২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে আত্মহত‌্যাকারী সাবেক সেনার বাড়িতে রাহুল-কেজরিওয়াল

পেনশন বঞ্চনার অভিযোগ তুলে সাবেক এক সেনা সদস‌্য আত্মহত‌্যা করার পর সরগরম হয়ে উঠেছে ভারতের রাজনীতি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 05:55 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

রাম কিষেণ গ্রেবাল নামের ওই সাবেক সুবেদারের শেষকৃত্যে অংশ নিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো জ্যেষ্ঠ রাজনৈতিক নেতারা বৃহস্পতিবার হরিয়ানায় ছুটে গেছেন।

এনডিটিভি জানিয়েছে, কংগ্রেস নেতা কমল নাথ এবং পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়ানও ছিলেন রাম কিষেণের বাড়িতে শেষকৃত্যের মিছিলে।

ভারতের বাংলা দৈনিক আনন্দবাজার লিখেছে, ‘বিরোধী রাজনীতির রথী-মহারথীরা’ হরিয়ানার হাওয়া গরম করে তোলায় ক্ষমতাসীন বিজেপির ‘রক্তচাপ বাড়ছে’।

অবশ‌্য আত্মহত্যার মতো শোকাবহ ঘটনাকে রাজনৈতিক মই হিসেবে ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেছে ভারতের বিরোধীদলগুলো।

তাদের ভাষ‌্য, সেনাবাহিনীর এক অভিজ্ঞ সাবেক সদস‌্যের প্রতি সম্মান জানাতে এবং সেনাবাহিনীর পেনশন বাড়ানোর মত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে নেতারা হরিয়ানার ভিওয়ানিতে বামলা গ্রামে গেছেন।

গত মঙ্গলবার দিল্লির কেন্দ্রস্থলে এক সরকারি বাসায় বিষ পান করেন সুবেদার গ্রেবাল। ওই অবস্থায় নিজের ছেলেকে ফোন করে তিনি বলে যান, “আমার জওয়ানদের জন্য ও আমার দেশের জন্য আমি নিজেকে উৎসর্গ করলাম।” এর কয়েক ঘণ্টা পর হাসপাতালে তার মৃত্যু হয়।

তার শব বহনকারীদের মধ্যে ছিলেন কংগ্রেস নেতা রনদ্বীপ সিং সূর্যওয়ালা। হরিয়ানা রাজ‌্যে বিজেপি সরকারের মন্ত্রী কৃষাণ লাল পানওয়ার এবং বিজেপির পার্লামেন্ট সদস্য ধরমবীরও সেখানে উপস্থিত ছিলেন।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা রাম কিষেণ গ্রেবালের পেনশন মঞ্জুর করলেও যে ব্যাংকের মাধ্যমে তার পেনশন পাওয়ার কথা, তাদের ব‌্যর্থতায় পুরো অর্থ ছাড় হতে দেরি হয়েছে।

সাবেক এই সেনা সদস‌্যের মৃত্যুতে কেউ ইন্ধন যুগিয়েছে কিনা- তা তদন্ত করে দেখা হবে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

বুধবার দিল্লিতে গ্রেবাল পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীকে দুইবার আটক করে পুলিশ। আর সুবেদার গ্রেভালের ছেলে যশবন্ত গ্রেবাল অভিযোগ করেন, পুলিশ তাকে মারধর করেছে। 

যে হাসপাতালে গ্রেবালের লাশ রাখা হয়েছিল, সেখান থেকে মৃতের আত্মীয়-স্বজনকে ‘সরকারের বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি অভিযোগে থানায় নিয়ে যায় পুলিশ। তাদের মধ্যে যশবন্তও ছিলেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তার ডেপুটি মনিষ সিসোদিয়া মঙ্গলবার সন্ধ্যায় সুবেদার গ্রেবালের স্বজনদের সঙ্গে দেখা করতে গেলে পুলিশ তাদেরও বাধা দেয়।

ভারতের বিরোধী দলগুলো বলছে, সুবেদার গ্রেবালের আত্মহত্যার মধ‌্য দিয়ে প্রমাণ হয়েছে যে, ‘ওয়ান র‌্যাংক ওয়ান পেনশন’ বা ওআরওপি স্কিম চালু করতে নরেন্দ্র মোদীর সরকার ব্যর্থ হয়েছে।

এই স্কিমের মাধ্যমে একই র‌্যাঙ্কের সব সেনা সদস‌্যের সমান পেনশন পাওয়ার কথা। সরকার ওই ব‌্যবস্থা চালুর ঘোষণা দিলেও সাবেক অনেক সেনা সদস‌্যের অভিযোগ, তারা এর সুফল পাচ্ছেন না।

কেজরিওয়াল সরাসরি অভিযোগ করেছেন, ওআরওপি চালু করা নিয়ে ‘মিথ্যা কথা বলেছেন’ মোদী। পুলিশের বাধা দেওয়া নিয়েও অসন্তোষ জানিয়েছেন তিনি।

“পুলিশের আচরণে এটা প্রমাণ হয়েছে, আমরা অঘোষিত একটি জরুরি অবস্থার মধ্যে বসবাস করছি।”

অন‌্যদিকে রাহুল গান্ধি বলেছেন, সুবেদার গ্রেবালের পরিবারের কাছে সরকারকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।