সংবাদে সততায় অবিচল ১৮
“আমরা কখনও বিজয়ী হয়েছি, কখনও হেরেছি। কিন্তু মাথা নত করিনি, উঠে দাঁড়িয়েছি,” বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক।
আঠারো বছরের পথচলা; আনন্দ-বেদনায় যেমন কেটেছে দীর্ঘ এ সময়, তেমন বাধাও এসেছে ‘প্রভাবশালীদের’ দিক থেকে। বাংলাদেশের সংবাদ সেবাকে ডিজিটাল যুগে নেওয়ার কাণ্ডারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দমে যায়নি, দৃঢ় আর অটুট থেকেছে ‘সবার আগে নির্ভুল খবর’ দেওয়ার কাজে।
বুধবার সাবেক-বর্তমান সহকর্মীদের নিয়ে ঘরোয়া আয়োজনে অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আয়োজনে প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীও স্মরণ করলেন অম্লমধুর সময়ের কথা। বললেন, ‘অত্যন্ত খারাপ সময়ে সবচেয়ে ভালো সাংবাদিকতাটা’ করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
নানা টালমাটাল সময়ের মধ্যে ‘সবার আগে নির্ভুল খবর’ পরিবেশন করে আসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবার ‘জিরো স্পিন...এইটিন ইয়ার্স অন’ স্লোগান নিয়ে। দীর্ঘ এ সময় সংবাদ প্রচার আর প্রকাশে সততায় অবিচল ছিল বাংলাদেশে অনলাইন সাংবাদিকতায় অনেক নতুনের জন্ম দেওয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এই পথচলার দিনগুলোর কথা স্মরণ করে প্রধান সম্পাদক তৌফিক খালিদী বলছেন, "১৮ বছরের পথচলা খুব সহজ ছিল না। এর মধ্যে সমস্যা ছিল, ঝামেলা ছিল, যন্ত্রণা ছিল। অন্যায়-অবিচার ছিল। আনন্দ ছিল, উদ্দীপনা ছিল এবং চ্যালেঞ্জ ছিল।
“আমরা কখনও বিজয়ী হয়েছি, কখনও হেরেছি। কিন্তু মাথা নত করিনি, উঠে দাঁড়িয়েছি। আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। আমরা অনেক শত্রু যেমন তৈরি করেছি, প্রচুর বন্ধু তৈরি করেছি।”
সেই ‘বন্ধুর সংখ্যা শত্রুদের চেয়েও অনেক বেশি’ হওয়ার কারণেই অন্যায়-অবিচার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মোকাবেলা করতে পেরেছে বলে মনে করছেন প্রধান সম্পাদক।
তিনি বলেন, “আমাদের মূল শক্তিটাই ছিল, অত্যন্ত খারাপ সময়ে আমরা সবচেয়ে ভালো কাজ করেছি। সাংবাদিকতার বিষয়টাই এরকম, অনেক কষ্টের মধ্যে — অনেক অন্যায়-অবিচারের মধ্যে আমরা সবচেয়ে ভালোটা দিতে পেরেছি।”
বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার সূচনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাত ধরে; ২৪ ঘণ্টা সচল বার্তা কক্ষ চালুর দৃষ্টান্তও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেরই; মোবাইল ফোনে বাংলায় এসএমএস, সেটাও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমেই প্রথম পড়েছে বাংলাদেশের মানুষ।
শিশুদের জন্য প্রথম বাংলা ভাষার ওয়েবসাইট কিংবা শিশু সাংবাদিকদের প্রথম ওয়েবসাইট, সেটিও এসেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেরই হাত ধরেই।
বাংলাদেশের সাংবাদিকতায় এমন অনেক নতুনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ১৮ বছর পার করেছে বুধবার। গত কয়েক বছরের মতো এবারও সাবেক-বর্তমান সহকর্মীদের নিয়ে রাজধানীর মহাখালীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে ছিল অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকীর ঘরোয়া আয়োজন।
