ইসরায়েলের এআই-নিয়ন্ত্রিত অস্ত্র পরীক্ষার ল্যাবরেটরি গাজা
কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানবজাতির উত্তরণ ঘটাবে, নাকি তা মানবতাকে বিলীন করে দেবে? গাজায় চলমান যুদ্ধ এই প্রশ্নেরই এক ভয়াবহ উত্তর।
ইতিহাসের ধারাবাহিকতায় মানুষ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে—এটি কি হবে উত্তরণ নাকি অবতরণ, সে প্রশ্নে মতভেদ থাকতে পারে। ব্যক্তি কিংবা গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও মানবিক দিক থেকে এই পরিবর্তনকে অনেকেই অবনতিমুখী, এমনকি দ্রুত পতনের পথ বলেই দেখছেন। ঠিক এই কারণেই আলোচনার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। আর এই পরিবর্তনের মূল চালিকাশক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, সংক্ষেপে এআই।
প্রযুক্তির বিবর্তন সামাজিক ও রাজনৈতিক সংগ্রামকে নতুন বিন্যাসে সাজিয়ে ও তা ত্বরান্বিত করে ইতিহাসে সৃষ্টি করেছে একের পর এক নতুন যুগ। এসব পরিবর্তনের ভেতর সবচেয়ে বিস্ময়কর, অবিশ্বাস্য শক্তিধর ও একইসঙ্গে বিপর্যয় ডেকে আনা প্রযুক্তি হলো এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মধ্যে এনেছে আনন্দের উত্তেজনা, আবার জাগিয়েছে গভীর আতঙ্কও। প্রযুক্তির আবির্ভাবে সমাজে ভীতি নতুন নয়, তবে এআই নিয়ে এই শঙ্কা আগের যে কোনো প্রযুক্তির তুলনায় বহুগুণ প্রবল।
এ আতঙ্কের ফল নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র, লেখা হয়েছে গল্প-উপন্যাস, রচিত হয়েছে গবেষণাগ্রন্থ ও প্রবন্ধসাহিত্য। চলচ্চিত্র ও গল্প-উপন্যাসে দর্শক ও পাঠকের মন কেড়ে নেওয়ার ও বাড়িয়ে বলার প্রবণতা স্বাভাবিক। সবচেয়ে বড় আতঙ্কের কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুতগতির বিকাশ ও একসময় মানুষের ওপর আধিপত্য বিস্তারের আশঙ্কা যা অতীতে আর কোনো প্রযুক্তির বেলায় ঘটেনি। এ আতঙ্কের উৎস মানুষ ও এআইকে দুই সাংঘর্ষিক প্রজাতি হিসেবে বিবেচেনা করা যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যুদ্ধে মানুষ প্রজাতিটি একসময় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে অনেকে ভয় পাচ্ছেন।
এই আতঙ্কটি ভিত্তিহীন। কারণ যা ঘটছে ও ঘটবে তা হলো মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোগে একটি মিশ্র প্রজাতির উৎপত্তি। আর এটিই মনুষের মাঝে শ্রেণি বিভাজনের মত আরেকটি ভয়ঙ্কর বিভাজন তৈরি করবে–কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ ও কৃত্রিম বুদ্ধিমত্তাহীন যা হবে এখনকার ডিজিটাল হ্যাভস ও ডিজিটাল হ্যাভনটসের পরবর্তী ধাপ। এই কৃত্রিম বুদ্ধিমত্তায় সমৃদ্ধ মানুষ বা হাইব্রিড জনগোষ্ঠীর কাছে প্রাকৃতিক মানুষ ও সমাজ পরাজিত হতে পারে—দাসে পরিণত হওয়া, এমন কি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা মোটেও আকাশকুসুম কল্পনায় সীমাবদ্ধ নয়। এর স্পষ্ট ইঙ্গিত আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। এখনকার জনপ্রিয় ও সবচেয়ে আলোচিত লেখক ইউভাল নোয়া হারারি তার ‘সেপিয়েন্স’, ‘হোমো ডিউস’ ও ‘নেক্সাস’ বইগুলোতে এই আতঙ্কময় পরিস্থিতিকে ভবিষ্যতের এক সম্ভাব্য বাস্তবতা হিসেবেই উপস্থাপন করেছেন।
