কল্যাণ-রাখির ‘অন্য মন’
ইমদাদুল হক মিলনের রচনা ও শাহ আলম মোস্তাগীরের পরিচালনায় টেলিফিল্ম ‘অন্য মন’ এ পত্রমিতা হিসেবে অভিনয় করেছেন কল্যাণ ও রাখি। এতে আরো অভিনয় করেছেন সাবেরী আলম, আল মামুন প্রমুখ।
এ প্রসঙ্গে রাখি বলেন, ‘টেলিফিল্মের গল্পে দেখা যাবে, তিন বছর পর যুক্তরাষ্ট্র থেকে লেখাপড়া শেষ করে দেশে ফেরে বর্ণা। যুক্তরাষ্ট্র যাওয়ার আগে মুন্না নামের এক ছেলের সঙ্গে তার বাগদান হয়। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর দেশের এক ছেলের সঙ্গে পত্রমিতালি হয় তার। যেদিন দেশে ফেরার কথা তার তিন দিন আগে দেশে চলে আসে বর্ণা। ওই তিন দিন সেই পত্রমিতার সঙ্গে থাকে সে। খবরটা তার পরিবার জেনে যায়। শুরু হয় সংকট।’
রাখি আরো বলেন, ‘ওই টেলিফিল্মে আমি বর্ণার চরিত্রে অভিনয় করেছি। আমার এবং কল্যাণের যে রসায়ন উপস্থাপিত হয়েছে দর্শক তা উপভোগ করবেন বলেই আশা করছি।’
২৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাত আটটায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।
