Published : 11 Nov 2025, 06:57 PM
বাংলাদেশের অর্থনীতি এখন জাল টাকার নীরব বিষক্রিয়ায় আক্রান্ত। টাকা শুধু লেনদেনের মাধ্যম নয়, এটি মানুষের পরিশ্রম, রাষ্ট্রের বিশ্বাস এবং বাজারের স্থিতিশীলতার প্রতীক। যখন জাল নোট এই প্রতীককে আঘাত করে, তখন ক্ষতি শুধু আর্থিক নয়; সমাজের আস্থা এবং নিরাপত্তাও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়।
জাল টাকা মূলত একটি অর্থনৈতিক টক্সিন, যা ধীরে ধীরে মুদ্রার প্রকৃত মূল্যকে ক্ষয় করে। বাজারে নকল নোটের প্রচলন বাড়লে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতির চাপ বাড়ে। ফলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগামী হয় এবং নিম্নআয়ের জনগোষ্ঠী দারিদ্র্যের নতুন ফাঁদে আটকে পড়ে। এতে অর্থনীতির সামষ্টিক ভারসাম্য নষ্ট হয়, ব্যাংকিং খাতে তারল্য সংকট দেখা দেয় এবং সরকারের রাজস্ব ও আর্থিক নীতি বাস্তবায়ন জটিল হয়ে ওঠে।
এই প্রেক্ষাপটে বলা যায়, জাল টাকা কেবল অর্থনৈতিক সমস্যা নয়, রাষ্ট্রীয় নিরাপত্তার গুরুতর হুমকিও বটে। বাজারে জাল টাকা ছড়ানোর ভিন্ন উদ্দেশ্যও থাকতে পারে, অর্থনীতিকে দুর্বল করা এবং জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার এই সময়ে অর্থপ্রবাহ বৃদ্ধির সুযোগকে হয়তো কাজে লাগাতে চায় অপরাধীচক্র, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে।
শুধু স্থানীয় চক্র নয়, আন্তর্জাতিক নেটওয়ার্কও এতে জড়িত থাকার আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে র্যাব, পুলিশ ও ডিবির হাতে একাধিক বড় চক্র ধরা পড়েছে। চট্টগ্রামে ২০ কোটি টাকার জাল নোট, ঢাকায় জাল টাকা তৈরির কারখানা, রংপুরে জাল টাকা ব্যবহারের ঘটনা; সবই প্রমাণ করে এই অপরাধ কতটা সংগঠিত ও প্রযুক্তিনির্ভর। এমনকি অনলাইন প্ল্যাটফর্মে জাল নোট বিক্রি হচ্ছে। ফেইসবুক ও টিকটকে ‘এ গ্রেডের প্রিন্ট’ বা ‘হুবহু আসলের মতো’ বিজ্ঞাপন চলছে, যা অপরাধের পাশাপাশি সামাজিক বাস্তবতার ভয়ানক প্রতিফলন।
আমার পর্যবেক্ষণে, জাল টাকার ব্যবসা এখন আর কয়েকজন প্রতারকের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এক জটিল চক্রে পরিণত হয়েছে, যেখানে প্রযুক্তি, অর্থ ও অপরাধ একসঙ্গে মিলে কাজ করে। কেউ তৈরি করে, কেউ ছড়ায়, কেউ বিদেশি মুদ্রা নকল করে। আইন প্রয়োগের দুর্বলতা কতটা ভয়াবহ এতে প্রতীয়মাণ হয়। যারা ধরা পড়ে, তারা আবার জামিনে বেরিয়ে আসে এবং আগের মতোই অপরাধে ফিরে যায়। এ যেন আইনের চোখে ধুলো দিয়ে বারবার একই অপরাধের পুনরাবৃত্তি।
সাধারণ মানুষের উদাসীনতাও এই সমস্যাকে গভীর করে তুলেছে। তাড়াহুড়োয় বা ছোট কেনাকাটায় নোট যাচাই করি না আমরা। এই অভ্যাসহীনতাই চক্রের শক্তি। তারা জানে, মানুষ ব্যস্ত, সময় নিয়ে কেউ নোট দেখবে না। অথচ জলছাপ, নিরাপত্তা সুতা বা রং পরিবর্তনশীল কালি যাচাই করলে অনেক নকল ধরা পড়ে। এটি আত্মরক্ষার অভ্যাস, সময়ের অপচয় নয়।
বাংলাদেশ ব্যাংকের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে নাগরিকদের সতর্ক করছে, তবে এর প্রচার জোরদার করতে হবে। ব্যাংকে জাল নোট শনাক্তকারী মেশিন বাধ্যতামূলক করতে হবে এবং নিয়মিত পরীক্ষা করতে হবে। নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য আধুনিকীকরণ করতে হবে। জাল নোট প্রতিরোধে একটি সমন্বিত সেল গঠন করা উচিত, যেখানে বাংলাদেশ ব্যাংক, র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থা একসঙ্গে কাজ করবে।