তবে এখন আর এটি শুধু নিকট ভবিষ্যতের গল্পে সীমাবদ্ধ নেই, এরই মধ্যে বাস্তব নিদর্শন হিসেবে পৃথিবীর বহু ক্ষেত্রে ও স্থানে ঘটতে শুরু করেছে। সেই নিদর্শনগুলো কী এবং ভবিষ্যতে আরও কী ধরনের আশঙ্কা জন্ম দিতে পারে—সেটিই আজকের লেখার মূল আলোচনা।
হারারি যে এই সত্যটি সবচেয়ে স্পষ্ট দেখতে পেয়েছেন ও সেই দৃশ্যটিকে এমন উজ্জ্বল করে আঁকতে পেরেছেন তার কারণ তিনি বাস করছেন ও জ্ঞানচর্চা করছেন সেই দেশে যেখানে এর সবচেয়ে বেশি উৎপাদন ও বিকাশ হচ্ছে। আবার যে দেশের রাষ্ট্রশক্তি এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে প্রতিবেশী আরেকটি জনগোষ্ঠিকে পরাজিত করার, দাসত্বে বন্দি করার ও শেষ পর্যন্ত নিশ্চিহ্ন করে দেওয়ার পরীক্ষায় নেমেছে তিনি সেই দেশের অন্যতম বিখ্যাত বুদ্ধিজীবী। সেই দেশটি হলো ইসরায়েল আর পরীক্ষানিরীক্ষার ল্যাবরেটরি ফিলিস্তিন। হারারির চোখের সামনে ঘটতে যাচ্ছে মানবেতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পর্ব যখন প্রথমবারের মত সকল মানবিক আবেগ-অনুভূতি, হাসিকান্না, উচ্ছ্বাস-আনন্দ, স্বপ্ন ও স্বাধীনতার ইচ্ছে যথেচ্ছ লুণ্ঠিত হচ্ছে ইসরায়েলের কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ জায়োনিস্টদের আক্রমণে।
ইসরায়েলি অনলাইন সাময়িকী +৯৭২-এর (প্লাস নাইন সেভেন টু) এক তদন্ত থেকে জানা যায়, ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনে হত্যাযজ্ঞ পরিচালনার জন্য ল্যাভেন্ডার, হোয়্যার ইজ ড্যাডি, দ্যা গসপেল প্রভৃতি কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত প্রযুক্তি পরিচালনা করছে। ওই সাময়িকীতে ২০২৪ সালের ৩ এপ্রিল সাংবাদিক ইউভাল আব্রাহাম লিখেছেন, “২০২১-এ ব্রিগেডিয়ার জেনারেল ওয়াই. এস. ছদ্মনামে একজনের ইংরেজিতে একটি বই প্রকাশিত হয় যার শিরোনাম: দ্য হিউম্যান মেশিন টিম: হাউ টু ক্রিয়েট সিনারজি বিটুইন হিউম্যান অ্যান্ড আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। এই বইতে লেখক–যিনি আমরা জানতে পেরেছি ইসরায়েলি উচ্চ ক্ষমতাসম্পন্ন গোয়েন্দা ইউনিট ৮২০০-এর বর্তমান কমান্ডার–প্রস্তাব করেছেন একটি বিশেষ মেশিন তৈরির যা যুদ্ধের ডামাডোলের মাঝে বিপুল তথ্য প্রক্রিয়াজাত করে দ্রুত সামরিক আক্রমণের লক্ষ্যবস্তু নির্ণয় করতে পারে। ... জানা গেছে এমন একটি যন্ত্র বাস্তবে বিদ্যমান আছে।”