২০০৬ সালের ২৩ অক্টোবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পথচলার শুরু। তবে প্রতিষ্ঠান হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল এর এক বছর আগে ২০০৫ সালে। তখন অবশ্য অন্যান্য বার্তা সংস্থার মত ‘বিডিনিউজ’ সংবাদমাধ্যমগুলোর জন্য খবর সরবরাহ করত। দেশের অন্য সংবাদ সংস্থাগুলো টেলিপ্রিন্টারে খবর সরবরাহ করলেও বিডিনিউজ কাজটি শুরু করে ইন্টারনেটের মাধ্যমে।
২০০৬ সালে বার্তা সংস্থাটির মালিকানা ও ব্যবস্থাপনা বদলের পর এটি খোল-নলচে বদলে যায়। সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সংবাদমাধ্যমকে দেশের প্রথম ডটকম কোম্পানিতে রূপ দেয়। ২৩ অক্টোবর পথ যাত্রা শুরু হয় নতুন আঙ্গিকে।
এই দিনটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকীই শুধু নয়, বাংলাদেশে ইন্টারনেট সংবাদপত্রেরও যাত্রা শুরুর দিন, বাংলাদেশে কোনো বার্তা কক্ষের ২৪ ঘণ্টা সচল থাকারও সূচনা লগ্ন।
‘সবার আগে নির্ভুল খবর’ দেওয়ার মন্ত্র নিয়ে ১৮ বছর পথ চলছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এই পথচলায় ‘গল্প-গুজবভিত্তিক’ প্রতিবেদনের বিপরীতে সঠিক সূত্রের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন ধারা তৈরিতে প্রতিষ্ঠানের ভূমিকার কথা স্মরণ করেছেন প্রধান সম্পাদক তৌফিক খালিদী।
তিনি বলেন, “আমার মনে হয় যে, গত ১৮ বছরে আমাদের যে ইতিহাস, সেটা বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, বিভিন্ন কারণে। এটা আমাদের সহকর্মীরা বিভিন্ন সময় বলেছেন।
“বাংলাদেশের সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা, গভীরভাবে ঢুকিয়ে দেওয়ার কাজটা আমরা করতে পেরেছি। চাইলেই এখন কেউ গল্প-গুজবভিত্তিক প্রতিবেদন করতে পারে না। এক সময় বাংলাদেশে রাজনৈতিক প্রতিবেদন মানেই ছিল, যাচ্ছেতাই গল্প। আমরা যখন সূত্র উল্লেখ করে লেখা শুরু করলাম, সেটা (গল্প-গুজবভিত্তিক প্রতিবেদন) রিপোর্টারদের জন্য কঠিন হয়ে গেছে, যা ইচ্ছা লিখে ছেপে দেওয়া (বন্ধ হয়ে গেছে)।”
‘সবার আগে নির্ভুল খবর’-এই মন্ত্র দিয়ে সংবাদ পরিবেশন শুরুর পর দ্রুতই পাঠকের মনোযোগ কাড়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এখনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পাতায় প্রায় কোটি ‘লাইক’ পাঠকের সেই আস্থারই পরিচয় দেয়।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সাবেক-বর্তমান সহকর্মীদের কথায় ঘুরে-ফিরে এসেছে পাঁচ বছর ধরে চলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘হয়রানিমূলক’ মামলা এবং সম্প্রতি সেই মামলা থেকে অব্যাহতি পাওয়ার প্রসঙ্গ।
ক্ষমতার পটপরিবর্তনের পর সম্প্রতি প্রধান সম্পাদক তৌফিক খালিদীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার হয়। তার বিরুদ্ধে ‘অসাধু উপায়ে’ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ এনেছিল দুদক।
সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতার লড়াইয়ের পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করে যাওয়ার কথা স্মরণ করে তৌফিক ইমরোজ খালিদী বলেন, “সংবাদ প্রকাশের ক্ষেত্রে বোধহয় উল্লেখযোগ্য একটা লড়াই আমরা করেছি। মাথানত করবার মত অবস্থা আমরা হতে দেইনি; আমরা মাথা নত করিনি।
