আমাদের সুকুমার বড়ুয়া
বাঙালির দুই সুকুমার। সু অর্থ ভালো বা সুন্দর। কুমার অর্থ পুত্র। তেমনই তারা দুজন। তারা আমাদের সাহিত্যের সুন্দরতম শাখা শিশুসাহিত্যের সুন্দর দুই রাজকুমার।
একজন সুকুমার রায়, অন্যজন সুকুমার বড়ুয়া।
ওরা দুজনই শিশুদের আনন্দময় ও স্বপ্নের জগতে নিয়ে যান ছন্দকথার রেলগাড়িতে চড়িয়ে। তাদের নিয়ে যান কল্পনার পক্ষিরাজের ডানায় বসিয়ে অপরূপ মজার রাজ্যে।
প্রথম সুকুমার— সুকুমার রায় বহুমুখী প্রতিভার অধিকারী। তার জীবনের ব্যাপ্তি ছিল অল্প। মাত্র ৩৬ বছর। তিনি এক হাতে লিখেছিলেন অসাধারণ সব হাসির গল্প, উদ্ভট মজারু ছড়া আর শিশুকবিতা। শুধু তাই নয়, তিনি অনুবাদক, বিজ্ঞান লেখক, সম্পাদক এবং অসাধারণ আঁকিয়েও ছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষাতেও তিনি কম যাননি। ফোটোগ্রাফার হিসেবেও ছিলেন বিখ্যাত।
শুধু তাই নয়, তার বংশে তো লেখকের ছড়াছড়ি! তার বাবা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীকে বলা যায় বাংলা শিশুসাহিত্যের পথিকৃৎ। বোন লীলা রায়
নামী লেখক। পুত্র সত্যজিৎ রায় শুধু লেখকই নন, বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা পরিচালক, যিনি অস্কারও জিতেছিলেন। সত্যজিতের পুত্র সন্দ্বীপ রায়ও চলচ্চিত্রনির্মাতা হিসেবে সুনাম কুড়িয়েছেন।
আর দ্বিতীয় সুকুমার আমাদের ‘সুকুমার বড়ুয়া’। তিনি শুধু ছড়াই লেখেন। আর শুধু ছড়া লিখেই আকাশ ছুঁয়েছেন জনপ্রিয়তায়।
কী এমন ছড়া লেখেন তিনি? তিনি লেখেন জাদুর ছড়া; যে ছড়া পড়ে পাঠক অবাক হয়ে যায়। ছোটরা হেসে গড়িয়ে পড়ে। আর আমরা যারা একটু-আধটু ছড়া লেখার চেষ্টা করি, তারা ভিরমি খাই এই ভেবে যে— এমন ছড়া কি মানুষ লিখতে পারে? কঠিন কঠিন সব সামাজিক প্রসঙ্গও তিনি এমন সহজ করে আনন্দময় ভঙ্গিতে সব বয়সীদের পাঠযোগ্য করে তোলেন, সে এক বিস্ময়!
তার ছড়ার বইয়ের নামগুলোও তাই অদ্ভুত, আর অদ্ভুত সুন্দর। যেমন— ‘পাগলা ঘোড়া’, ‘ভিজে বেড়াল’, ‘ঠুসঠাস’ ইত্যাদি।
অনেক বই তার। সবই ছড়ার বই। তার কয়েকটি ছড়াসমগ্রও বেরিয়েছে— ‘১০০ ছড়া’, ‘১০১ ছড়া’ আর ‘ছড়াসমগ্র’ (দুই খণ্ড) নামে। বেরোবে আরও; কারণ তিনি যে এখনও অদ্ভুত সব ছড়া লিখেই যাচ্ছেন!
তার ছড়ায় শব্দে শব্দে মজা, মিলে মিলে জাদু, লাইনে লাইনে অদ্ভুত সব ভাবনার অর্থময় প্রকাশ। এই যেমন—
“শেয়াল নাকি লোভ করে না
পরের কোনো জিনিশটার;
কী পরিচয় দিল আহা
কী সততা কী নিষ্ঠার ...
তাই তো শেয়াল বনের মাঝে
এডুকেশন মিনিস্টার!”
এ রকম ছড়া যে কত, তার ইয়ত্তা নেই। কে পড়েনি তার সে সব ছড়া—
“ঘরে এসে মেহমান
হাঁটু গেঁড়ে বসে যান
দেখালাম ঝামেলার
যতগুলো দিক আছে...
তিনি হেসে বললেন
ঠিক আছে, ঠিক আছে।
“বৃষ্টিতে মেহমান
চাইলেন ছাতাখান
দেখালাম ছাতাটার
শুধু কটা শিক আছে ...
তিনি হেসে বললেন
ঠিক আছে, ঠিক আছে।”
আর একটি মজার ছড়া বলি তার—
“রাশবিহারি দাশের নাতি
হাসপাতালে বাস করে,
মাস ফুরোলে দেশে গিয়ে
খাশজমিতে চাষ করে,
পাশ করেনি পরীক্ষাতে
পয়সাকড়ি নাশ করে,
হাতের কাছে কাউকে পেলে
চর মেরে দেয় ঠাস করে!”
সুকুমার বড়ুয়া বিচিত্র কষ্টকর পেশা অবলম্বন করে ঘষে ঘষে জীবনকে এগিয়ে নিয়েছেন। শৈশবে মাকে হারান, পরে বাবা নিখোঁজ হয়ে যান। তারপর অন্ধকারে সাঁতরে সাঁতরে জীবনের সৈকতে উঠেছেন। সব মিলিয়ে, প্রাতিষ্ঠানিক লেখাপড়া এগোয়নি এক বিঘতও।
তারপরও তিনি সেরা আপন আলোয়। ছড়াকার হিসেবে সম্মানের ডালি তার সেজেছে নানা পুরস্কারে-সম্মাননায়। পেয়েছেন ‘বাংলা একাডেমি পুরস্কার’, ‘অগ্রণী ব্যাঙ্ক শিশুসাহিত্য পুরস্কার’, ‘শিশু একাডেমি সাহিত্য পুরস্কার’, ‘আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা’, ‘নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার-সহ আরও অনেক।
সুকুমার বড়ুয়ার ৭৭তম জন্মদিনে তার প্রতি প্রাণের ভালোবাসা, অন্তর থেকে শ্রদ্ধা। সেই সঙ্গে কামনা রইল— তিনি আরও অ-নে-ক দিন বাঁচুন। আমাদের শিশুসাহিত্যের আকাশে তিনি আরও বিচিত্র জাদুময় ছড়ার তারাফুল জ্বালাতে থাকুন।
জয়তু সুকুমার বড়ুয়া।