এই যন্ত্রটি এখন গাজায় ইসরায়েলি সেনাদের হাতে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে, যেখানে কেবল অস্ত্রের জয়ের সঙ্গে মানবিকতার পরাজয় ঘটছে। হ্যাঁ, এই সৈন্যরা কৃত্রিম বুদ্ধিমত্তায় সমৃদ্ধ। কৃত্রিম বুদ্ধিমত্তার শীতলতম গাণিতিক যুক্তি থাকে মাত্র; নেই কোনো আবেগ, হাসি-কান্না, আনন্দ বা স্বপ্ন—মানবিক অনুভূতি এখানে কোনো মূল্য রাখে না।
ইতিহাসে দেখা যায়, সবসময় অশ্বারোহী বাহিনীর কাছে হেরে গেছে পদাতিক সৈন্যরা, বন্দুকওয়ালার কাছে হেরে গেছে তলোয়ারওয়ালা, কামানের গোলার কাছে হেরে গেছে বন্দুক, যুদ্ধবিমানের কাছে কামানের গোলা–আর গাজায় তো কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে বলতে গেলে লাঠি আর পাথর দিয়ে যুদ্ধ চলছে। এখানে যুদ্ধে কেবল হেরে যাওয়াই ঘটে না, পরাজয় ঘটে মানবিক আবেগ-অনুভূতি, হাসিকান্না, উচ্ছ্বাস-আনন্দ, স্বপ্ন ও স্বাধীনতার। মানবিক আবেগ-অনুভূতি প্রযুক্তির কাছে কেবল হেরেই যায় না, বরং মানবিকতাই হয়ে যায় অনেকাংশে হেরে যাওয়ার কারণ।
সেকারণে উচ্চ সামন্তীয় মূল্যবোধে উন্নত সিরাজদ্দৌলা দেশপ্রেমের গৌরব নিয়ে ভূলুণ্ঠিত হন এক কুচক্রী, মূল্যবোধহীন, লুণ্ঠক ক্লাইভের কাছে। সম্রাট ও কবি বাহাদুর শাহ জাফরকে ভারতের মহাবিদ্রোহের পরম শ্রদ্ধেয় নায়ক হয়েও করুণ মৃত্যুবরণ করতে হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির তস্করদের হাতে। সামন্তীয় নেতারা বিশ্বাস করতেন যুদ্ধের নিয়মনীতিতে, পুঁজির মালিকের পক্ষে বেনিয়া যোদ্ধাদের এমন কোনো বিশ্বাস ও নীতির বালাই নেই–যুদ্ধের ফলাফল নির্ধারণে ওই নীতিহীনতাই নিয়ামক হয়ে দাঁড়ায়, এমনকি পরে নিয়মেও পরিণত হতে পারে।
তাই নেতানিয়াহু আজ সমস্ত আইনকানুনের ঊর্ধ্বে। আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে যুদ্ধাপরাধী বলে অভিযুক্ত করলেও তিনি নির্বিঘ্নে সারা বিশ্বে উড়ে বেড়াচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তায় সমৃদ্ধ স্মার্ট জায়োনবাদী বাহিনী ফিলিস্তিন জনগণকে নিরাপদ আশ্রয়ের লোভ দেখিয়ে এনে হত্যা করছে, খাবার দেবার নাম করে এনে হত্যার আনন্দে মেতেছে, ক্ষুধার্ত শিশুকে সন্ত্রাসী নাম দিয়ে গুলি করে করে মারছে। যখন ফিলিস্তিনি শিশুরা জীবনের নরকযন্ত্রণা থেকে বাঁচতে ও বেহেশতের নিরাপত্তা লাভ করতে মৃত্যুকে কামনা করছে, তাদেরকে হত্যার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে বিকৃত আনন্দ পাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। হিটলারের বাহিনী কর্তৃক সংঘটিত হলোকাস্টকে তবু লুকানো-ছাপানোর চেষ্টা করা হতো, কিন্তু জায়োনবাদী বাহিনীর এই হলোকাস্ট সম্পূর্ণ নগ্ন, প্রকাশ্য ও লজ্জাহীন।
হারারির কল্পিত হোমো ডিউস বা মানবদেবতার বদলে এক ভয়ঙ্কর হোমো ডিমোনের বা মানবরূপী দৈত্যের মূর্তরূপ হয়ে উঠেছে জায়োনবাদী সৈন্যরা। ইসরায়েলের এই রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নৃশংস ব্যবহারের কথা হারারিসহ অনেকেই সতর্কবার্তা দিয়েছেন।
