভাল কথা। কিন্তু কৃষি শ্রমিকের কাজের প্রতিফলন ও গার্হস্থ্য শ্রমের মুল্যায়ন এক কথা নয়। বিডি নিউজের ফেব্রুয়ারী ১০ তারিখের একটি খবরে গবেষণা সংস্থা ক্যাম্পেইন ফর সাস্টেইন্যাবল রুরাল লাইভলিহুডস (সিএসআরএল)-এর বরাতে বলা হয়েছে কৃষি খাতে নিয়োজিত নারী শ্রমিকের ৭২ শতাংশই অবৈতনিক। এদেরকে 'পারিবারিক নারী শ্রমিক' হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। অর্থনৈতিক কার্যক্রমে গত এক দশকে ১ কোটি ৩০ লাখ বাড়তি শ্রমশক্তি যুক্ত হয়েছে, যার মধ্যে ৫০ লাখ নারী। এই বিশাল সংখ্যক নারী শ্রমের বিষয় কি শুধুই সঠিক প্রতিফলন ও মুল্যায়নের পর্যায়ে থাকবে, নাকি তাদের যথাযথ অধিকার প্রতিষ্ঠিত করতে হবে? এক দিকে নারী পারিবারিক নারীশ্রমিক হয়ে গিয়ে কিছুই পাচ্ছে না, অন্য দিকে গার্হস্থ্য শ্রমের মুল্যায়ন বলতে গিয়ে ঘরের রান্না বান্না, সন্তান মানুষ করা্র মতো কাজকে অর্থনৈতিক মুল্যায়ন করতে পুরুষ নীতিনির্ধারকরাই বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে। তাঁদের স্ত্রীদের কাজও মুল্যায়ন করতে হবে এবং সেখানে কার কী গ্রেডিং হয়ে মুল্যায়ন করা হবে সেটা ঠিক করা বড় বিড়ম্বনার ব্যাপার হয়ে যাবে না কি?
দায়সারাভাবে ২৩.১১ ধারায় নারী যেখানে অধিক সংখ্যায় কর্মরত আছেন সেখানে যাতায়াত ব্যবস্থা, বিশ্রামাগার, পৃথক প্রক্ষালনকক্ষ ও দিবাযত্ন কেন্দ্রসহ অন্যান্য প্রয়োজনীয় বিশেষ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। এখন কে ঠিক করবে সংখ্যায় কত হলে 'অধিক' বলে গণ্য হবে? এই ধারা মালিক একভাবে ব্যাখ্যা করবে আর শ্রমিক সংগঠন করবে আর একভাবে। শেষ পর্যন্ত নারী শ্রমিকরা তাদের প্রাপ্য পাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে।
নারী এখন নিজে অনেক উপার্জন করছে। কিন্তু অর্জিত সম্পত্তির ক্ষেত্রে নারীর নিয়ন্ত্রণের প্রশ্নটি উত্তরাধিকারের সাথে জুড়ে দিয়ে মনে হয় গরিব ও খেটে খাওয়া নারীর রক্তে ঘামে অর্জিত সম্পদের অধিকারের ব্যাপারেই বিরাট বাধা সৃষ্টি করা হোল। এদেশে এখন বহু নারী নিজে কষ্ট করে নানা ধরণের জীবন-জীবিকার মাধ্যমে সংসার চালায়। এদেশের সংখ্যাগরিষ্ঠ নারী আত্মনির্ভরভাবে খেয়ে না খেয়ে তার সংসার চালাচ্ছে। সম্পত্তির এই কূটবিতর্ক দয়া করে এই শ্রমজীবী নারীকে যেন ক্ষতিগ্রস্ত না করে। প্রবাসী নারী শ্রমিকের কথা মোটেও দেখলাম না। তাদের জন্য কী সুযোগ সুবিধা বা নিরাপত্তা দেয়া হচ্ছে?
তাই যারা জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের দাবী তুলছেন আর যারা বিরোধিতা করছেন, দুই পক্ষকেই বলছি, আগে শ্রমিক এবং শ্রমজীবী নারীর অধিকারের কথা বলুন।
ফরিদা আখতার: নারীনেত্রী ও কলামলেখক।
