ঝালকাঠীতে আইনজীবীর অফিসে 'বোমার মতো বস্তু'
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবীর অফিস কক্ষ থেকে পাঁচটি ‘ককটেলসদৃশ বস্তু’ উদ্ধার করা হয়েছে।
তবে সেগুলো বিস্ফোরক কি না- তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
ঝালকাঠী সদর থানার ওসি আব্দুল মান্নান জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা শহরের রোনাস রোডে ঝালকাঠী জেলা ও দায়রা জজ আদালতের সরকার পক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল মান্নান রুসুলের চেম্বারে ‘ককটেলসদৃশ বস্তুগুলো’ পাওয়া যায়।
ওসি বলেন, “সেগুলো থানায় রাখা হয়েছে। পরীক্ষা করে দেখার জন্য র্যাবের বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।”
মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অফিসের ভেতরে টেবিলের ওপর একটি এবং টেবিলের নিচে চারটি বোমার মতো বস্তু দেখে তিনি পুলিশে খবর দেন।
তিনি জানান, ওই কক্ষের দরজা বন্ধ থাকলেও একটি জালানা খোলা ছিল।
