২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনিয়া-রাহুলের আদালতে হাজিরা ১৯ ডিসেম্বর

ভারতের কংগ্রেসের ফাঁড়া আপাতত কেটেছে। ‘ন্যাশনাল হেরাল্ড’ মামলা নিয়ে পাতিয়ালা হাউজ কোর্টে শুনানি হয়নি মঙ্গলবার। পরবর্তী শুনানি হবে ১৯ ডিসেম্বর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 07:38 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

মঙ্গলবারেই এ  মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধীকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট।

কিন্তু গান্ধীদের আইনজীবী আদালতে আবেদন করেন, পূর্ব নির্ধারিত কয়েকটি কাজ থাকায় এদিন তাদেরকে শুনানি থেকে অব্যাহতি দেওয়া হোক। সেই আবেদনেই সাড়া দেন বিচারপতি।

তবে পরবর্তী শুনানির দিন অর্থাত্, ১৯ ডিসেম্বর দু’জনকে অবশ্যই হাজিরা দিতে হবে বলে আদালত জানিয়ে দিয়েছে|  কংগ্রেস নেতা মনু সিঙ্ঘভিও বলেছেন, বিচারপতিকে তিনি বলেছেন, “সব অভিযুক্তই আদালতে হাজির হতে রাজি| ১৯ ডিসেম্বর বিকেল ৩টায় অভিযুক্তেরা আদালতে হাজির হবে|”

এর আগে নিম্ন আদালতে হাজিরা দিতে সমন জারি না হওয়ার জন্য সোনিয়া-রাহুলের করা আবেদন দিল্লি হাইকোর্ট সোমবার খারিজ করে দেয়।  এর বিরুদ্ধে তারা জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টে  আবেদন করতে পারেন বলে জানানো হয়েছিল।

কিন্তু মঙ্গলবার শুনানি না হওয়ায় সুপ্রিম কোর্টে আপিল করার জন্য বেশ খানিকটা সময় পেলেন সোনিয়া-রাহুল। কংগ্রেস নেতা মনু সিঙ্ঘভি বলছেন, এ মামলায় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

রাজনৈতিক প্রতিহিংসার বশেই এটি করা হচ্ছে কিনা- সোনিয়াকে এ প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে বলেছেন, “বিচারের ভার আপনাদের ওপরই ছেড়ে দিচ্ছি। আমি ইন্দিরা গান্ধীর পুত্রবধূ। কোনও কিছুতেই ভয় পাই না।”

ন্যাশনাল হেরাল্ড অধিগ্রহণকে কেন্দ্র করে সোনিয়া ও রাহুল ছাড়াও কংগ্রেসের দুই শীর্ষ নেতাসহ প্রয়াত রাজীব গান্ধীর এক বন্ধুর বিরুদ্ধে মামলা করেছিলেন তামিল নাড়ুর রাজনীতিবীদ এবং ক্ষমতাসীন  বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী।

সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ, তারা দলীয় তহবিল তছরূপ করে জহরলাল নেহরুর প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড নামের ওই ইংরেজি পত্রিকাটির সম্পত্তি কিনে মুনাফা করেছেন ও আয়কর আইন ভেঙেছেন।

যদিও মা-ছেলে উভয়ই দলীয় তহবিল কেলেঙ্কারি এবং কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।

কংগ্রেস পার্টি বলছে, ক্ষমতাসীন দলের এক নেতা তাদের নেতাদের ‘হেনেস্তা’ করছেন। এর প্রতিবাদে পার্লামেন্টের উভয় কক্ষে সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছে দলটি।

যদিও ভারত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই মামলায় তাদের কোনো ভূমিকা নেই এবং কংগ্রেস আদালতের সিদ্ধান্ত ও রাজনীতিকে একসঙ্গে  গুলিয়ে ফেলছে।

ইউনিয়ন বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামান বলেন, “তিনি ইন্দিরা গান্ধীর পুত্রবধূ সেটি কে না জানে? আমরা শুধু চাই, যদি আদালত প্রয়োজন মনে করে তবে তিনি যেন সেখানে হাজির হন এবং যদি (নিজের পক্ষের) কোনো প্রমাণ  তার কাছে থেকে থাকে তবে তা নিয়ে আদালতে কথা বলুন। কোনো আইন লঙ্ঘন করেননি তা তিনি প্রমাণ করুন। কেনো তিনি আদালতকে ভয় পাচ্ছেন?”

১৯৩৮ সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরু ন্যাশনাল হেরাল্ড পত্রিকার কার্যক্রম শুরু করেন। নেহরু রাহুলের প্রপিতামহ। 

ন্যাশনাল হেরাল্ড মামলায় সুব্রামানিয়ামের অভিযোগ, সোনিয়া ও রাহুল করমুক্ত অর্থ থেকে ‍ঋণ হিসেবে ন্যাশনাল হেরাল্ডকে ৯০ কোটি রুপি দেন।

এছাড়া, কংগ্রেস নেতারা বেআইনীভাবে মাত্র ৫০ লাখ রুপিতে দিল্লিতে অবস্থিত ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সম্পত্তি কিনে নেয়। সুব্রামানিয়ামের অভিযোগ, ওই সম্পত্তির মূল্য কয়েক হাজার কোটি রুপি ছিল।

কয়েক দশক ধরে অব্যবস্থাপনা ও ক্ষতির মধ্যে থাকায় ২০০৮ সালে ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছিল।