নাসিরুদ্দিন হোজ্জার গল্প
লোকটাকে কেউ ডাকে মোল্লা সাহেব। কেউ ডাকে হোজ্জা। আবার কেউ কেউ বলে মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা। তবে এই লোকটি সম্পর্কে যিনি ব্যাপক রিসার্চ করেছেন, সেই প্রফেসর মিকাইল বায়ারাম জানান, এই মানুষটির পূর্ণ নাম নাসির উদ্দীন মাহমুদ আল খায়ি। জন্ম ত্রয়োদশ শতাব্দীতে তুরস্কে। এদিকে ইরান, উজবেকিস্তান, আজারবাইজান আর আফগানিস্তানের মানুষও দাবি করে যে, হোজ্জা তাদেরই দেশের লোক। বিভিন্ন দেশ হোজ্জাকে তাদের লোক বলে দাবি করলেও শুধুমাত্র তুরস্কের আকসেইর শহরেই প্রতিবছর জুলাইয়ের ৫ থেকে ১০ তারিখ পর্যন্ত ‘আন্তর্জাতিক নাসির উদ্দীন হোজ্জা উৎসব’ পালন করা হয়ে থাকে।
হোজ্জা মানুষটা ছোটখাটো, বেঁটে। মাথায় পরে পাগড়ি আর গায়ে চড়ায় জোব্বা। সার্বক্ষণিক সঙ্গী একটা গাধা। হোজ্জাকে নিয়ে হাজারেরও বেশি গল্প চালু আছে। কোনো গল্পে তাকে মনে হয় খুব বুদ্ধিমান একজন মানুষ। আবার কোনো গল্পে তার আচরণ একেবারেই বোকার মতো হয়। তবে তিনি পরিচিত তার সূক্ষ্ম রসবোধের কারণে। তার নানাকথা আমাদের যেমন হাসায়, তেমনি ভাবায়ও বটে।
যাই হোক, হোজ্জা নিয়ে অনেক কথাই হল। এই বিখ্যাত মানুষটির বিভিন্ন মজার ঘটনা তোমাদের জানানোর জন্যই আজ বসা। চলো, আর কথা না বাড়িয়ে হোজ্জার গল্পগুলো শুনে আসি।
কেউ কেউ জানি, কেউ কেউ জানি না
বেশ অনেকদিন ধরেই এলাকার লোকজন হোজ্জাকে অনুরোধ জানাচ্ছিল যে তাদের স্কুলে গিয়ে ছাত্রদের উদ্দেশে কিছু জ্ঞানের কথা শোনানোর জন্য। ওদের যন্ত্রণায় থাকতে না পেরে হোজ্জা শেষমেষ ওদের সঙ্গে গেল স্কুলে। তারপর উপস্থিত ছাত্রদের উদ্দেশ্য করে হোজ্জা বলল, “আমি আজ তোমাদের যা বলতে চাই, তা কি তোমরা জানো?”
খুব স্বাভাবিকভাবেই ছাত্ররা জবাব দিল, “না মোল্লা সাহেব, আমরা কেউই জানি না আপনি কী বলবেন।”
হোজ্জা তখন বলল, “জানোই না যখন, তখন আর জেনে কী হবে?”
এই কথা বলে হোজ্জা গটগট করে হেঁটে চলে আসল।
পরের সপ্তাহে স্কুল থেকে আবার কয়েকজন এল হোজ্জাকে নিয়ে যেতে। হোজ্জা আবারও ওদের সামনে গিয়ে বলল, “আমি আজ তোমাদের যা বলতে চাই, তা কি তোমরা জানো?”
এবার কিন্তু ছাত্ররা খুব হুশিয়ার। ওরা সবাই একসঙ্গে বলল, ‘জি মোল্লা সাহেব, আমরা সবাই জানি আপনি কী বলবেন।”
হোজ্জা তখন বলল, “জানোই যখন, তখন আর আমার বলার দরকার কী?”
এই কথা বলে হোজ্জা আবার গটগট করে হেঁটে চলে আসল।
স্কুলের ছাত্ররা তো দমবার পাত্র না। ওরা করল কি, পরের সপ্তাহে আবার হোজ্জাকে ধরে নিয়ে গেল ওদের উদ্দেশে কিছু বলার জন্য। হোজ্জা এবারও ওদের সামনে গিয়ে বলল, “আমি আজ তোমাদের যা বলতে চাই, তা কি তোমরা জানো?”
ছাত্রদের মধ্যে কেউ কেউ বলল, ‘জি মোল্লা সাহেব, জানি।”
আর কেউ কেউ বলল, “না মোল্লা সাহেব জানি না।”
ভাবখানা এমন, এবার বাছাধন কোথায় যাবে? কিন্তু হোজ্জা তো যে সে পাত্র না। হোজ্জা বলল, “তোমাদের মধ্যে যারা জানো-- যারা জানে না, তাদের তা জানিয়ে দাও।” এই কথা বলে আবার হোজ্জা গটগট করে হেটে বাসায় চলে আসল।
জোব্বার ভেতর আমিও ছিলাম
একরাতে হোজ্জার প্রতিবেশী হোজ্জার বাসা থেকে ভারী কিছু পড়ার শব্দ পেল। পরদিন সকালে তাদের দেখা হলে প্রতিবেশী হোজ্জাকে জিজ্ঞাস করলেন, “ভাই সাহেব, গতকাল আপনার বাসা থেকে ভারী কিছু পতনের শব্দ শুনলাম কী হয়েছে?”
হোজ্জা বলল, “আর বলবেন না, কালকে আমার বিবি রাগ করে আমার জোব্বা উপর থেকে নিচে ফেলে দেয়।”
“জোব্বা ফেলে দিলে এত শব্দ হয়!” প্রতিবেশী অবাক।
“আরে ভাই, জোব্বার ভেতর তো আমিও ছিলাম!” হোজ্জার ত্বরিত উত্তর।