তবে মনে রাখা দরকার, শুধু আইন প্রয়োগে এই সমস্যার সমাধান সম্ভব নয়। এটি একটি সামাজিক চ্যালেঞ্জও বটে। মানুষকে সচেতন না করলে, যত অভিযানই চালানো হোক না কেন, জাল টাকা আবার ফিরে আসবে। কারণ বাজারে টিকে থাকার মূল চাবিকাঠি হলো মানুষের আস্থা। যখন মানুষ নিজের হাতে ধরা নোটকেও বিশ্বাস করতে ভয় পায়, তখন অর্থনীতি অচল হয়ে যায়। এই ভয় দূর করা প্রয়োজন এবং তা সম্ভব কেবল নাগরিক সচেতনতার মাধ্যমেই।
অন্যদিকে, ডিজিটাল লেনদেন বাড়ানো এই সমস্যার কার্যকর সমাধান হতে পারে। মোবাইল ব্যাংকিং, অনলাইন ট্রান্সফার বা কার্ড ব্যবহারে জাল টাকার কোনো সুযোগ থাকে না। তাই নগদ অর্থের বদলে ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করা উচিত। এতে শুধু ঝুঁকি কমবে না, অর্থনীতিও হবে আরও স্বচ্ছ ও ট্রেসযোগ্য। যেহেতু জাল টাকা মূলত নগদ লেনদেনের মাধ্যমেই ছড়ায়, সেহেতু নগদ নির্ভরতা কমালে অপরাধচক্রের অস্তিত্বও দুর্বল হবে।
জাল টাকার বিরুদ্ধে লড়াই কেবল আইন প্রয়োগকারী সংস্থার নয়, এটি প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। সন্দেহজনক কোনো নোট পাওয়া গেলে তা নিজের কাছে না রেখে পুলিশকে জানানো উচিত। এমনকি সামাজিক মাধ্যমেও জাল টাকা বিক্রির পেজ দেখলে রিপোর্ট করা জরুরি। কারণ প্রতিটি রিপোর্টই একটি প্রতারণার চক্রকে দুর্বল করে। আমরা যদি ভাবি “আমি না করলে অন্য কেউ করবে”, তাহলে এই সমস্যা কখনোই শেষ হবে না।
অর্থনীতির দৃষ্টিতে জাল টাকা এক ধরনের পরজীবী। এটি রাষ্ট্রের মুদ্রা ব্যবস্থায় প্রবেশ করে ধীরে ধীরে রক্তশূন্য করে দেয়। বাজারে যখন জাল টাকার পরিমাণ বাড়ে, তখন আসল টাকার মূল্য কমে যায়। এতে বাজারে মুদ্রাস্ফীতি বাড়ে, উৎপাদন খরচ বেড়ে যায়, বিনিয়োগকারীরা আতঙ্কিত হয় এবং অর্থনীতি স্থবির হয়ে পড়ে। ফলে শেষপর্যন্ত ক্ষতি হয় গোটা জাতির। এই ক্ষতি শুধু টাকার নয়, এটি আস্থারও ক্ষয়।
তবুও আশার কথা এই যে, এখন সমাজে সচেতনতা বাড়ছে। তরুণ প্রজন্ম ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হচ্ছে। ব্যাংকগুলো প্রযুক্তি ব্যবহার করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। এই ইতিবাচক পরিবর্তনগুলোর ধারাবাহিকতা বজায় রাখলে জাল টাকা প্রতিরোধ করা সম্ভব। তবে শর্ত একটাই, এই সচেতনতা ও তৎপরতা যেন শুধু কাগজে না থাকে বরং বাস্তবে প্রয়োগ হয়।
জাল টাকা শুধু অপরাধ নয়, এটি বিশ্বাসের ওপর আঘাত। একজন শ্রমিক সারাদিন পরিশ্রম করে যে টাকা হাতে পায়, ওই টাকাই যদি নকল হয়, তবে সেটি কেবল প্রতারণা নয়, এটি সমাজের প্রতি অন্যায়। তাই আমাদের সবারই দায়িত্ব জাল টাকার এই নীরব ঘাতককে প্রতিহত করা। সচেতন নাগরিক, শক্ত আইন, আধুনিক প্রযুক্তি এবং নৈতিক দায়িত্ববোধ একসঙ্গে কাজ করলে এই বিপদ রোধ করা সম্ভব। অর্থনীতির শিকড়কে রক্ষার এ লড়াই এখন সময়ের দাবি। সুতরাং বলা যায়, জাল টাকা নির্মূল করা মানে কেবল অর্থ সুরক্ষা নয়, বিশ্বাস, পরিশ্রম ও ন্যায়বোধকে টিকিয়ে রাখা।