“অনেক কঠিন পরিস্থিতির মধ্যদিয়ে আমরা গেছি। শেষ পর্যন্ত মাথা নত করিনি। আমার ধারণা, আমরা শেষ বিচারে বিজয়ী হয়েছি এবং আগামী দিনগুলোতেও আমরা টিকে থাকব মাথা উঁচু করেই। আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।”
‘রাজনীতিক-দুর্বৃত্ত ব্যবসায়ীরা’ পেছনে লাগলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মাথা উঁচু করে চলার কথা তুলে ধরে প্রধান সম্পাদক বলেন, “চেষ্টা হয়েছে, চরম অন্যায় করা হয়েছে, মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। দুর্বৃত্ত ব্যবসায়ীরা আমাদের বিরুদ্ধে লেগেছেন, রাজনৈতিক নেতারা আমাদের বিরুদ্ধে লেগেছেন।
“ক্ষমতাসীন গোষ্ঠী আমাদের বিরুদ্ধে লেগেছেন, আমাদের ক্ষতি করবার চেষ্টা করেছেন। অর্থনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা করেছেন। সাংবাদিকদের হুমকি দিয়েছে, হয়রানি করেছে। আমাকে ব্যক্তিগতভাবে হয়রানি করা হয়েছে। কিন্তু আমরা সবাই মিলে লড়াইটা চালিয়ে গেছি।”
আঠারো বছরে এই সময়ে নতুন নেতৃত্বের হাতে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব অর্পণের ভাবনার কথা বলেছেন প্রধান সম্পাদক তৌফিক খালিদী।
“আমাদের ১০ বছর পূর্তি অনুষ্ঠানে আমি বলেছিলাম, টানা ১০ বছর বাংলাদেশের সবচেয়ে পঠিত সংবাদ প্রকাশনা প্রতিষ্ঠানের দায়িত্বে আমি ছিলাম। তখন পর্যন্ত আমরা কোনো রকম বিতর্ক ছাড়া বাংলাদেশের সবচেয়ে বেশি পঠিত সংবাদমাধ্যম ছিলাম।
“আমি বলেছিলাম, আমার সরে দাঁড়ানো উচিত। গত আট বছরে সেই পরিবেশ আমরা তৈরি করতে পারিনি, আমি পারিনি।”
তৌফিক খালিদী বলেন, “তরুণদের হাতে আমি দায়িত্ব দিতে চেয়েছিলাম। আমি আশা করব, খুব দ্রুত তরুণ কেউ দায়িত্ব নেবে। আমাদের অনেক সহকর্মী আছেন, যারা অত্যন্ত যোগ্য, অত্যন্ত দক্ষ, কর্মঠ।
“তারা জীবন উৎসর্গ করেছেন ভালো সাংবাদিকতা করার জন্য। আমি বিশ্বাস করি, তারা নেতৃত্ব দিতে পারবে। আর তরুণদের সংখ্যা দিন দিন বাড়ছে। গত দুই বছরে অনেক তরুণ সহকর্মী যোগ দিয়েছেন। তারা ভালো কাজ করছেন। আমি বিশ্বাস করি, এখন যারা তৈরি হয়েছে বা হচ্ছে, তারা আগামী ১৮ বছর এটা পরিচালনা করবে। এটা আমার ব্যক্তিগত ইচ্ছা।”
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠার লড়াইয়ের পাশাপাশি হয়রানির বিপরীতে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা অনুষ্ঠানে স্মরণ করেছেন সাবেক-বর্তমান সহকর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাবেক কর্মী সুলাইমান নিলয় বলেন, “মুক্তিযু্দ্ধ পরবর্তী সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গল্প লিখতে হলে এই ১৮ বছর ধরে সাংবাদিকতার বস্তুনিষ্ঠতার গল্প লিখতে হবে। বিডিনিউজের গল্প লিখতে হবে।
“এটা নিয়ে আগামিতে একটা পিএইচডি গবেষণা হতে পারে।”
বিগত কয়েক বছর ধরে সংবাদমাধ্যমের ‘স্বাধীনতার লড়াইয়ের গল্পেও’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সংগ্রাম নিয়ে আরেকটা গবেষণা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
তার ভাষায়, “সংবাদমাধ্যমের লড়াইয়ের এই গল্প নিয়েও একটা গবেষণা হতে পারে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিডিনিউজ সম্পাদক তৌফিক ভাই কতটা আপোষহীন থেকেছেন, আমি কিছুটা দেখেছি। এই গল্পটা নতুন প্রজন্মের জন্য রেখে যাওয়া উচিত।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উপপ্রধান প্রতিবেদক মঈনুল হক চৌধুরী বলেন, প্রতিষ্ঠানে সংবাদকর্মী হিসেবে কাজ করতে গিয়ে সমস্যার মুখে না পরেও ‘শেখা’ গেছে অনেক কিছু। কিন্তু বাইরের চাপ মোকাবেলা করতে হয়েছে।