এই ইসরায়েল এআই-পরিচালিত আগামী পৃথিবীর একটি মডেল। আর গাজা হচ্ছে সেই মানুষের জন্মভূমি যাদের আছে মানবিক আবেগ-অনুভূতি, হাসিকান্না, উচ্ছ্বাস-আনন্দ, স্বপ্ন ও স্বাধীনতার ইচ্ছে, শুধু নেই এআই-পরিচালিত নৃশংস মারণাস্ত্র। আমেরিকা ও ইসরায়েলের বুকে কাঁপন ধরানো হামাস হচ্ছে লাঠি আর পাথর হাতে পশ্চিমা-সভ্যতা বিরোধী সন্ত্রাসী। আর কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ জায়োনবাদ কোনো সন্ত্রাসী নয়–নিজেই এক সন্ত্রাস, শুধু সভ্যতাবিরোধী নয়–মানবেতিহাসবিরোধী–হোমো ডিমোনের বা মানবরূপী দৈত্যের উত্থানের কাল।
ফিলিস্তিন যে ইসরায়েলের অস্ত্র পরীক্ষানিরীক্ষার ল্যাবরেটরি এ কথা বহু আগে থেকেই প্রমাণিত। ২০২১ থেকে ফিলিস্তিনে শুরু হয়েছে ইসরায়েলের কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত অস্ত্রের প্রয়োগ ও পরীক্ষানিরীক্ষা। আর ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজার মানুষেরা পুরোপুরি পরিণত হয়েছে ইসরায়েলের এআই-নিয়ন্ত্রিত অস্ত্র পরীক্ষার সস্তা উপকরণে। ইসরায়েলের ল্যাভেন্ডার, হোয়্যার ইজ ড্যাডি, দ্যা গসপেল ছাড়াও সেখানে ব্যবহৃত হচ্ছে যুক্তরাষ্ট্রের এআই কোম্পানি প্যালানটির, আমাজোন ও গুগলের বিভিন্ন এআই-চালিত অস্ত্রশস্ত্র।
‘দ্য কায়রো রিভিউ অব গ্লোবাল অ্যাফেয়ার্স’ (বসন্ত-গ্রীষ্ম ২০২৫) জার্নালে প্রকাশিত আনোয়ার মাজনের লেখা প্রবন্ধের শিরোনামেই বোঝা যায় বহু কিছু: ‘গাজা: ইসরায়েল’স এআই হিউম্যান ল্যাবরেটরি’। তিনি লিখেছেন, “এসব কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত যুদ্ধব্যবস্থা–গাজা যুদ্ধে যার প্রয়োগ, পরীক্ষানিরীক্ষা ও উন্নয়ন চলছে–শূন্যের মাঝে আবির্ভূত হয়নি। গাজা হচ্ছে এসব প্রযুক্তির জীবন্ত পরীক্ষাগার যেখানে ইসরায়েল ও তার কর্পোরেট মিত্ররা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা ক্ষমতায়িত যুদ্ধাস্ত্রগুলোর দক্ষতা ও কার্যকারিতা দিনের আলোয় পরখ করে দেখছে। আগের সামরিক প্রযুক্তিগুলোর মতই (উদাহরণস্বরূপ ড্রোন), গাজায় যা পরীক্ষানিরীক্ষার মাধ্যমে উন্নত করা হয়েছে তা বিশ্ববাজারে ছাড়া হয় যুদ্ধ-পরীক্ষিত প্রযুক্তি হিসেবে। তৈরি হয় সামরিক নিরাপত্তা শিল্প, যার মালিকেরা যুদ্ধ ও নির্যাতন বিক্রি করে পয়সা কামায়। আসলেই, ইসরায়েল আয়তনে ছোট হওয়া সত্ত্বেও পৃথিবীর বৃহত্তম অস্ত্র রপ্তানিকারকদের মধ্যে একটি। আর কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ প্রযুক্তিই হতে যাচ্ছে এর অস্ত্র রপ্তানির কেন্দ্রীয় উপকরণ।”
এসব কী ইঙ্গিত দেয়? সে কি এমন এক আগামী পৃথিবী যা হাইব্রিড মানবের বা মানবরূপী দৈত্যদের দখলে যাবে আর পরিকল্পনামাফিক এখানে ওখানে গাজা তৈরি হবে আরও? কে জানে!
