২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বইকে যারা ভালোবাসে, তাদের দিন

সেই কতকাল আগে মানুষ গুহার দেয়ালে খড়িমাটি দিয়ে ছবি একে গল্প বলেছিল। শিকারের গল্প, যুদ্ধের কাহিনী, পরিবারের কথা। নিজের কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেয়ার ইচ্ছা মানুষের চিরন্তন। সেজন্যই মানুষ লেখনী আবিষ্কার করল; সেকালের মানুষ লিখত কাদামাটির ফলকে, গাছের ছালে, চামড়ার টুকরোয়। কাগজ আবিষ্কার ছিল মানুষের জন্য বিরাট এক পদক্ষেপ, তখনো ছাপার ব্যবস্থা তৈরি হতে ঢের দেরি। বই লেখা হত হাতে। আমাদের পুথি সাহিত্যের কথা তোমরা নিশ্চয়ই জানো, তালপাতায় হাতে লেখা সেসব প্রাচীন বই পাঠ শুনতে দূর দূর থেকে লোক আসত; বইয়ের টান এমনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> তাহসিনা সৈয়দা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 01:44 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

ছাপাখানা চালু হতে যেন পৃথিবীর বুকে নতুন একটা জগতের দরজা খুলে গেলো; পরিষ্কার ছাপা, সুন্দর বাঁধাইয়ের বই সবার হাতে হাতে পৌঁছে যাওয়া সম্ভব হলো। বই ছাপা যত সহজ হয়েছে, বইয়ের প্রতি মানুষের ভালোবাসা ততই বেড়েছে। বইয়ের সাদা পাতার কালো অক্ষরগুলো কেমন বিচিত্র রঙের জাদু ধরে রাখে! পাঠককে হাসায়, কাঁদায়, আশা যোগায়। বই চোখের পলক ফেলতে না ফেলতে তোমাকে ঘুরিয়ে আনতে পারে অজানা দেশে, হারানো সাম্রাজ্যে। বইয়ের পাতার জাদু-কার্পেটে সওয়ার হয়ে দেখে আসা যায় অতীত-ভবিষ্যৎ। তাই বই হচ্ছে একজন মানুষের সবচেয়ে কাছের বন্ধু, সুখ দুঃখের সঙ্গী।

বইয়ের প্রতি মানুষের এই ভালোবাসা প্রকাশ করতে বইপ্রেমীরা বছরের একটি দিনকে নিজেদের করে নিয়েছে, দিনটি হলো অগাস্ট মাসের ৯ তারিখ। প্রতি বছর এই দিনে বইপড়ার আনন্দ ছড়িয়ে দিতে পালিত হয় বুক লাভারস ডে, অর্থাৎ বইপ্রেমীদের দিবস।  

এই দিবসটির কথা হয়তো তোমরা অনেকেই আগে কখনও শুনোনি। না শোনার কারণ এটি হচ্ছে একটি আন অফিসিয়াল হলিডে, যাকে অনেকে ফানি হলিডেও বলে। ধরো তুমি বা তোমাদের বিশেষ একটি বন্ধুর দল একটি নির্দিষ্ট দিনকে কোনো নির্দিষ্ট ঘটনা বা কারণকে স্মরণ করার জন্য বিশেষ দিন ঘোষণা করতে পারো। এই দিনগুলোকে ফানি হলিডে, আন অফিসিয়াল হলিডে বলে। কেউ কেউ এমন অবিশ্বাস্য অদ্ভুত একটা বিষয়কে সামনে দেখে একটা দিন ঘোষণা করে যে এটাকে মাঝে মাঝে উইয়ার্ড বা অদ্ভুত হলিডেও বলে। এটা খুব জরুরী নয় যে, এই দিনটি কোনো ছুটির দিনই হতে হবে। সপ্তাহের যে কোনো দিনই ফানি হলিডে হতে পারে। এরকম ফানি হলিডের একটা উপযুক্ত উদাহরণ হচ্ছে বন্ধু দিবস বা ফ্রেন্ডশিপ ডে। অথবা মা দিবস।

বুক লাভারস ডে বা বইপ্রেমীদের দিবসটির পিছনেও একটি দারুণ উদ্দেশ্য আছে। মানুষকে বইয়ের এই অনন্য সুন্দর দুনিয়াটার সঙ্গে পরিচয় করিয়ে দিতে বইপ্রেমীদের এই ছোট্ট একটি প্রয়াস। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ভীরে হারাতে বসা কাগুজে বইকে মানুষের মাঝে ধরে রাখাও এই দিবসের উদ্দেশ্য।

বই দিবসকে স্মরণীয় করে রাখতে তাহলে আমাদেরও তো বিশেষ কিছু করতেই হয়! চলো আমাদের অন্য বইপাগল বন্ধুদের নিয়ে কস্টিউম পার্টি আয়োজন করে ফেলি, যেখানে সবাই নিজের পছন্দের চরিত্র সেজে আসবে। কল্পনা করো তো,  বসার ঘরে একইসঙ্গে ঘুরে বেড়াচ্ছে হ্যারি পটার, ক্যাটনিস, টিনটিন! সবাই মিলে 'যেমন খুশি তেমন লেখো' উৎসবও করা যায়। অথবা প্রত্যেকে কাগজ-কলম নিয়ে বসে একটা করে গল্প লিখে ফেললেও মন্দ হয় না।  তারপর রঙিন কাগজ দিয়ে বা ছবি একে সুন্দর মলাট করে নাও। এভাবে প্রাচীনকালে মানুষ কীভাবে বই লিখত সে অনুভূতি পেতে পারো।

বুকলাভারস ডে-তে বইয়ের দোকানে ঘুরে আসা তো বাদ দেয়াই যায় না! বিশেষ দিন উপলক্ষ্যে বড়দের কাছে নতুন বই কিনে দেয়ার জন্য দাবি তোলার এই তো সঠিক সময়! তবে শুধু মজা নয়, বইপ্রেমী দিবস অন্যদের জন্য ও রঙিন করে তুলতে পারি আমরা। বাড়িতে যদি দাদু, নানু থাকেন তাদের বয়স হয়ে যাওয়ায় পড়তে কষ্ট হয়। আজ যদি তুমি উনাদের বই পড়ে শোনাও কতই না খুশি হবেন তারা! তোমার ছোট ভাইবোন থাকলে তাদের বইপড়ায় উৎসাহিত করতে মজার বই উপহার দিতে পারো। প্রিয় বই হাতে নিয়ে সাজুগুজু করে একটা ছবি তুলে ফেলতে পারো।

তবে যে কাজটি করলে সকলের জন্য একটি ভালো কাজ হয় তা হচ্ছে, আমাদের আশেপাশেই হয়ত এমন ছেলেমেয়ে আছে যাদের বই কেনার সামর্থ্য নেই, তাদের মাঝে আমাদের পুরানো বইগুলো ভাগ করে দিলে নিজের আনন্দ হাজার গুণ বেড়ে যাবে। বন্ধুরা নিজেদের বই মিলিয়ে পাঠাগার গড়ে তোলা যায় যেখানে সবাই এসে বই পড়তে পারবে। এরকম অনেক কিছুই করতে পারি আমরা যা বুকলাভারস ডে-কে অন্যদিনের থেকে আলাদা করে রাখবে।