“আমাদেরকে হয়তো নানা রকম সংকটের মধ্যদিয়ে যেতে হয়েছে। তবে আশা করি সামনে সেটি কাটিয়ে উঠতে পারব। বিশেষ করে আমাদের আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারব বলে প্রত্যাশা করি।”
সাবেক-বর্তমান সহকর্মীদের কথায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৮ বছরের পথচলা যে বাংলাদেশের অনলাইন সংবাদপত্রেরও একই সময়ের যাত্রা তা স্মরণ করেন সাবেক কর্মী মুনীরুল ইসলাম।
তিনি বলেন, “আজকে আমি এখানে এসেছি বিডিনিউজে কাজ করেছি বলে, এমন নয়। আমি এই ১৮ বছরকে দেখছি আসলে বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার ১৮ বছর হিসেবে।
“কারণ বিডিনিউজের মাধ্যমেই বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার পথচলা শুরু হয়েছিল। তাই আজকের দিনটা শুধুমাত্র বিডিনিউজের জন্য নয়, এটা সামগ্রিকভাবেই বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার জন্য একটা বিশেষ দিন।”
সাবেক কর্মী মুজতবা হাকিম প্লেটোর নজর আটকেছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী ‘জিরো স্পিন’ স্লোগানে; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যাত্রাপথের সঙ্গে মেলবন্ধন পাওয়ার কথা বলছেন তিনি।
এই সংবাদকর্মী বলেন, “জিরো স্পিন অসাধারণ একটি স্লোগান। ইউনিক। সবাই স্পিন করেছে, বিডিনিউজ তার জায়গায় ধীর থেকেছে; ঝড়ঝাপটার কাছে নত হয়নি।”
বিডিনিউজ টোয়েন্টিফোরের বার্তা সম্পাদক রুহুল আমিন রানা বলেন, এক সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে রিপোর্টিংয়ে কাজ করেছেন তিনি, এখন আছেন সম্পাদনায়। নতুন করেও এসেও আগের মত শিখছেন।
“দ্বিতীয়বার বিডিনিউজে আসার পর সাংবাদিকতায় অনেক কিছু নতুন করে শিখছি। এই পালাবদলের মধ্যেও বিডিনিউজ তার অবস্থান ধরে রেখেছে। তার একজন কর্মী হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোরের স্পেশাল অ্যাসাইনমেন্টস এডিটর রাজীব নূর বললেন, “বিডিনিউজ প্রাপ্তবয়স্ক হয়েছে, বাংলাদেশের অনলাইন সাংবাদিকতা প্রাপ্তবয়স্ক হয়েছে।
“বিডিনিউজ যখন বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা শুরু করেছে, তখন আমরা ভীষণ আগ্রহ নিয়ে বোঝার চেষ্টা করতাম। দু’বছর হল আমি এখানে কাজ করছি। বিডিনিউজের চেয়ে ভালো কর্মপরিবেশ আমি পাইনি, আমি এটা সত্যিকার অর্থেই বলছি।”
১৮ বছর ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে থাকা হেড অব নিউজ ফটোগ্রাফি মুস্তাফিজ মামুন বললেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ‘ভালো লাগে বলেই এত বছর এখানে কাজ করতে’ পারছেন তিনি।
মাল্টিমিডিয়া বিভাগের সাবেককর্মী আফরিন মিম বলেন, “বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আমার কাছে একটি শিক্ষা প্রতিষ্ঠান, কারণ এটি আমার প্রথম কর্মস্থল; মূলত হাতেখড়িটা এখানেই।
“যার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবহারিক প্রয়োগটা এখানেই হয়েছে। এখান থেকে শেখা সাংবাদিকতার প্রতিটা বিষয় বর্তমান কর্মস্থলে কাজে লাগছে। সারাজীবন এটাকেই ধারণ করতে চাই।”
